
সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের পশুপাখিরা। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল জু-এর অন্যতম সদস্য লায়ন কিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে সুন্দরবনে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার কথা ভাবছেন তাঁরা। কিং বলেন, ‘সুন্দরবনের নিরীহ জীবজন্তুর ওপর রাসায়নিক অত্যাচার মেনে নেওয়া হবে না।’
আফ্রিকার জিরাফ বলেন, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, বিশ্বের কোথাও পশুরা নিরাপদ নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ রাশিয়ার শ্বেত ভালুক সুন্দরবনের সব পশুপাখির পাশে আছেন জানিয়ে যেকোনো বিপদে তাঁদের মেরু অঞ্চলে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছেন। চীনের পান্ডা নিজের টুইটার বার্তায় উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘বাঘ-হরিণের জন্য আমার চিন্তা হচ্ছে। আমি চাই না তাঁরাও আমাদের মতো বিলুপ্ত হয়ে যাক।’