আন্দোলনে নামছে বোয়ালখালীবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালুরঘাটে নতুন দ্বিমুখী সেতুর দাবিতে সোচ্চার হয়ে উঠেছে কর্ণফুলী পাড়ের উপজেলা বোয়ালখালী ও আশপাশের বাসিন্দারা। নতুন সেতুর দাবিতে তারা ইতিমধ্যে আন্দোলনে নেমেছে। ১০ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে তারা।
আন্দোলনকারীদের মতে, চট্টগ্রাম নগর থেকে সবচেয়ে কাছের উপজেলা হয়েও বোয়ালখালীর মানুষ অবহেলিত। নগরে আসতে তাদের ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করতে হয়। সেতু না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। মহানগরের কেন্দ্র থেকে বোয়ালখালী উপজেলা সদরের দূরত্ব মাত্র ছয় মাইল। কিন্তু একটি সেতুর অভাবে যাতায়াত ব্যবস্থায় পিছিয়ে পড়েছে বোয়ালখালী অঞ্চল। দুরূহ ও সময়সাপেক্ষ যোগাযোগের কারণে ওই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব রমেন দাশগুপ্ত বলেন, ‘একটি দ্বিমুখী সেতু হলে বোয়ালখালী ও আশপাশের এলাকায় বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। এখানে শিল্প-কারখানা বাড়বে। এতে করে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে। তাই আমরা নতুন সেতুর দাবিতে এই আন্দোলন শুরু করেছি।’
বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়িত হলে শুধু বোয়ালখালী নয়, তার পাশের পটিয়া উপজেলার পূর্বাংশ ধলঘাট-রতনপুর এলাকার প্রায় ৫০ হাজার মানুষ যোগাযোগসহ বিভিন্নভাবে উপকৃত হবে।
এই সেতু বাস্তবায়ন হলে বোয়ালখালীর ভান্ডারজুরী-জৈষ্ঠপুর পাহাড়ের মাত্র পাঁচ কিলোমিটার পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হলে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সরফভাটা, শিলক ও বাঙ্গালহালীয়া এলাকার কয়েক লাখ লোক খুব সহজে চট্টগ্রাম শহরে পৌঁছাতে পারবে। প্রায় আট লাখ লোক সেতুটির উপকার ভোগ করতে পারবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।