ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে কর্মশালায় বক্তারা
আন্তর্জাতিক আইনে রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন

আন্তর্জাতিক আইনে নির্যাতিত রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।
চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) আইন অনুষদ এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) যৌথ উদ্যোগে একসেস টু জাস্টিস ফর রিফিউজিস শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সম্প্রতি নগরের জামালখানে সিআইইউ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন মো. জাকির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান ও ইউএনএইচসিআর, কক্সবাজার কার্যালয়ের প্রধান কর্মকর্তা জন ম্যাককিসিক।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলমান নিপীড়নের প্রেক্ষাপটে শরণার্থীদের জন্য করণীয় ঠিক করতে কর্মশালাটির আয়োজন করা হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাবেক সদস্য মো. জাকির হোসেন বলেন, পৃথিবীর সবচেয়ে নির্যাতিত একটি জনগোষ্ঠী হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা। সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, চলছে গণহত্যা। কোনো আন্তর্জাতিক সংস্থা এই সমস্যা সমাধানে এখনো এগিয়ে আসেনি।
মো. জাকির হোসেন আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক নয় দাবি করা হচ্ছে, অথচ ইতিহাস বলছে তারা শত বছর ধরে সেখানে বাস করছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কর্মকর্তা জন ম্যাককিসিক বলেন, ‘আমরা রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করছি। বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেলে আমরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো থেকে অনুদান সংগ্রহের কাজে হাত দেব।’
অনুষ্ঠানে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সী মো. মশিয়ার রহমান কর্মশালার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মশালা রোহিঙ্গা শরণার্থীবিষয়ক মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে বিচারকদের সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা। বক্তব্য দেন ইউএনএইচসিআর, কক্সবাজারের প্রটেকশন কর্মকর্তা মার্জিয়া ডেল্টো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নাহিদ খান।