
স্টেডিয়ামের বাইরে লাগানো ফেস্টুন ও ব্যানারে বড় হরফে লেখা—‘খেলা এবার গরম চলের’, ‘জমবে খেলা মাতবে চট্টলা’। শহরের বিভিন্ন মোড়েও রয়েছে এই ধরনের ব্যানার। সামনে চলছে মাইকিং। স্টেডিয়াম গেটেও মাইকিংয়ে আহ্বান জানানো হচ্ছে খেলা দেখার।
এত সব আবেদন-নিবেদনের পরও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর এখনো দর্শকের দেখা পায়নি। প্রতিদিন খাঁ খাঁ করছে প্রায় ২৫ হাজার ধারণক্ষমতার এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারি। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে হাজারখানেক দর্শক থাকলেও এরপর আর দর্শকের দেখা মেলেনি।
চট্টগ্রাম আবাহনীর আয়োজনে টুর্নামেন্টে এবার ঢাকা ও চট্টগ্রামের তিনটি সেরা দল ছাড়া বিদেশি পাঁচটি ক্লাব অংশ নিচ্ছে। টুর্নামেন্টে এ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী, কিরগিজস্তানের এফসি আলগা, কোরিয়ার পোচন সিটিজেন এফসি ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। ইতিমধ্যে টিসি স্পোর্টস সেমিতে উঠে গেছে। বাদ পড়েছে এফসি আলগা। বি গ্রুপে ঢাকা মোহামেডান, বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, আফগানিস্তানের শাহিন এফসি ও নেপালের মানাং মার্সিয়ান্দি ক্লাব। গতকাল বুধবার পর্যন্ত শেষ হয়েছে গ্রুপ পর্বের আটটি খেলা। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। সেমিফাইনাল ম্যাচ হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ ২ মার্চ।
আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমীন উদ্বোধনী দিনে দুই খেলার মাঝখানে প্রেস বক্সে এসে সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল (১৯ ফেব্রুয়ারি) থেকে মাঠে দর্শক চলে আসবে। চিন্তার কোনো কারণ নেই। গ্যালারি ভরে উঠবে।’
কিন্তু ১৯ ফেব্রুয়ারি আগের দিনের মতো দর্শক পাওয়া যায়নি। অথচ ওই দিন ছিল ঘরের ক্লাব চট্টগ্রাম আবাহনীর খেলা। আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোষণা এল ২০ ফেব্রুয়ারি থেকে ছয় হাজার টিকিট ক্লাব ও শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে দেওয়া হবে। ফলে কিছু দর্শক হবে। কিন্তু বিধিবাম। ওই দিন ঢাকা আবাহনীর ম্যাচ দেখতেও কোনো দর্শকের পা পড়েনি। প্যাভিলিয়নের বেশির ভাগ চেয়ার অলংকৃত করেছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আয়োজক কমিটি ও দলের কর্মকর্তারা।
জানা যায়, এই টুর্নামেন্ট উপলক্ষে প্রতিদিন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে পুলিশসহ প্রায় এক হাজার কর্মী দায়িত্ব পালন করেন। প্রতিদিন তাঁরাই দর্শক হয়ে থাকছেন ম্যাচে।
২০ ফেব্রুয়ারিও দর্শক না হওয়ার কারণ অনুসন্ধানে জানা গেছে, ক্লাবগুলোর কাছে বিনা মূল্যের সেই টিকিটগুলো সন্ধ্যা পর্যন্ত নাকি পৌঁছায়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আয়োজকেরা কেবল কথা বলে যাচ্ছেন। কাজের বেলায় নেই। তাই দর্শক হয় না। এর চেয়ে আমাদের প্রিমিয়ার লিগে বেশি দর্শক হয়।’
জানতে চাইলে টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমীন বলেন, ‘প্রথম দিকে একটু দর্শক কম হচ্ছে। আশা করি সেমিফাইনাল থেকে দর্শক হবে। প্রথম আসরেও স্বাগতিক দলগুলো যখন ওপরে উঠছিল তখন দর্শক হয়েছিল। আমরা নানা রকম উদ্যোগও নিচ্ছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।’
শুধু অব্যবস্থাপনা এখানে নয়, টুর্নামেন্ট জুড়ে প্রতিটি ক্ষেত্রে সমন্বয়হীনতা লক্ষণীয়। সাংবাদিকদের যে কার্ড দেওয়া হয়েছে তাতে একজনের ছবির সঙ্গে আরেকজনের নাম। ভুল রয়েছে পত্রিকা কিংবা টেলিভিশনের নাম। এ ছাড়া সার্বক্ষণিক ইন্টারনেট সার্ভিসও ছিল না প্রেস বক্সে। অনুশীলন সূচি জানতেও কাঠখড় পোড়াতে হয়। আর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তো প্রথম ম্যাচ মাঠে গড়াতেই আধা ঘণ্টা দেরি হয়। এর নাম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট!