আনোয়ারায় স্যানিটেশনের বেহাল দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার ভাঙন কবলিত দুই ইউনিয়ন রায়পুর ও জুঁইদণ্ডীর বিভিন্ন গ্রামের লোকজন খোলা পায়খানা ব্যবহার করছে। আর এ কারণে তারা পানিবাহিত নানা রোগে ভোগে। বিশেষ করে রায়পুরের সাপমারা খালের মুখ, দক্ষিণ সরেঙ্গা, উত্তর সরেঙ্গা, পূর্ব গহিরা, ঘাটকূল, জুঁইদণ্ডীর দক্ষিণ জুঁইদণ্ডী, পূর্ব জুঁইদণ্ডী, খুরুস্কুল-গোদারগোড়া এলাকায় এ সমস্যাটা প্রকট। বিভিন্ন স্থানে এমনি দৃশ্য চোখে পড়েছে যে, গোসল, হাঁড়িপাতিল ধোয়ার কাজে ব্যবহূত পুকুরের কিছুটা উচ্চতায় খোলা টয়লেট থাকায় সে টয়লেটেরই ময়লা গিয়ে পড়ছে ওই পুকুরেই। বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ কর্মসূচির ২০১১ সালের জরিপে দেখা যায়, উপজেলার রায়পুরে ছয় হাজার ৭১৩ পরিবারের মধ্যে মাত্র ৪৪ শতাংশ পরিবারে অর্থাত্ দুই হাজার ৯৭৬ পরিবার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে। ৩২ শতাংশ পরিবারে অর্থাত্ দুই হাজার ১২৯ পরিবার অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে। বাকি এক হাজার ৬০৮ পরিবারে অর্থাত্ ২৪ শতাংশ পরিবারের কোনো কোনো পরিবারে নিজস্ব পায়খানা নেই। তারা অন্যের পরিবারে গিয়ে পায়খানা ব্যবহার করে। অপরদিকে, উপকূলীয় অপর ইউনিয়ন জুঁইদণ্ডীর তিন হাজার ৫৬০ পরিবারের মধ্যে ৫৫ শতাংশ পরিবারে অর্থাত্ এক হাজার ৯৭৩ পরিবারে স্বাস্থ্যসম্মত পায়খানা আছে। ২১ শতাংশ পরিবারে (৭৪০ পরিবারে) ব্যবহূত হচ্ছে অস্বাস্থ্যকর পায়খানা। অবশিষ্ট ৮৪৭টি পরিবারে, অর্থাত্ ২৪ শতাংশ পরিবারে টয়লেটের পরিসংখ্যান নেই। জুঁইদণ্ডী পরিবার কল্যাণকেন্দ্রে কর্মরত চিকিত্সক লক্ষ্মীপদ দাশ জানান, এখানে অনেক সময় ডায়রিয়া, টাইফয়েড ও কৃমিজনিত রোগে আক্রান্ত রোগীরা আসে। খোলা পায়খানা ব্যবহার ও দূষিত পানি পানের ফলে এসব সমস্যা দেখা দিতে পারে।এ ব্যাপারে উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুধীর সিংহ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ওখানে আমাদের করার কিছুই নেই, স্যানিটেশনের ব্যাপারে যা করার তা ব্র্যাক ওয়াশ কর্মসূচি করে যাচ্ছে।’