আন্তরিক আপ্যায়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মামাবাড়ির সামনেই পূজার মণ্ডপ। ছোটবেলায় অনেক মজা করতাম পূজার সময়। পূজার অনেক আগে যখন প্রতিমা তৈরির কাজ শুরু হতো, তখন থেকে আমরা দিন গোনা শুরু করতাম। আর প্রতিদিন অনেক রাত পর্যন্ত বসে বসে কাজের অগ্রগতি দেখতাম। মনে হতো, পূজা তো এসে গেল, কাজ শেষ হবে তো!’ পূজা নিয়ে এভাবেই বলছিলেন অপর্ণা সাহা, ডিজাইনার শৈবাল সাহার স্ত্রী। সারা বছর দুজনেই যাঁর যাঁর কাজ নিয়ে ব্যস্ত থাকায় পূজায় একসঙ্গে বেড়াতে পছন্দ করেন। আর তাই প্রতিবার পূজা শুরু হওয়ার আগে থেকে সবকিছু ঠিক করে নেন তাঁরা। পূজার দিনগুলোতে একেক ধরনের পোশাকে নিজেকে সাজিয়ে নেন অপর্ণা। পরিকল্পনা করে তাঁরা খাবারেও ভিন্নতা রাখেন এই সময়ে। জানালেন, ‘সপ্তমীতে সবাই মিলে নিরামিষ খাই। অষ্টমীতে দুপুর পর্যন্ত নিরামিষ চলে। তবে রাতে ভিন্নতার জন্য সবাই মিলে বাইরে বেরিয়ে পড়ি। ঘোরাঘুরি শেষে রাতের খাবার বাইরে খাই। নবমীতে ঢাকার বাইরে গ্রামে গ্রামে ঘুরে পূজা দেখতে অনেক মজা লাগে। তাই এদিন ঢাকার বাইরে ঘুরতে যাই। আর দশমীতে আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে বাসায় রান্না করি।’ এত্তো এত্তো মজার ভেতরে এই দম্পতির আলাদা শখ আছে নতুন খাবারের রান্নার প্রতি। আর তাই পূজার সময় প্রতিবার একটা নতুন খাবার রান্না করার চেষ্টা করেন।পূজার রেসিপি দিয়েছেন অপর্ণা সাহাসবজি খিচুড়িউপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি দিয়ে দিন। এবার লবণ ও দুধ দিয়ে পানি দিন। ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।পুরভরা টমেটোউপকরণ: টমেটো ৬টা, মিহি করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি ১ কাপ, কিশমিশ ১০ গ্রাম, আদাবাটা ১ চা-চামচ, পনির টুকরা ১ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো।প্রণালি: বাঁধাকপি, আদাবাটা, লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়ে কিশমিশ, পনির ও চিনি মিশিয়ে হালকা জ্বালে ভেজে রাখুন। টমেটোর ওপরের অংশ সামান্য করে কেটে নিয়ে ভেতরে খালি করে নিন। এবার টমেটোর মধ্যে বাঁধাকপির পুর ভরে নিয়ে ওভেনে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করে নামিয়ে নিন।সালাদউপকরণ: লেটুসপাতা, গাজর, শসা, আপেল, বেদানা, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ কয়েকটা, লেবু খোসাসহ কুচি করা, টক দই ও চিনি।