আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থগিত
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এই মেলার ২১তম আসর শুরু হওয়ার কথা ছিল। মেলার আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্র জানায়, উদ্বোধনের পরবর্তী তারিখ শিগগির ঘোষণা করা হবে। গত দুই দশক ধরে চট্টগ্রাম চেম্বার এই মেলার আয়োজন করে আসছে। এবার মেলা বসছে পলোগ্রাউন্ডের প্রায় চার লাখ বর্গফুট এলাকাজুড়ে। এ উপলক্ষে চেম্বার কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা নিয়েছে।ফিরে দেখা দুই দশক: ১৯৯১ সালের শুরুর দিকে জেডিএইচ/টি-এর (জার্মান কারিগরি সহযোগিতা) অর্থায়ন ও সহায়তায় চট্টগ্রাম চেম্বারে প্রতিষ্ঠিত হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল। এর একটি কার্যক্রমের নাম ছিল টেকনোলজি এক্সপোজিশন। পরবর্তীকালে এর নামকরণ করা হয় ‘চট্টগ্রাম শিল্পপণ্য মেলা’। ১৯৯২ সালে নগরের সিজেকেএস (চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা) জিমনেসিয়ামসংলগ্ন এলাকায় স্বল্প পরিসরে এই মেলা শুরু হয়। ১৯৯৭ সাল পর্যন্ত মেলা চলে ১০ দিন ধরে। ১৯৯৮ সাল থেকে পোলোগ্রাউন্ড মাঠে বড় পরিসরে ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ হিসেবে এ মেলার আয়োজন করে চট্টগ্রাম চেম্বার।এবার যারা অংশ নেবে: এবারের মেলার সহযোগী দেশ (পার্টনার কান্ট্রি) হিসেবে অংশ নেবে থাইল্যান্ড। প্রায় সাড়ে চার হাজার বর্গফুট জায়গা নিয়ে বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল সাজানোর কথা রয়েছে তাদের। প্রায় দুই হাজার বর্গফুট জায়গা নিয়ে আলাদা পণ্য বিপণন অঞ্চল (জোন) করবে ভারত। তিন হাজার ৬০০ বর্গফুট জায়গা নিয়ে স্টল-প্যাভেলিয়ন করার কথা রয়েছে পাকিস্তান চেম্বারের সদস্যদের। এ ছাড়াও মেলায় নিজস্ব পণ্য নিয়ে আসবেন চীন, তুরস্ক, ইরান প্রভৃতি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। অন্যরকম স্টল: মেলায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রেড ক্রিসেন্ট, সন্ধানী, মূক ও বধিরদের জন্য একটি করে স্টল বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া আয়োজক প্রতিষ্ঠান মেলায় শিল্প-সাহিত্য, সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বিশ্বসাহিত্যকেন্দ্রের একটি স্টলও বরাদ্দ করেছে। বিশেষ ব্যবস্থা: অগ্নি প্রতিরোধ এবং নির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বিশেষ দল অগ্নিনির্বাপণ যান নিয়ে প্রস্তুত থাকবে সবসময়। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বসানো হচ্ছে র্যব ও পুলিশের অস্থায়ী ছাউনি (ক্যাম্প)। এ ছাড়াও থাকবে গোয়েন্দা সংস্থার সদস্যদের পর্যবেক্ষণ ও বেসরকারি নিরাপত্তা কর্মীরা। থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) মেলার কার্যক্রম ধারণের ব্যবস্থা। অন্যান্য সুবিধা: দর্শনার্থীদের দ্রুত জরুরি যোগাযোগের সুবিধার্থে মেলায় সবসময়ের জন্য একটি তথ্যকেন্দ্র চালু থাকবে। সেই সঙ্গে থাকবে বিনা মূল্যে ওয়াই-ফাই অনলাইন যোগাযোগ সুবিধা। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান এবং দর্শনার্থীদের আর্থিক লেনদেনের জন্য মেলা প্রাঙ্গণে বসানো হবে এনসিসি ব্যাংকের একটি অস্থায়ী শাখা। নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা টিকিট কাউন্টার, অজু ও নামাজের স্থান এবং শৌচাগারের ব্যবস্থা রাখা হবে মেলা প্রাঙ্গণে। মেলার সময় ও প্রবেশমূল্য: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা।