আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে আনোয়ারায়
চীন, জাপান, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার সহযোগিতায় আনোয়ারায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেছেন মঞ্জুরি কমিশনের সদস্যসহ বিশিষ্টজনেরা।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৌদ্ধ সভ্যতার অন্যতম পীঠস্থান আনোয়ারার দেয়াঙ পাহাড়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে।লেখক জামাল উদ্দিন জানান, দশম শতকের শুরুতে চট্টগ্রামের পট্টিকারা চন্দ্রবংশের রাজাদের শামসনামলে দেয়াং পাহাড়ে অবস্থিত বিহারে বৌদ্ধ পণ্ডিতেরা বৌদ্ধমত ও দর্শনচর্চা করতেন। সেটি বৌদ্ধবিহার বা পণ্ডিতবিহার নামে পরিচিত ছিল।আন্তর্জাতিক পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা পালি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। তিনি ১০ বছর ধরে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৫ অক্টোবর পণ্ডিতবিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক হলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আবদুল হাই শিবলী। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব ফেরদৌস জামানকে এই কমিটির সদস্যসচিব করা হয়। কমিটির সদস্যরা গত ২৮ ডিসেম্বর দুপুরে আনোয়ারার দেয়াঙ পাহাড়সংলগ্ন হাজীগাঁও এবং পূর্ব বটতলী গ্রামে এলাকা পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন, ড. জিনবোধি ভিক্ষু, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, ড. বিপি বড়ুয়া, অধ্যাপক বিজয় বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এস এম ফোরকান, লেখক জামাল উদ্দিন প্রমুখ।