আনোয়ারায় ৩ হাজার হেক্টর জমিতে বোরোচাষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় এবার তিন হাজার হেক্টর জমিতে বোরোচাষ হয়নি। নোনা পানির ভয়ে এসব জমিতে চাষ করেননি চাষিরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে দুই হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়নি। চাষযোগ্য ছয় হাজার ৮০০ হেক্টর জমির মধ্যে ছয় হাজার ৩৫০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও গত বছরের মতো চলতি মৌসুমেও কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে লোনা পানি ঢুকে পড়ার ভয়ে এসব জমিতে চাষাবাদ হয়নি। সূত্র আরও জানায়, শেষ মুহূর্তে নোনা পানি না এলেও কৃষিকাজে হাত দিতে পারেননি চাষিরা। নোনা পানি আসার ভয়ে অনেকে বীজতলায় চারা মজুদ না রাখায় শেষ মুহূর্তে চাষাবাদ করতে পারেননি। বিভিন্ন এলাকার চাষের জমিগুলো খালি পড়ে আছে। বোরো চাষের বীজতলাও তৈরি হয়নি অনেক স্থানে। আবার সংযোগ নেননি অনেক সেচযন্ত্রের মালিক। ফলে বেশির ভাগ কৃষকের চোখেমুখে হতাশা দেখা গেছে। আনোয়ারার কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান জানান, এখানে বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৩৫০ হেক্টর। তার মধ্যে ৫১৪টি অগভীর নলকূপ দিয়ে তিন হাজার ৪০ হেক্টর, ৩২২টি পাওয়ার পাম্প দিয়ে দুই হাজার ৫৬৩ হেক্টর, ১৩টি ট্রেডল পাম্প দিয়ে দুই হেক্টর, দুইটি উৎস কূপ দিয়ে এক হেক্টর ও ৮৬২টি সেচযন্ত্র দিয়ে ৯৮৪ হেক্টর জমিতে বোরো চাষ হওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘এ বছর নোনা পানি আসার আশঙ্কা কম থাকায় আমরা এলাকায় মাইক যোগে প্রচার করেছি। কিন্তু চাষিরা তাতে কান দেননি। ফলে বোরো চাষ কম হয়েছে।’