আনোয়ারায় সড়ক যোগাযোগব্যবস্থায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার সার্বিক সড়ক যোগাযোগব্যবস্থায় ধস নেমেছে। সাম্প্রতিক বর্ষায় ছোট-বড় সবকটি সড়কই বলতে গেলে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে করে প্রাণ হাতে নিয়ে ঘর থেকে বের হতে হয় যাত্রী সাধারণকে।সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পিএবি সড়ক (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) বিভিন্ন অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে চাতরী চৌমুহনী বাজার, দৌলতপুর-ফাজিলখার হাট এলাকার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, বেশির ভাগ এলাকায় পিচ উঠে গেছে। আর চাতরী এলাকার কোথাও কোথাও গর্ত এমন বড় হয়েছে যে দেখলে মনে হয় পুকুর। এ কারণে এখানে যানবাহন আটকে গিয়ে বিকল হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের। এ ছাড়া চট্টগ্রাম-আনোয়ারা সড়কের আনোয়ারা হাসপাতাল থেকে উপজেলা সদর পর্যন্ত দুই কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য হলেও কোনো উপায় না দেখায় সীমাহীন ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। একই সঙ্গে আনোয়ারা উপজেলার আনোয়ারা-ছত্তারহাট সড়কে গত দুই মাস ধরে যান চলাচল করছে না। যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এ সড়কে যান চলাচল বন্ধ আছে। উপজেলার বটতলী হজরত শাহ মোহছেন আউলিয়া মাজার ও রুস্তমহাটগামী সড়কটিরও করুণ দশা।জানা গেছে, আনোয়ারা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সম্প্রতি আনোয়ারার ১৭টি সড়কের প্রায় ৪৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। সাম্প্রতিক বর্ষায় এ সড়কগুলো এমন ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের যোগ্যতা হারিয়েছে। এসব সড়কের মধ্যে বরুমচড়া-তৈলারদ্বীপ সড়ক, বরুমচড়া তজমুল আলী সড়ক, শোলকাটা হাজীগাঁও-বটতলী সড়ক, চাতরী-কেয়াগড় সড়ক, ক্যাপ্টেন বখতিয়ার সড়ক ইত্যাদি উল্লেখযোগ্য। তা ছাড়া উপজেলার বরুমচড়া, বৈরাগ, বারশত, রায়পুর, বটতলী, বারখাইন, আনোয়ারা, চাতরী, হাইলধর ও পরৈকোড়া ইউনিয়নের অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব এলাকার অনেক সড়ক দিয়ে যান চলাচল তো দূরের কথা পায়ে হাঁটাও মুশকিল হয়ে পড়ে। তবে, আনোয়ারা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে আবহাওয়া পুরোপুরি ভালো হয়ে গেলে এসব সড়কের সংস্কারে হাত দেওয়া হবে।এদিকে, আনোয়ারার অনেক সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিনিয়ত বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। ফলে যাত্রী সাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পিএবি যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী জানান, আনোয়ারার বিপজ্জনক সড়ক দিয়ে আমাদের গাড়ি চলাচল করে। আশঙ্কায় থাকি কখন কোথায় দুর্ঘটনার শিকার হতে হয়।আনোয়ারা উপজেলা প্রকৌশলী আবদুল হালিম মিয়া সাংবাদিকদের জানান, আনোয়ারায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ১৭টি সড়কে প্রায় ৪৫ কিলোমিটার সড়কের ভগ্নদশা জরিপ করা হয়েছে। শিগগির এগুলোর সংস্কারে হাত দেওয়া হবে।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে জানান, আনোয়ারার বড় বড় সড়কগুলোর অবস্থা বেশ খারাপ, তবে এগুলোর সংস্কারকাজ শুরু হচ্ছে। ধীরে ধীরে সবকটি বড় সড়কের সংস্কারকাজ করা হবে।