আন্দোলনে নির্বাচনী প্রস্তুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছেন নগর বিএনপির শীর্ষ নেতারা। তাঁরা স্থানীয় কর্মী-সমর্থকদের সময় দিচ্ছেন বেশি। গণসংযোগ এবং সভা করছেন। নির্বাচনকে ঘিরে কর্মীদের নানা নির্দেশনাও দিচ্ছেন বলে জানা গেছে।চার বছর আগে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৫টির মধ্যে বিএনপি কেবল তিনটি আসনে জয়ী হয়। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী একটি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আরেকটি আসনে জেতে। বাকি ১০টির মধ্যে আটটি আওয়ামী লীগ, মহাজোটের শরিক জাতীয় পার্টি (এরশাদ) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী একটি করে আসনে জয়ী হন। নির্বাচনে নগরের আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হেরে যান।দলীয় সূত্র জানায়, নির্বাচনে হেরে গেলেও নোমান-খসরু বিচ্ছিন্ন হননি নেতা-কর্মীদের কাছ থেকে। এদিকে গত সংসদ নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রার্থী না হলেও এবার তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে চট্টগ্রামের কোন আসন থেকে মীর নাছির নির্বাচন করবেন তা ঠিক হয়নি। নেতা-কর্মীরা জানান, চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতি নোমান, খসরু ও মীর নাছিরকে ঘিরে আবর্তিত। তাঁরা তিনজনই মাঠে আছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের সঙ্গে। গত জাতীয় সংসদ নির্বাচনে নোমান চট্টগ্রাম-৯ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর এবং পাঁচলাইশ ও খুলশীর আংশিক এলাকা) এবং খসরু চট্টগ্রাম-১০ আসনে (পতেঙ্গা ও বন্দর) নির্বাচন করেন। জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় সরকার প্রয়োজন। এই কথাগুলো আমি আমার নির্বাচনী এলাকার জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। তাঁদের সরকারবিরোধী আন্দোলনে শামিল হতে বলেছি, যাতে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়। এর মাধ্যমে আমার নির্বাচনী এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়ছে।’ নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি দুটোই আমাদের চলছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে চট্টগ্রামের সব কটি আসন আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব। এ জন্য মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে।’চট্টগ্রামের আরেক কেন্দ্রীয় নেতা এম মোরশেদ খান তাঁর নিজ নির্বাচনী এলাকা (চান্দগাঁও-বোয়ালখালী) ছাড়াও অন্য এলাকা নিয়ে মাথা ঘামান না। তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁরও নিয়মিত যোগাযোগ আছে বলে জানা গেছে। দলীয় অপর একটি সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনও তাঁর গ্রামের বাড়ি হাটহাজারীর কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। তিনি ঘন ঘন হাটহাজারীতে যাচ্ছেন। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও সভা-সমাবেশ। এই এলাকা থেকে তিনি নির্বাচন করতে আগ্রহী। গত শুক্রবারও তিনি হাটহাজারীর তিনটি জায়গায় পথসভা করেছেন। জানতে চাইলে মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অবশ্যই নির্বাচন করব। তবে এই নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তাই আমি হাটহাজারীর প্রতিটি পাড়ায় যাচ্ছি, যাতে আমার এলাকার লোকজন আন্দোলন বেগবান করে হাসিনা সরকারের পতন ঘটায়। তাদের সুখ-দুঃখেও আমি নিজেকে সম্পৃক্ত করেছি। আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি দুটোই আমাদের চলছে।’