আন্তর্জাতিক গবেষণা ফোরামের পূর্ণ সদস্য হলো চুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক গবেষণা ফোরামের পূর্ণ সদস্যপদ পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ২১ মে চুয়েটের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, সম্প্রতি বিশ্বের সাতটি দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক গবেষণা ফোরাম ‘ইন্টারন্যাশনাল ফোরাম অন স্ট্র্যাটেজিক টেকনোলজি (আইএফওএসটি)’ ও চুয়েটের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। ওই চুক্তি অনুযায়ী চুয়েট আইএফওএসটির পূর্ণ সদস্যপদ লাভ করেছে। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান, এই চুক্তির ফলে ভবিষ্যতে আইএফওএসটির অন্যান্য সদস্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুয়েটের যৌথভাবে গবেষণা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় প্রকল্প চালু করার সুযোগ তৈরি হয়েছে।চুক্তিতে চুয়েটের পক্ষে নিবন্ধক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং আইএফওএসটির পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার ওলসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন ওই পিল স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ প্রমুখ।