আন্দরকিল্লার বইয়ের ব্যবসায় ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতে আন্দরকিল্লার বইয়ের বাজার জমজমাট থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারের বিনামূল্যে বই বিতরণ এবং সব ধরনের নোট ও গাইড বই নিষিদ্ধ করায় বইয়ের ব্যবসায় মড়ক লেগেছে। বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কেউ কেউ। অবশ্য সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে নোট ও গাইড বিক্রি নিষিদ্ধ হলেও ব্যবসায়ীরা তা মানতে নারাজ। তাঁরা প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন। আজ ১০ জানুয়ারি সারা দেশের মতো আন্দরকিল্লাসহ নগরের সব বইয়ের দোকান বন্ধ থাকবে বলে জানান ব্যবসায়ীরা। পাঠক প্রিয় লাইব্রেরির একজন কর্মকর্তা বলেন,‘অতীতে এই সময়ে আমরা বই বিক্রি করে কূল পেতাম না। এবার বসে থাকতে হচ্ছে। সরকার বিদ্যালয়গুলোতে বিনামূল্যে বোর্ডের বই দিচ্ছে। আদালত নোট ও গাইড বই নিষিদ্ধ করায় ব্যবসা একদম কমে গেছে।’ দি পাঠক বুকস, পিপলস লাইব্রেরি, পাঠক বন্ধু লাইব্রেরি, তাজ লাইব্রেরির মতো বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট দোকানগুলোতেও ব্যবসায় ধস নেমেছে বলে জানান সংশ্লিষ্টরা।তবে আন্দরকিল্লায় এখনো গোপনে নোট ও গাইড বিক্রির অভিযোগ রয়েছে। কিছুদিন আগে আন্দরকিল্লায় প্রায় এক কোটি টাকার গাইড ও নকল বই বাজেয়াপ্ত করা হয়। আফসানা বানু আন্দরকিল্লায় এসেছেন মেয়ের জন্য গাইড কিনতে। তিনি বলেন, কিছু দোকান গাইড বিক্রি করছে না। তবে কিছু দোকান করছে—এটাও ঠিক। জানতাম নিষিদ্ধ হওয়ায় গাইড পাওয়া কষ্ট হবে। কিন্তু কোনো না কোনো দোকানে পাব —এই ধারণা ছিল।’ বৈশাখী, ইন্টারনেট নামের গাইড বিক্রি হচ্ছে বেশি। বিক্রেতারাও জানেন গাইড নিষিদ্ধ, জানেন ক্রেতারাও। এ ব্যাপারে এক বিক্রেতা নাম প্রকাশ না করে বলেন, ‘সারা বছর অপেক্ষায় থাকি এ সময়টার জন্য। এবার ব্যবসায় দুর্যোগ চলছে। অনেক গাইড গুদামে আটকে আছে। লোকসান কমাতে বাধ্য হয়ে গাইড বিক্রি করছি। মানুষ বুঝে আমরা গাইড বিক্রি করি। পেট তো চালাতে হবে।’