মূল রচনা: মালয়েশিয়ার লমুট বন্দর থেকে রওনা হওয়ার পর ৩ জুলাই আন্দামান সাগরে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের জাহাজ এমভি হোপ। জাহাজে ছিলেন ১৭ জন নাবিক। জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দেন নাবিকেরা। ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সমুদ্রে শুরু হয় বাঁচার লড়াই। বেঁচে আসা নাবিকদের একজন মোহাম্মদ ওসমান জানালেন তাঁর অভিজ্ঞতার কথা
আন্দামান সাগরে মৃত্যুর সঙ্গে যুদ্ধ
চট্টগ্রামের মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতাল। কেবিন নম্বর ৭০৭। মোহাম্মদ ওসমান বসে আছেন হাসপাতালের শয্যায়। মুখে খোঁচা খোঁচা দাড়ি। পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি। সেবিকা এসে হাতের ব্যান্ডেজ পাল্টে দিচ্ছেন। ব্যথায় ওসমানের চোখ-মুখ কুঁচকে যাচ্ছে বারবার। হাত আর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে কেবল। কাঁধের জখমটা এখনো দগদগে। সেসব নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই তাঁর। আন্দামান সাগরে ডুবে যাওয়া জাহাজ এমভি হোপের ইঞ্জিন মেকানিক ওসমানের জীবনের সবচেয়ে বড় ঘটনা তিনি এখনো বেঁচে আছেন!সমুদ্রের স্বাদসাগরপারের ছেলে মোহাম্মদ ওসমান। সেই ছেলেবেলা থেকেই সাগর তাঁকে ডাকত খুব। সাগর পাড়ি দেওয়ার নেশাতেই ওসমানের পড়ালেখা বেশি দূর এগোয়নি। নবম শ্রেণীতে পড়ার সময়েই পড়ালেখায় ইস্তফা। ১৯৯৫ সালে সুযোগ মিলল প্রথম। পতেঙ্গার নারিকেলবাড়ি থেকে ওসমান চলে গেলেন বাহরাইনের আসরি শিপইয়ার্ডে। সেখানে টেকনিশিয়ানের কাজ। আশপাশে বাংলাদেশির অভাব নেই। বেতনও মন্দ নয়। সব মিলিয়ে আসরি জায়গাটাকে ভালোই লেগে গেল ওসমানের। বছর ছয়েক কাটল আসরিতে।২০০১ সালে দেশে ফিরলেন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। চট্টগ্রামের ফি পোর্ট এলাকার মেয়ে মনোয়ারা বেগম বউ হয়ে ওসমানের ঘরে এলেন সে বছরই। বিয়ের পর মনোয়ারা মন দিলেন স্বামীকে ‘ধরেবেঁধে’ রাখার কাজে। কিন্তু লাভ হলো না বিশেষ।‘এক জায়গায় ভালো লাগত না বেশি দিন। মনে হতো খালি ঘুরি আর ঘুরি। এক জায়গায় বেশি দিন থাকলে উদাস উদাস লাগত।’ বলছিলেন ওসমান।অতএব, ওসমান সাগর পাড়ি দিলেন আবারও। এবার গন্তব্য আরব আমিরাতের জেবল আলি বন্দর। সেখানে জাহাজ কারখানায় চাকরি। বছর তিনেক চাকরির পর দেশে ফিরলেন ওসমান। স্ত্রী মনোয়ারা হয়তো ভেবেছিলেন এবার থিতু হবেন মানুষটা। কিন্তু কোথায় কী। জাহাজে লোক নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি দেখে ওসমান আবারও সাগরে যাওয়ার জন্য উঠেপড়ে লাগলেন বছর তিনেক না যেতেই। বেশ কয়েকটা জাহাজ ঘুরে ২০১২ সালে ওসমান ইঞ্জিন মেকানিক হিসেবে যোগ দিলেন বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি হোপে।