আন্তবর্ণ সম্পর্ক নতুন চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীতদাস প্রথার দিন শেষ হয়েছে বহু আগেই। তবে সাদা- কালো বা জাতের বৈষম্য উঠে যায়নি। চেতনার নিভৃত কোণে এখনো ঘাপটি মেরে আছে তা। এমনকী সভ্যতার সর্বোচ্চ শিখরে ওঠা সমাজেও। মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ কিশোর ট্রেভন মার্টিন হত্যা এবং এ ঘটনার বিচারে খুনির বেকসুর খালাস পাওয়ার ঘটনা হয়তো সেটাই আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।এ ঘটনার আগে কেউ চিনত না ট্রেভন মার্টিনকে। জানত না ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারির রাতে ফ্লোরিডার স্যানফোর্ডে কী ঘটেছিল। এখন সবাই জানে। আরও জানে ওই ছেলেটিকে কার্যত ঠান্ডা মাথায় হত্যা করেও কীভাবে আদালত থেকে খালাস পেয়ে গেলেন হত্যাকারী ‘পাহারাদার’ জর্জ জিমারম্যান। অথচ নিজেই জবানবন্দিতে বলেছেন, মার্টিনের ঘুষির জবাব দেন তিনি গুলি ছুড়ে। জিমারম্যানের যুক্তি, তিনি গুলি ছুড়েছেন আত্মরক্ষার্থে। এ ব্যাপারে আইন তার পক্ষে। ঘটনার কোনো সাক্ষী না থাকলেও জিমারম্যান আদালতে স্বীকারোক্তিমূলক যে জবানবন্দি দিয়েছেন, এতে তাঁর বড় ধরনের শাস্তি পাওয়ার কথা। তা তো হলোই না, উল্টো তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। ট্রেভন মার্টিনের নিহত হওয়া এবং তার হত্যাকারীর খালাসের ঘটনা কেবল যুক্তরাষ্ট্রই নয়, দুনিয়াজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মার্কিন সমাজের আন্তবর্ণ সম্পর্ককে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে এ ঘটনা। বর্ণ-বৈষম্যের ভূত কি তাহলে এখনো গেল না ? দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়েছেন সাদা-কালো নির্বিশেষে অনেক মার্কিনী। ফ্লোরিডার অরল্যান্ডোতে রায়ের পর কৃষ্ণাঙ্গদের জাতীয় সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপলের (এনএএসিপি) বার্ষিক সম্মেলন উত্তপ্ত হয়ে উঠেছিল এ নিয়ে। সেখানে এ রায়ের প্রতিবাদে ঝাঁজালো স্লোগান শোনা যায়। এক বক্তা মাইক্রোফোনে বলছিলেন, ‘ট্রেভন মার্টিনের বেলায় কী ঘটেছিল?’অন্যরা গলা ফাটিয়ে বলেন, ‘বিনা কারণে হত্যা’।আদালতের রায়ে হত্যাকারী স্থানীয় নাগরিক নিরাপত্তা কমিটির স্বেচ্ছাসেবী জর্জ জিমারম্যান খালাস পাওয়ার কয়েক ঘণ্টা পরই শুরু হয় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ। সঙ্গতকারণেই আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের অংশগ্রহণ তাতে বেশি।ফ্লোরিডার টাম্পা শহরে একটি বিক্ষোভে অংশ নেওয়া এক কৃষ্ণাঙ্গ নারী কাঁদছিলেন। যুক্তরাষ্ট্রে কালোদের জীবনের কোনো মূল্য নেই বলে তিনি অভিযোগ করেন। অন্যরা আশঙ্কা প্রকাশ করেন, কালোদের প্রতি এই যদি হয় বিচার বিভাগের আচরণ, তাহলে তাদের সন্তানদের বেলায়ও তো ঘটতে পারে একই বৈষম্যের ঘটনা। ঘটনা কেবল বিক্ষোভ আর সমাবেশেই থেমে থাকেনি। ঘটেছে সহিংসতাও। ১৫ জুলাই লস অ্যাঞ্জেলেসে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা ক্রেনশতে শ দেড়েক লোক লুটতরাজ ও ভাঙচুরে অংশ নেয়। এ সময় তারা পথচারীদের অর্থ ও মালামাল কেড়ে নেয়। সম্পদের ক্ষতি করে। তবে অন্য কোথাও এমন সহিংসতা দেখা যায়নি। লস অ্যাঞ্জেলেস পুলিশ অতীতের ভয়াবহ বর্ণগত দাঙ্গার কথা মাথায় রেখে কড়া প্রস্তুতি নিয়েছিল। ১৯৯২ সালের রডনি কিং ঘটনায় কৃষ্ণাঙ্গদের ক্ষোভের আগুনে পুড়েছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এ নগরী। কয়েকজন শ্বেতাঙ্গ পুলিশ নির্মাণকর্মী রডনি কিংকে নির্মমভাবে পেটানোর ঘটনায় কোনো রকম শাস্তি ছাড়াই পার পেয়ে যান। