আনোয়ারায় ৫ খুনি আটক
আনোয়ারায় চালককে খুন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত পাঁচ খুনিকে ঢাকার আশুলিয়া থানা থেকে আটক করা হয়েছে ১৪ মার্চ। আনোয়ারা থানায় আনার পরে জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করে।থানা সূত্রে জানা গেছে, চালককে খুন করে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ১০ ফেব্রুয়ারি ঢাকার আশুলিয়া থেকে অপুর নেতৃত্বে ছিনতাইকারী দল একটি গাড়ি ও একটি মাইক্রো ভাড়া করে কক্সবাজারের পথে রওনা দেন। ১১ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার থেকে ফেরার পথে রাতে আনোয়ারার শোলকাটায় পিএবি সড়কের পাশে চলন্ত অবস্থায় গাড়িচালক সুজন মিয়াকে (২৪) গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। তারা ফেনী পৌরসভা পর্যন্ত পৌঁছার পর গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনার তিন দিন পর আশুলিয়া পুলিশ মূল পরিকল্পনাকারী অপুসহ ছয়জনকে আটক করে। তবে, পুলিশের হাত থেকে অপু পালিয়ে যায়। আটক করা হয়েছে নবীনগরের সুমন (২২), ফরহাদ (১৯), ইসলামপুরের মো. সেলিম (২০), জয়দেবপুরের রিপন (২২) ও মানিকগঞ্জের সুমনকে (২১)। অন্যরা পলাতক।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত জানান, আটক ব্যক্তিরা খুনের কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া গাড়িটিও আটক করা হয়েছে।