আনোয়ারায় সড়কে বাজার বাড়ছে যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার চাতরী বাজারের নেই কোনো স্থায়ী জায়গা। ব্যস্ত সড়কের ওপর বাজার বসায় বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। প্রতিবছর লাখ লাখ টাকায় ইজারা দেওয়া হলেও হচ্ছে না বাজারের উন্নয়ন।আনোয়ারা সদরের আড়াই কিলোমিটার পশ্চিমে পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী (পিএবি) সড়কে চাতরী চৌমুহনী বাজারের অবস্থান। ২০০৬ সালে তৈলারদ্বীপ সেতু চালু হলে যানবাহন বেড়ে যায় এ সড়কে। বাজারসংলগ্ন সড়কের ওপর দিয়ে এখন বাঁশখালী, বরকল, বৈলতলী, গহিরা, মোহছেন আউলিয়া রুটের যানবাহন চলাচল করছে। এসব রুটের বহু যাত্রী যাত্রাপথে এ বাজার থেকে কেনাকাটা সেরে নেন। বাজারের গুরুত্ব বাড়লেও সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, চলতি ১৪১৭ বাংলা সনে চাতরী বাজারের ইজারা ধরা হয় ১৩ লাখ ৩২ হাজার টাকা। তাই বাজারের উন্নয়ন না হওয়ায় ক্ষোভ আছে অনেকের মধ্যে। বাজার সম্প্রসারণের উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিক্রেতারাও।বরুমচড়ার সবজি বিক্রেতা নুরুল ইসলাম বলেন, ‘বাজার বড় না হওয়ায় বেচাকেনায় সমস্যা হয়। রাস্তায় দেখা দেয় যানজট।’স্কুলশিক্ষক অমর কান্তি দত্ত জানান, ‘বাজারের যানজটের কারণে প্রতিদিনই মূল্যবান সময় নষ্ট হয়, দেরি হয় গন্তব্যে পৌঁছাতে।’সরেজমিনে দেখা গেছে, সড়কে বিভিন্ন সবজিবাহী গাড়ি, অটোরিকশা এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।ক্রেতা ও পথচারীরা হাঁটছেন সড়কের ওপর দিয়ে। যানজট তৈরি হয়েছে প্রধান সড়কে। বিক্রেতাদের অভিযোগ, কমিউনিটি পুলিশ প্রতি অটোরিকশা থেকে ৫-১০ টাকা নিয়ে দাঁড়ানোর সুযোগ করে দেয়।এ ব্যাপারে যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘বাজারের মাঝপথে অটোরিকশা দাঁড়াতে দেওয়ায় যানজট হচ্ছে।’বাজারের ইজারাদার আবদুল হক জানান, ‘বাজারের উন্নয়নের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক হয়েছে। অচিরেই উন্নয়নকাজ শুরু হবে।’ইউএনও আবু শাহেদ চৌধুরী চাতরী বাজারের নানা সমস্যার কথা স্বীকার করেন। বাজারের সমস্যা সমাধানের কাজ শিগগির শুরু হবে বলে তিনি জানান। যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিভিন্ন যানবাহন মালিক সমিতির সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’