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও দাঙ্গা দেখা দেয়। এতে ৫৩ জন নিহত ও প্রায় দুই হাজার লোক আহত হয়েছিল। একই সঙ্গে ১০০ কোটি ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়েছিল। ফ্লোরিডার এবারের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সিনেটর জন ম্যাককেইনসহ শীর্ষ পর্যায়ের নেতারা দুঃখ প্রকাশ করেছেন। ওবামা কৃষ্ণাঙ্গদের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, কৈশোরে তাঁর নিজের ক্ষেত্রেও এটা হতে পারত। অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ‘স্ট্যান্ড ইউর গ্রাউন্ড’ হিসেবে পরিচিত যে আত্মরক্ষার অধিকার বিষয়ক আইন প্রচলিত তার পুনর্মূল্যায়ন হওয়া উচিত। এ ক্ষেত্রে ট্রেভন মার্টিনকে গুলি করার ক্ষেত্রে জিমারম্যানের যুক্তি ও প্রেক্ষাপট খুবই নড়বড়ে। কারণ তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রশিক্ষণ পাওয়া সরাসরি কর্মকর্তা বা সদস্য নন। স্রেফ একজন স্বেচ্ছাসেবী পাহারদার। আশপাশে বেআইনি কিছু ঘটছে কি না, তা তিনি পর্যবেক্ষণ করতে পারেন বটে, কিন্তু আত্মরক্ষার অজুহাত তুলে কাউকে হত্যা করতে পারেন না। কৃষ্ণাঙ্গ আইনজীবী আলফ্রেডা কাউয়ার্ড বলেন, এ দেশে প্রচলিত ‘স্ট্যান্ড ইউর গ্রাউন্ড’ আইন থেকে একজন কিশোর কৃষ্ণাঙ্গকে রক্ষা করার কোনো ব্যবস্থা নেই। বরং এর মাধ্যমে শ্বেতাঙ্গরা কোনো কোনো ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে প্রচলিত এ আইনে কেউ গুরুতর আঘাত পাওয়া বা মারা যাওয়ার মতো ঝুঁকিতে থাকলে সম্ভাব্য হামলাকারীকে হত্যা করলেও অপরাধী হবে না। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারও ‘স্ট্যান্ড ইউর গ্রাউন্ড’ আইনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, জিমারম্যান বলেছেন যে মার্টিন তাঁর ওপর হামলা চালিয়েছিল। কেন চালিয়েছিল তা বিশদভাবে ব্যাখ্যা করেননি। এর কোনো সাক্ষীও নেই। এখানে জিমারম্যান উসকানিদাতা হিসেবে কোনো ভূমিকা রেখেছেন কি না, তা স্পষ্ট নয়। একজন উসকানিদাতার বেলায় ‘স্ট্যান্ড ইউর গ্রাউন্ড’ আইন কার্যকর নয়।এক সমীক্ষায় দেখা গেছে, হত্যা বা এ ধরনের কাণ্ড থেকে পার পাওয়ার ক্ষেত্রে ‘স্ট্যান্ড ইউর গ্রাউন্ড’ আইন অনেক অপরাধের জন্ম দিচ্ছে। ডাকাতি, চুরি বা হামলার ঘটনায় কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে, সুযোগ বুঝে এ আইন কাজে লাগিয়ে অনেক অপরাধীও পার পেয়ে যাচ্ছে। এতে নরহত্যার মতো অপরাধ বাড়ছে। তুমুল বিতর্কের পরিপ্রেক্ষিতে জিমারম্যানের বিচার নতুন করে করার কথাও ভাবা হচ্ছে। বিচার বিভাগ বলছে, তাঁর বিরুদ্ধে নাগরিক অধিকার লংঘনজনিত অপরাধের অভিযোগ আনা হবে কি না, এ নিয়ে ভাবা হচ্ছে। অনলাইনে কৃষ্ণাঙ্গ অধিকার সংগঠন এনএএসিপির দেওয়া আবেদনের ভিত্তিতে এ বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এ আবেদনের পক্ষে স্বাক্ষর পড়েছে ১০ লাখ। তবে ট্রেভন মার্টিনকে হত্যার পেছনে জিমারম্যানের মধ্যে যে বর্ণবৈষম্যমূলক মানসিকতাই কাজ করেছে, তা প্রমাণ করা বেশ কঠিন হবে। জিমারম্যানের সমর্থকেরা তাঁর পক্ষে সাফাই গেয়ে এর মধ্যে বলেছেন, স্কুলে থাকতে তিনি কালোদের পক্ষে কথা বলেছেন। একজন কৃষ্ণাঙ্গ প্রতিবেশীর সঙ্গে তাঁর বেশ সদ্ভাব ছিল। শেষ পর্যন্ত বিষয়টার কী ফয়সালা হয় তা দেখতে অপেক্ষা ছাড়া উপায় নেই।