১৯৮৪ সালে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে যাত্রা শুরুর সময় চট্টগ্রাম বিমানবন্দরের জন্য ৩১০ জনের একটি জনবল কাঠামো অনুমোদন দিয়েছিল সরকার। ২০১০ সালে এসেও সেই জনবল কাঠামোই আছে। কিন্তু সেই জনবলের মোট পদের মধ্যে ৯৭টি খালি। অথচ, ২০০০ সালেই আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম কিন্তু বাড়েনি জনবল, পূরণ হয়নি শূন্যপদ। নামেই কেবল আন্তর্জাতিক এটি।অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। কেবল জনবলসংকটই নয়, আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হওয়ার পরও আধুনিকায়নের ছোঁয়া লাগেনি যন্ত্রপাতিতে। কিছু ভবন ছাড়া বাড়েনি অবকাঠামোগত সুবিধা। ৫০০ কোটি টাকারও বেশি বিদেশি ঋণের টাকায় এই বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা হয়েছিল মূলত চট্টগ্রামের বাণিজ্যিক আর পর্যটন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে। বিদেশি এয়ারলাইন্সগুলোকে আকৃষ্ট করা প্রধান লক্ষ্য থাকলেও এ ক্ষেত্রে সাফল্য আসেনি । অন্যদিকে বাড়ছে না বিমানবন্দরের আয়। নির্মাণকালীন ঋণশোধে চলে যাচ্ছে আয়ের বেশির ভাগ অংশ। গত অর্থবছরে (২০০৮-২০০৯) চট্টগ্রাম বিমানবন্দরে আয় হয়েছিল ২৪ কোটি টাকার কিছু বেশি। বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিমানের আসা-যাওয়ার তথ্য জানতে বিমানবন্দরে ‘ভেরি হাই ফ্রিকোয়েন্সি ডিরেকশন রেঞ্জ’ নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যন্ত্রটি রয়েছে সেটি ১৮ বছরের পুরোনো। বিশ্বের কোনো বিমানবন্দরে এমন স্পর্শকাতর জায়গায় এত পুরোনো যন্ত্র নেই। বিমানবন্দর থেকে বিমানের দূরত্ব জানার যন্ত্র ডিসটেন্স মেজারিং ইকুইপমেন্ট (ডিএমই) নষ্ট তিন বছর ধরে। আর ব্যাগেজ স্ক্যানিংয়ের জন্য বসানো সাতটি যন্ত্রের মধ্যে চালু আছে চারটি। গত রোববার বিমানবন্দরে দুবাই প্রবাসী নুরুল আবসার জানান, ‘বেশির ভাগ ফ্লাইট ডিসপ্লে বোর্ড নষ্ট থাকে দিনের পর দিন। ফলে বিমানবন্দরে গিয়েও জানা যায় না কোন ফ্লাইটের সময় কখন। ফ্লাইট বাতিল হলেও সময়মতো তথ্য পাই না আমরা। ঢাকা বিমানবন্দরে এসব তথ্য জানানোর জন্য একটি তথ্যকেন্দ্র আছে। কিন্তু আন্তর্জাতিক হয়েও চট্টগ্রামে তথ্য পেতে পদে পদে হয়রানির শিকার হতে হয়।’এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, এতসব যন্ত্রপাতি অচলের বিষয়টি ঢাকায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে কয়েক দফায় চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু সচলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে এসব যন্ত্রপাতি পরিবর্তন বা মেরামতের কাজ এগোচ্ছে না বলে মত ওই কর্মকর্তার।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী জানান, ‘চট্টগ্রাম বিমানবন্দরকে পুরোপুরি আন্তর্জাতিক মানে নিয়ে যেতে অনেক কাজ বাকি আছে। সরকার সেসব করার উদ্যোগ নিয়েছে।’