টানা ষষ্ঠবারের মতো শিরোপা জিতল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
আন্তবিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় টানা ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঁতার ও ওয়াটার পোলো দল। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১৫ ও ১৬ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ২৩তম আসরে সাঁতারের ১৭টি ইভেন্টেই প্রথম হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাঁতারুরা। বিশ্ববিদ্যালয়ের সাঁতারু মো. ওয়াহিদ ইসলাম ১১টি ইভেন্টে অংশ নিয়ে ১১টিতেই প্রথম স্থান হয়ে ‘জলমানব’ খেতাবে ভূষিত হন। কৃতিত্ব দেখান দলের অধিনায়ক মো. সারদুল ইসলাম ও অরুণ কুমার সাহা। সারদুল ব্যক্তিগতভাবে চারটি ইভেন্টে প্রথম হওয়া ছাড়াও দুটি রিলেতে প্রথম স্থান অর্জন করেন। অরুণ কুমার দুটি ইভেন্টে প্রথম হন। একইভাবে ওয়াটার পোলো প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। ১৮ জুন বিশ্ববিদ্যালয় দলের ম্যানেজার অধ্যাপক মনসুর উদ্দিন আহমদের নেতৃত্বে দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক এবং দলের কোচ হাবিবুর রহমান, উপপরিচালক আনিসুল আলম, মোহাম্মদ শোয়াইবসহ দলের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।