চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য চাপ বাড়ছে। এ জন্য উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা এক টেবিলে সমঝোতা বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। আলোচনায় বসতে দুইপক্ষ নমনীয় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ১৫ এপ্রিল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেললাইনের ওপর আসাদুজ্জামান নামের বিবিএ হিসাববিজ্ঞান বিভাগের এক ছাত্রকে ছুরিকাঘাত করা এবং পরদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এতে গোটা ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ে। এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য ছাত্রলীগের সঙ্গে আলোচনায় না বসে ক্যাম্পাস সচলের ব্যর্থ চেষ্টা করেন। এ জন্য তিনি পুলিশ ও প্রশাসনের সাহায্য নিচ্ছেন। কিন্তু পুলিশ ও প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে ক্যাম্পাস যে সচল করা যায় না তা তিনি নিশ্চয় অনুধাবন করতে পেরেছেন।’ এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘উপাচার্য আলোচনায় ডাকলে আমাদের বসতে সমস্যা নেই। তিনি আলোচনায় ডাকছেন না বলেই তো আমরা তাঁর পদত্যাগ দাবি করেছি। আর চলমান আন্দোলন থেকেও আমাদের সরে আসার সম্ভাবনা নেই।’ এ বিষয়ে উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের আন্দোলনকারী নেতাদের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেব ডেকেছেন। আন্দোলনকারীরা মেয়রের অনুরোধ রক্ষা করেনি।’ ছাত্রলীগের নেতাদের ডাকতে আপনার অসুবিধা কোথায়—এ প্রশ্নের জবাবে উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘আমার কোনো অসুবিধা নেই। তবে ছাত্রলীগ বহুধাবিভক্ত। কর্মী-সমর্থকদের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই বলে মনে হচ্ছে। তাদের একজনকে ডাকলে অন্যরা নাখোশ হবে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এবং অন্য একটি অংশ আ জ ম নাছিরের অনুসারী বলে জানা গেছে। মেয়র সমর্থকেরা ইতিপূর্বে বহুধাবিভক্ত হলেও তাঁরা এখন ঐক্যবদ্ধ বলে একাধিক নেতা জানিয়েছেন। তবে তাঁরা এখন আর মেয়রের সঙ্গে নেই। কারণ চলমান আন্দোলনে মেয়র সরাসরি উপাচার্যকে সমর্থন দেওয়ায় ছাত্রলীগের এই অংশ স্বতন্ত্র অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এদিকে, চলমান আন্দোলনে প্রায় তিন সপ্তাহ ধরে ক্যাম্পাস অচল রয়েছে। ঝুঁকি নিয়ে কিছুসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী ক্যাম্পাসে যাতায়াত করছেন। কারণ অবরোধের মধ্যে শিক্ষকবাসে হামলা, শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া এবং ক্যাম্পাস রুটের যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ এ সমস্যাকে রাজনৈতিক অভিহিত করে সমাধানও চেয়েছেন রাজনৈতিকভাবে। তাই দুইপক্ষকে ছাড় দিয়ে সমঝোতার টেবিলে বসার চাপ বাড়ছে।উপাচার্য আবু ইউসুফ আন্দোলনকারী ছাত্রলীগের নেতাদের সঙ্গে সমঝোতায় বসতে রাজি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রলীগের দুইপক্ষের নেতাদের সঙ্গে আমি বসব। আজ-কালের মধ্যে তাঁদের ডাকা হবে।’ আন্দোলকারী এবং আ জ ম নাছিরের অনুসারীদের বৈঠকে দেখা যাবে বলে উপাচার্য প্রথম আলোকে জানিয়েছেন।উপাচার্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ‘মনে হয় স্যার অনেক দেরি করে ফেলেছেন। নইলে শিক্ষক-শিক্ষার্থীদের তিন সপ্তাহ ধরে ভোগান্তির শিকার হতে হতো না। উপাচার্য ডাকলে আমাদের দাবি নিয়ে তাঁর সঙ্গে আলোচনায় বসব। মেয়র বা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে আমরা বসব না। কারণ বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যা মেয়রের পক্ষে সমাধান সম্ভব নয়।’এদিকে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মী-সমর্থকদের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না বলে জানা গেছে। ফৌজদারি মামলার আসামিদের গ্রেপ্তার ও আসাদুজ্জামানসহ তিন ছাত্রের হত্যাকারীদের ধরতে পুলিশ ফাঁদ পেতেছে। পুলিশি অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে উচ্ছৃঙ্খল কয়েকজন ছাত্র চট্টগ্রাম থেকে আত্মগোপনে চলে গেছেন।রেলওয়ে ও জেলা পুুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছাত্রদের তালিকা তৈরি হয়েছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’