রাত্রি অন্ধকার২ জুলাই ২০১৩। মালয়েশিয়ার লমুট বন্দর। আকাশ খানিকটা মেঘলা। ঢেউয়ের রাজ্য পেরিয়ে এমভি হোপ ছুটেছে বাংলাদেশ পানে। খুশির ঢেউ এসে লেগেছে জাহাজের নাবিকদের মনেও। সামনে ঈদ। ডলারের চিন্তা না করে মনভরে কেনাকাটা করেছেন তাঁরা। মালয়েশিয়ার এলইডি টিভি ভালো। তাই বুদ্ধি করে নতুন টিভি কিনে ফেলেছেন প্রায় সবাই। ওসমান টিভি কেনেননি। তাঁর তিন মেয়ে। শাড়ি, গয়না, সালোয়ার-কামিজ, থ্রি-পিস কিনেছেন ওদের জন্য ব্যাগভর্তি করে। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার ডলার বেরিয়ে গেছে। তবু ওসমান খুশি।৩ জুলাই, রাত ১১টা। এমভি হোপ পাড়ি দিচ্ছে আন্দামান সাগর। ওয়াচাররা বাদে জাহাজের বাকি সব নাবিকের চোখে ঘুম নেমেছে। ঘুমের মধ্যেই হঠাৎ ওসমানের মনে হলো তিনি বিছানা থেকে পড়ে যাচ্ছেন। আন্দামানের এই জায়গাটায় এমনিতেই বেশি ‘রোলিং’ হয়। কিন্তু বিছানা থেকে পড়ে যাওয়া মানে খুব খারাপ কিছু ঘটেছে।রাত প্রায় ১২টা। ২৫ ডিগ্রি মতো কাত হয়ে গেছে এমভি হোপ আর সোজা হচ্ছে না। জাহাজে সতর্কতাসংকেত জারি হয়েছে। সবাইকে বলা হয়েছে ‘স্ট্যান্ড বাই’ থাকতে।১৫ কিলোমিটার দূরে থাকা আরেক জাহাজের কাছে দ্রুত জরুরি বার্তা পাঠানো হলো: ‘আমরা বিপদে পড়েছি।’এক ঘণ্টা পর। প্রায় ৪৫ ডিগ্রি কাত হয়ে গেছে এমভি হোপ। নাবিকদের লাফ দিতে বলে ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার ‘ফ্লায়ার’ ছুড়লেন আকাশে, যাতে দূরের জাহাজ বা বিমান বুঝতে পারে তাঁরা বিপদে পড়েছেন। ফ্লায়ার ছুড়তে গিয়ে ক্যাপ্টেনের হাত ঝলসে গেল। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ করার সময় নেই তাঁর। বিপন্ন নাবিকদের নিয়ে লাইফ র্যাফট ভাসল পানিতে। তখনো তাঁরা জানেন না, ক্যাপ্টেনের সঙ্গে সেটাই তাঁদের শেষ দেখা।লাইফ র্যাফটের আশ্রয় টিকল না বেশিক্ষণ। দানবীয় এক ঢেউয়ের ধাক্কায় পাতার মতো উল্টে গেল লাইফ র্যাফট। কিছু বুঝে ওঠার আগেই ওসমান দেখলেন, তিনি ভাসছেন আন্দামান সাগরে। হাতে বয়া। সামনে শুধুই দানবীয় ঢেউ আর অন্ধকার।‘এক একটা ঢেউ আসে আট থেকে দশ মিটার উঁচু। আমি ঢেউয়ের নিচে পড়ে যাই। চারপাশ সব অন্ধকার দেখি। আবার ভেসে উঠি। শুরুতে সবাই কাছাকাছি ছিলাম আমরা, ঢেউয়ের তোড়ে কে যে কোথায় ভেসে গেল, জানি না।’