আনোয়ারায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে ব্র্যাক
আনোয়ারায় সুবিধাবঞ্চিত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক। নয়টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কাজ করছে সংস্থাটি। চট্টগ্রাম বিভাগের শুধু আনোয়ারাতেই এ কাজ চলছে।ব্র্যাক সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পর নানা কারণে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আর পড়াশোনা চালিয়ে যেতে না পেরে ঝরে পড়ে। আর তা রোধ করে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ব্র্যাক। ব্র্যাক প্রথমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী চিহ্নিত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিযুক্ত টিউটর দিয়ে ছাত্রবন্ধু কর্মসূচির মাধ্যমে এ কাজ করবে।ব্র্যাকের কর্মসূচি সংগঠক রোমেল চাকমা বলেন, ‘আনোয়ারা বালিকা উচ্চবিদ্যালয়, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়, ভক্তিয়াপাড়া চারপীর আউলিয়া উচ্চবিদ্যালয়, পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়, ঝি-বা-শি উচ্চবিদ্যালয়, মাহাতা পাটনীকোঠা উচ্চবিদ্যালয়, পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয়, গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয় ও সিংহরা রামকানাই উচ্চবিদ্যালয়ে ব্র্যাক ছাত্রবন্ধু কর্মসূচির উদ্যোগে উদ্বুদ্ধকরণ শেষ হয়েছে। আমরা সাড়াও পাচ্ছি ভালো। আশা করি, ঝরে পড়া রোধে আমরা সফল হব।’