গত এপ্রিলের শেষ সপ্তাহে বিমানবন্দর পরিদর্শন করেছেন তিনি। নিজে দেখেছেন নিরাপত্তা ব্যবস্থাসহ নানা সমস্যা। তখন এক বৈঠকে বিমানবন্দর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনবল পরিস্থিতি সামাল দিতে দৈনিকভিত্তিতে ১২৭ জনকে নিয়োগ দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। এর মধ্যে নিরাপত্তা বিভাগে যে ৯৭ জন কর্মী রয়েছেন তাঁদের ৪৮ জনই দৈনিকভিত্তিক। এদিকে নিরাপত্তা বিভাগে এভাবে দৈনিকভিত্তিক লোক নিয়োগ করায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যায়, চলমান সংকট কাটাতে চার মাস আগে আরও ৩০০ লোক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদর দপ্তরে একটি চাহিদাপত্র পাঠিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। তার আগে ২০০১ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের মান অনুসারে ৫০০ লোক নিয়োগের সুপারিশ করেছিল তখনকার প্রশাসন। কিন্তু কোনোটিই কাজে আসেনি। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, জনবলসংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ঘটছে অপ্রীতিকর ঘটনা। বিশেষ করে যাত্রী হয়রানি এবং মালামাল চুরির অভিযোগ উঠছে প্রতিদিনই। তবে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বলছেন, সমপ্রতি সরকার সিভিল এভিয়েশনকে লোক নিয়োগের অনুমতি দিয়েছে। তাই এবার জনবলসংকট কিছুটা হলেও কেটে যাবে।প্রাণচঞ্চল করার উদ্যোগ নেইচট্টগ্রামের বাণিজ্যিক আর পর্যটন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোকে আকৃষ্ট করতে তোড়জোড় ছিল কর্তৃপক্ষের। প্রথমে বেশ কয়েকটি এয়ারলাইন্স সাড়াও দিয়েছিল। থাই এয়ার, ফুটেক এয়ার, সিল্ক এয়ার, আরএকেসহ কয়েকটি সংস্থার বিমান চলাচল করলেও কয়েকবছরের মধ্যেই তা গুটিয়ে যায়। এখন ওমান এয়ার, এয়ার এরাবিয়া, বাংলাদেশ বিমান আন্তর্জাতিক রুট সচল রাখলেও বাহরাইন এয়ার কিছুদিন আগে শুরু করেও সীমিত করে ফেলেছে ফ্লাইট। অথচ, কথা ছিল ওপেন এয়ার স্কাই পলিসির মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে নিয়ে আসা হবে নতুন নতুন এয়ারলাইন্স। কিন্তু তা হয়নি। অনেকে আগ্রহ দেখিয়েও আসছেন না চট্টগ্রামে। এর প্রথম কারণ, নামে আন্তর্জাতিক হলেও সে মানের সুযোগ-সুবিধা নেই। সেবা থেকে শুরু করে রিফুয়েলিংয়ের ব্যবস্থাও নেই। তেমনি বিমানবন্দরের কাছে নেই ভালো আবাসন ব্যবস্থা। সমস্যা অবকাঠামোরও। ঢাকায় যেখানে রানওয়েতে বে আছে আটটি সেখানে চট্টগ্রামে আছে চারটি। ফলে একসঙ্গে একাধিক বিমান অবতরণের পর জটের আশঙ্কা রয়েই গেছে। এসব সমস্যার কথা মানছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবও। তিনি জানান, ‘বিমানবন্দরে সুযোগ-সুবিধার যেসব ঘাটতি আছে, সেগুলো চিহ্নিত করা হচ্ছে। এসব সমস্যার সমাধান করে এর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পরই বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলোকে আমন্ত্রণ জানানো হবে। আশা করি, তখন চট্টগ্রাম অনেক প্রাণচঞ্চল হবে।’ তিনি স্বীকার করেন, ঢাকার পরই দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের দ্বিতীয় পছন্দ চট্টগ্রাম। কিন্তু চাহিদা মতো অবকাঠামোগত সুবিধা দেওয়া যাচ্ছে না বলে এয়ারলাইন্সগুলো আসতে পারছে না।