ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দিলেও বিএনপি মাঠে নামতে পারছে না। কিন্তু কেন? আছে অনেক কারণ। তবে আমাদের আশা কিংবা আশঙ্কা—খুব শিগগিরই হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে! আন্দোলন যদি দেশব্যাপী হয়, তাহলে কিন্তু মন্দ হয় না। কেন? সেটাই বলছি শুনুন।

অনেক দিন ঢাকায় বসে থাকার ফলে বিএনপির নেতা–কর্মীদের নিশ্চয়ই বাতের ব্যথাসহ নানা ধরনের ব্যারামে ধরেছে। সারা দেশে হাঁটা–চলা করলে ব্যথা–বেদনা সব চলে যাবে।
অনেক দিন ধরেই টক শোগুলো ম্যাড়ম্যাড়ে টাইপের হয়ে গেছে, ভালো সাবজেক্ট হবে এই আন্দোলন।
স্কুল–কলেজে না যাওয়ার একটা ভালো অজুহাত পাবে শিশু–কিশোর, তরুণেরা।
সব নেতা–কর্মী দেশজুড়ে আন্দোলন করবেন বলে দেশের পর্যটনশিল্পের প্রসার ঘটবে।
দেশের সব এলাকার মাইক ব্যবসায়ীরা জমজমাট ব্যবসা করতে পারবেন।
নেতা–কর্মীদের সৌজন্যে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালগুলো উন্নত করতে বাধ্য হবে সরকার।
এসব ভালো কাজের বিজ্ঞাপন করে নির্বাচনী প্রচারণার কাজে লাগাতে পারবে বিএনপি।
সাবধানতা!
আন্দোলন দীর্ঘদিন ধরে চললে আন্দোলনের মূল লক্ষ্য নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই কী নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা ভুলে গেলে চলবে না।