পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন, প্রশ্ন-উত্তর, কথামালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের আন্তবিশ্ববিদ্যালয় প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘দ্য প্রেজেন্টেশন প্রডিজি ১৬’–এর চূড়ান্ত পর্ব। ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ ইউনূস ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ২৮টি দলের মধ্যে চূড়ান্ত পর্বে অংশ নেয় ছয়টি। দুই পর্বে বিভক্ত প্রতিযোগিতার প্রথম পর্বের অতিথি ছিলেন আইমান সাদিক। তিনি তাঁর প্রতিষ্ঠিত অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম ‘টেন মিনিট স্কুল’ সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন। দ্বিতীয় পর্বে চূড়ান্ত ছয়টি দল ‘ব্রিটেন থেকে ইইউ ত্যাগ ও বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব’ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করে ও এই বিষয়ের ওপরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
সবশেষে অধ্যাপক মো. সহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অতিথি ছিলেন আইমান সাদিক। অতিথিরা চ্যাম্পিয়ন হিসেবে ‘টিম মিনিয়নস’ ও রানার আপ হিসেবে ‘হাংরি ড্রাগন’ এই দল দুটির নাম ঘোষণা করেন। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রীতু আহমেদ, শাদমান সাকিব ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান তারেক। প্রতিযোগিতায় সহযোগিতা করেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান।