আনোয়ারায় সড়ক যোগাযোগে ধস
আনোয়ারার সড়ক যোগাযোগে ধস নেমেছে। উপজেলার প্রধান রুট চট্টগ্রাম-আনোয়ারা সড়ক, চট্টগ্রাম-গহিরা সড়কসহ তিনটি রুট দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। তার ওপর সাম্প্রতিক জলোচ্ছ্বাসে বখতেয়ার সড়কের অবস্থাও নাজুক হয়ে পড়েছে। সব মিলিয়ে আনোয়ারার সড়ক যোগাযোগব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, গত জুন থেকে চার মাস আগে থেকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া চট্টগ্রাম-আনোয়ারা সড়কের ইছামতি খালের বেইলি সেতুটি খুলে ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সড়কের দুই কিলোমিটার অংশ ও তিনটি সেতু দেবে যাওয়ায় ২ অক্টোবর আনোয়ারার সংসদ সদস্য আখতারুজ্জমান চৌধুরী এ সড়কের অবস্থা দেখে সওজকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন। এরপর সওজ ১১ অক্টোবর সকালে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি মেরামতের জন্য খোলার কাজে হাত দেয়। আর তাতে আনোয়ারার সঙ্গে চট্টগ্রাম শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সড়ক দিয়ে শুধু আনোয়ারারই নয়, চন্দনাইশেরও অনেক যাত্রী চট্টগ্রামে যাতায়াত করতেন।এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম ১৯ অক্টোবর প্রথম আলোকে জানান, ‘আনোয়ারার সংসদ সদস্যের নির্দেশে আমরা আপাতত ঝুঁকিপূর্ণ সেতুটি খুলে মেরামতকাজে হাত দিয়েছি। এক সপ্তাহের মধ্যে এটি খুলে দেওয়া হবে। তবে, সেতুটি আগামীদিনে আরও কিছুটা উত্তরে স্থাপনের প্রক্রিয়া চলছে।’এদিকে, পারকি সৈকত এলাকায় বেড়িবাঁধ ধসে যাওয়ায় উপজেলার আরেক গুরুত্বপূর্ণ রুট চট্টগ্রাম-গহিরা সড়কটি দিয়ে এখন যানবাহন চলাচল করছে না। ফলে উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন মাছ ব্যবসায়ী ও যাত্রীরা। এদিকে, আনোয়ারা উপকূল দিয়ে আহরণ করা সাগরের ইলিশ মাছ বিভিন্ন স্থানে পৌঁছানোর একমাত্র সড়ক বখতেয়ার সড়কটির অবস্থাও নাজুক। এ সড়কের ওয়াহেদ আলী হাট থেকে ফকিরহাট-হাড়িয়াপাড়া পর্যন্ত অংশে মালবাহী গাড়ি তো দূরের কথা রিকশা-অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে ব্যবসায়ীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ইস্রাফিল আল-হারুন জানান, বখতেয়ার সড়কের কান্তিরহাট এলাকার রক্ষণাবেক্ষণের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। উপজেলার অন্য সড়কগুলোর নাজুক পরিস্থিতির কথাও তিনি স্বীকার করেন।এদিকে, উপজেলার আনোয়ারা-ছত্তারহাট রুট, বটতলী শাহ মোহছেন আউলিয়া হয়ে জুঁইদণ্ডী রুটসমূহের অবস্থাও খারাপ। ফলে পুরো উপজেলার সড়ক যোগাযোগে ধস নেমেছে।শুধু পিএবি সড়কটি ভালো অবস্থায় আছে। এ সড়ক দিয়ে আনোয়ারা ছাড়াও বাঁশখালীর যানবাহন চলাচল করে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, সামপ্রতিক জলোচ্ছ্বাসে আনোয়ারার বিভিন্ন এলাকার ১০ কিলোমিটার পাকা ও ২২ কিলোমিটার কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত আনোয়ারার বিভিন্ন সড়কের তালিকা তৈরি করে বরাদ্দের জন্য পাঠানো হয়েছে।জানতে চাইলে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘আনোয়ারার বিভিন্ন রুট দিয়ে যানবাহন চলাচল করছে না। এতে যানবাহনমালিক ও শ্রমিকেরা খানিকটা অসুবিধায় পড়েছেন। তবে, উপজেলা সদরের চট্টগ্রাম-আনোয়ারা সড়কের বেইলি সেতুটি খুলে ফেলায় সাময়িক কষ্ট হলেও যাত্রীদের জীবনের কোনো ক্ষতি হয়নি—এতে আমরা খুশি।’