ওসমানের ভাগ্য ভালোই বলতে হবে। আন্দামান সাগরের পানি তখন উষ্ণ। ঘণ্টার পর ঘণ্টা কাটে। ঢেউয়ের সঙ্গে ওসমানের যুদ্ধ চলতে থাকে। উত্তাল সাগরে ভেসে কত ঘণ্টা কেটেছে, কীভাবে কেটেছে, খুব বেশি মনে নেই ওসমানের। শুধু মনে আছে তাঁর উদ্ধার অভিযানের টুকরা টুকরা ছবি।‘উদ্ধারকারী জাহাজ এসে বারবার চক্কর দিচ্ছিল আমার চারদিকে। কিন্তু আমাকে তুলতে পারছিল না। বারবার অল্পের জন্য বয়াটা ছুটে যাচ্ছিল হাত থেকে। বয়াটা ধরতে যাব। এমন সময় ঢেউ এসে আরেক দিকে নিয়ে যায়। পরপর বেশ কয়েকবার।’সাগরপারের ছেলে ওসমান। সাগরের ভয়াল রূপ তাঁর দেখা। ভয়াল সাগরের সঙ্গে যুদ্ধ করে কীভাবে বেঁচে থাকতে হয়, সেটাও তাঁর জানা। মৃত্যু তাঁকে খুব কাছ থেকে দেখছিল। কিন্তু ওসমান মনোবল হারাননি।‘শেষবার যখন জাহাজের বয়াটা আমার কাছে এল, আল্লাহকে বললাম, এইবার আমাকে একটা সুযোগ দাও। তারপর প্রাণপণে ধরতে গেলাম বয়াটা। কী হয়েছে জানি না। বেশ কিছুক্ষণ পর মনে হলো কাজ হয়ে গেছে। ওরা টেনে ওঠাতে শুরু করল আমাকে।’ওসমানের উদ্ধার অভিযানের উত্তেজনা শেষ হতে পারত এখানেই। কিন্তু হলো না। জাহাজের গায়ে ঘষা লেগে শরীরের বিভিন্ন জায়গা থেঁতলে গেছে। পা থেকে রক্ত ঝরছে। কাঁধের কাছটা প্রায় অবশ। ওসমান সেবারের মতো বেঁচে যাচ্ছিলেন। কিন্তু...ডেকে পা রাখার ঠিক আগ মুহূর্তে আচমকা হাত ফসকে গেল ওসমানের। ওসমান নিশ্চিত জানেন পড়ে যাওয়া মানেই সব শেষ।আবারও ভাগ্য সহায়। ওসমান পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ বেগে তাঁকে ধরতে হাত বাড়ালেন ফিলিপাইনের একজন উদ্ধারকর্মী। ওসমানের হাত ধরতে পারলেন না। কিন্তু একদম শেষ মুহূর্তে ওসমানের টি-শার্ট খামচে ধরে ফেললেন তিনি। মৃত্যুর দুয়ার থেকে আরও একবার ফিরে এলেন মোহাম্মদ ওসমান। এরপর আঁধার নামল তাঁর দুই চোখে। দু-তিন ঘণ্টা পর যখন জ্ঞান ফিরল, জাহাজের ডেকে শুয়ে আছেন ওসমান। কেউ একজন পানি খাওয়ানোর চেষ্টা করছে তাঁকে।এখানে নোঙরন্যাশনাল হাসপাতালের ৭০৭ নম্বর কেবিনে আপাতত নোঙর ফেলেছেন নাবিক মোহাম্মদ ওসমান। স্ত্রী মনোয়ারা বেগম ২৪ ঘণ্টা লেগে আছেন স্বামীর পেছনে। এবার কঠিন পণ করেছেন, আর স্বামীকে চোখের আড়াল করছেন না কিছুতেই। মা সায়েরা বেগমের খুশির অন্ত নেই। এবার ঈদে হয়তো নতুন জামা পরা হচ্ছে না শান্তা, শোভাদের। বাবাকে ফেরত পাওয়ার খুশিতে এ নিয়ে বিশেষ মাথাব্যথাও নেই তাদের। খানিকটা মুশকিল হয়েছে শুধু ওদের ছোট বোন ইভার। সাত মাস বয়স মোটে তার। দুটো দাঁত উঠেছে কি ওঠেনি। বাবাকে ঘিরে এসব হইহল্লা, ছবি তোলাতুলি সম্ভবত ঠিক পছন্দ নয় ছোট্ট ইভার। বাবার কোলে চড়ে নাক-মুখ ফুলিয়ে আহ্লাদী সুরে সে কেঁদেই যাচ্ছে। কেঁদেই যাচ্ছে।