আন্তর্জাতিক যুব দিবস বিতর্ক প্রতিযোগিতায় দৃষ্টি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইপসা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দৃষ্টি চট্টগ্রামের বিতর্ক দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ‘তরুণদের কর্ম সংস্থানের মাধ্যমেই কেবল দেশের অবক্ষয় রোধ করা সম্ভব’—এ বিষয়ের ওপর দৃষ্টি চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট সংসদীয় বিতর্কে অংশ নেয়।
দৃষ্টি চট্টগ্রামের বিতার্কিক কাজী আরাফাত দলের নেতৃত্ব দেন। দলের অন্য সদস্যরা হলেন প্রিয়ম দাশ ও আল আমিন। ছায়া সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবাইয়াত ফেরদৌস। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম মহানগরের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার, সরকারি সিটি কলেজের শিক্ষক আলেক্স আলীম, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সংগীতা দাশ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমোসিস। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর মোর্শেদুল আলম ও আঞ্জুমান আরা বেগম।
এর আগে দিনব্যাপী যুব মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। বিজ্ঞপ্তি।