নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান—এ দুই পক্ষের বিরোধ অনেক পুরোনো। সম্প্রতি খসরু পক্ষের লোকজনের মধ্যেও বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার দলের নাসিমন ভবনের সামনে দুটি সমাবেশে খসরু পক্ষের লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হাতাহাতি ও চেয়ার ছুড়ে মারার মতো ঘটনাও ঘটে।এ সময় এক পক্ষ নিজেদের পছন্দের নেতার পক্ষে স্লোগান দিতে চাইলে অন্য পক্ষ বাধা দেয়। দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতেই এসব ঘটনা ঘটে। বৃহস্পতিবারের ঘটনায় প্রতিপক্ষের হাতে একজন নেতা প্রহূত হয়েছেন।নগর বিএনপির নোমানের অনুসারীরা এ দুটি সমাবেশ আলাদাভাবেই করেন। আজ রোববারও বিএনপির কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি খসরু ও নোমানের অনুসারীরা আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিকেলে প্রথম সমাবেশ করবেন নোমানের অনুসারীরা। পরে একই জায়গায় সমাবেশ করবেন খসরুর অনুসারীরা। তবে খসরুর অনুসারীরা দলের কার্যালয়ের বাইরে লালখান বাজার, জমিয়তুল ফালাহ, কাজির দেউড়ী, ডিসি হিল প্রভৃতি জায়গায় আলাদাভাবে সমাবেশ করে পুলিশকে বেকায়দায় ফেলার পরিকল্পনা নিয়েছেন বলে জানা যায়।দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মনে করেন, এভাবে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে দলকে সুসংগঠিত করা যাচ্ছে না। ফলে নগর বিএনপির পক্ষে সরকারবিরোধী আন্দোলন জমিয়ে তোলা সম্ভব হচ্ছে না। সব পক্ষ এক হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কোণঠাসা করে চট্টগ্রামে সরকারবিরোধী আন্দোলনে গতি আনা অসম্ভব নয় বলে দলীয় নেতা-কর্মীদের অনেকেই মনে করেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমাবেশগুলোতে বিশৃঙ্খলা হচ্ছে, তা অস্বীকার করছি না। আওয়ামী লীগের কিছু চর মনে হয় আমাদের দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ঢুকে যেতে পারে।’ দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।সমাবেশে নগর বিএনপির জ্যেষ্ঠ পাঁচ নেতা এবং ছাত্রদল ও যুবদল থেকে একজন করে মোট সাতজন বক্তৃতা দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শেষমুহূর্তে হালিশহর থানার ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা শহীদ চৌধুরী বক্তৃতা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে মঞ্চে এক নেতার কাছে মুঠোফোনে খুদেবার্তা (মেসেজ) পাঠান।সূত্রমতে, শহীদ চৌধুরী মঞ্চ থেকে সাড়াশব্দ না পেয়ে নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন ওরফে দীপ্তিকে কটূক্তি করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ায় ছাত্রদলের কয়েকজন কর্মী শহীদকে পিটুনি দেন। এতে সমাবেশস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দলীয় কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক পক্ষকে অন্য পক্ষের দিকে চেয়ার ছুড়ে মারতে দেখা যায়। নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সভা পরিচালনার সময় হালিশহরের বিএনপির নেতা শহীদ চৌধুরী আমাকে নিয়ে কটূক্তি করলে উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে সরিয়ে দেন। এতে সামান্য অবাঞ্ছিত ঘটনা ঘটে।’ এর আগে গত মঙ্গলবার বিকেলে নাসিমন ভবন চত্বরে অনুরূপ এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। ওই সমাবেশেও দলীয় নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মোরশেদ খান সরকারবিরোধী আন্দোলন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে দলাদলি থাকলে শহীদ জিয়ার অন্তর ব্যথা পাবে।’ বিএনপির কয়েকজন নেতাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যাঁরা দুর্বল প্রকৃতির নেতা, তাঁরাই দলাদলি করেন। নেতারা দলাদলি করবেন আর কর্মীরা মূল্য দেবেন, তা হতে পারে না।’ দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবারের সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর নামে স্লোগান দেওয়া নিয়ে বিশৃঙ্খলা হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যা মোরশেদ খানও দেখেছেন। এ কারণে তিনি ক্ষুব্ধ।শাহাদাৎ হোসেন বলেন, ‘মঞ্চে কেউ বক্তৃতা দিতে উঠলে তাঁর নামে স্লোগান দেওয়া নিষেধ। কেন্দ্র থেকে এ ব্যাপারে আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছে—যেখানে শহীদ জিয়া, বেগম জিয়া ও তাঁদের বড় ছেলে তারেক রহমানের নামেই শুধু স্লোগান দেওয়ার কথা বলা আছে।’