প্রণালি: সবকিছু কুচি করে কেটে নিয়ে লেবুর রস, টক দই, চিনি, মরিচ দিয়ে মেখে নিন। এবার কুচি করা লেবু পাশে রেখে সাজিয়ে পরিবেশন করুন। দই রুইউপকরণ: রুই মাছের টুকরা ৬টি, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ পরিমাণমতো, আদা ও জিরাবাটা ২ চা-চামচ, লবণ পরিমাণমতো, কিশমিশ অল্প কিছু, ডিমের সাদা অংশ ২টা, টক দই ২ টেবিল চামচ। প্রণালি: মাছে কিশমিশ, দই ও ডিম ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে অল্প সময় রেখে দিন। ডিমের সাদা অংশে মেরিনেট করা মাছগুলো ডুবিয়ে হালকা ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে মাছের মসলাগুলো মাখিয়ে কষিয়ে নিন। এরপর দই ও কিশমিশ দিন। এবার মাছ দিয়ে দিন। সামান্য চিনি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।চিংড়ির সাসলিক উপকরণ: চিংড়ি মাছ ৬টা, আপেল ১টা, ক্যাপসিকাম ১টা, টক দই ২ টেবিল চামচ, তন্দুরি মসলা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো।প্রণালি: চিংড়ি ধুয়ে এতে টক দই, লবণ, তন্দুরি মসলা মেখে ২ ঘণ্টা মেরিনেট করুন। আপেল ও ক্যাপসিকাম টুকরা করে কেটে নিন। কাঠিতে একে একে গেঁথে নিয়ে হালকা জ্বালে রান্না করে নামিয়ে নিন। লুচির থালালুচির উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।প্রণালি: সব উপকরণ ময়দার সঙ্গে মেখে হালকা ময়ান দিন। এবার পানি দিয়ে মেখে নিন। ছোট গোলা করে বেলে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিন।লাবড়ার উপকরণ: বিভিন্ন ধরনের সবজি টুকরা করে কাটা ৫০০ গ্রাম, ডালের বড়ি ৬টা, পানি ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ ৬টা, ঘি ১ চা-চামচ। চিনি, লবণ ও হলুদ পরিমাণমতো।প্রণালি: ডালের বড়ি ভেজে নিন। হালকা ভাজা হলে বড়ি এক কাপ পানিতে ভেঙে ভিজিয়ে রাখুন। তেলে পাঁচফোড়ন দিয়ে এরপর সবজি, আদাবাটা, হলুদ, লবণ দিয়ে হালকা কষিয়ে নিন। সবজি সেদ্ধ হলে বড়িসহ পানি দিয়ে সঙ্গে কাঁচা মরিচ দিন। ঢেকে রাখুন। অল্পক্ষণ পরে চিনি ও ঘি দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে রাখুন।ডালের উপকরণ: ছোলার ডাল ২ কাপ, দুধ ২ কাপ, নারকেল মিহি করে কোরানো ১ কাপ, আদাবাটা ও জিরাবাটা ১ চা-চামচ করে। পাঁচফোড়ন অল্প কিছু, লবণ-চিনি পরিমাণমতো, কাঁচা মরিচ ৬টা, শুকনা মরিচ ৪টা, তেজপাতা কয়েকটি।প্রণালি: ডাল ধুয়ে এক কাপ দুধ ও এক কাপ পানি দিয়ে আদা, হলুদ, লবণ, জিরা, কাঁচা মরিচ মিশিয়ে প্রেশার-কুকারে সেদ্ধ করে নিন। সামান্য তেলে শুকনা মরিচ ভেজে নিন। এবার পাঁচফোড়ন, তেজপাতা, ভাজা মরিচ তেলে দিন। এবার নারকেলকোরা দিয়ে লাল করে ভেজে নিয়ে তাতে সেদ্ধ ডাল ঢেলে দিন। এবার বাকি এক কাপ দুধ দিয়ে দিন। এরপর সামান্য চিনি ও ঘি দিয়ে পাত্রে ঢালুন। এবার লুচি, ডাল, লাবড়া ও টক দই দিয়ে লুচির থালা সাজিয়ে পরিবেশন করুন।আমড়া চাটনি উপকরণ: আমড়া ২টা, টমেটো ২টা, শুকনা মরিচ ২টা, হলুদ ও লবণ পরিমাণমতো, চিনি ১ কাপ। প্রণালি: সামান্য তেলে মরিচ দিয়ে তাতে আমড়ার মিহি কুচি ও টমেটো দিয়ে কষিয়ে নিন। চিনি ও সামান্য পানি দিয়ে ঘন হয়ে এলে নামিয়ে নিন।