আপন আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবার আঙুল ধরে ইশকুলে যেতে হবে—এ ছিল আমার নিত্যদিনের বায়না। আমার যখন ১০ বছর বয়স তখনই বাবা বিদেশে চলে যান। মা সহজে বাড়ি থেকে বের হন না। সুতরাং সব মিলিয়ে আমাকে একা একা ইশকুলে যেতে হয়। শুরুতে বেশ অস্বস্তিতে পড়েছিলাম। কিছুদিন বাদে ঠিক হয়ে গেল। ইশকুলে যেতাম কয়েকজন সহপাঠী মিলে। গল্পে গল্পে ইশকুলে পা বাড়াই।

বাবা যে সময়টায় কাতারে গেলেন, আমাদের এলাকার মানুষ তখন সচরাচর প্রবাসে যায় না। বাবা সময়-সুযোগ পেলেই মায়ের কাছ থেকে আমাদের খবর নিতেন। ইশকুলে যাওয়া, খাবারদাবার, বন্ধুবান্ধব কারা কেমন—ইত্যাকার বিষয়ে খোঁজ নিতেন। লেখাপড়া কেমন করছি জানতে চাইতেন। বলতেন, সংসারে হয়তো এখন অভাব চলছে। তো আমার সন্তানেরা যেন কষ্ট না করে। মা যথেষ্ট বুদ্ধিমতী ও সচেতন নারী। আমাদের কষ্ট হয়নি। আমরা সর্বোপরি ভালোই ছিলাম। দীর্ঘকাল ধরে আজ অবধি মায়ের মমতা আর শাসনে বেড়ে উঠছি।

বাবা প্রতিবছর একটা সময় করে আমাদের কাছে আসেন। বেশির ভাগ কোরবানির ঈদে আসেন। দীর্ঘদিনের জমে থাকা ভেতরের সব ভালোবাসা উজাড় করে দেন। স্নেহের পরশ বুলিয়ে দেন। আদরে আদরে আমাদের মন ভরিয়ে দেন। উৎসাহ-উদ্দীপনায় বেড়ে ওঠার প্রেরণা দেন। বাবার আদর্শে লালিত হওয়ার বাণী শোনান। কখনো দেখিনি ও শুনিনি, বাবা কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার কিংবা ঝগড়া করেছেন। আমাদেরও কখনো অযথা অকারণে দেননি কোনো ধমক।

বাবা এ জীবনে কত ঝড়ঝাপটার সম্মুখীন হয়েছেন, ব্যবসায় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তবু আমাদের সামনে চিন্তিত এবং টুঁ শব্দ পর্যন্ত করেননি। সেবার এক প্রজেক্টের কাজে অনেক টাকা লস খেয়েছেন। আমি সেটা মায়ের মুখ থেকে শুনে বাবাকে জিজ্ঞেস করে কোনো আওয়াজ পাইনি। বাবা কত অদ্ভুত মানুষ! নিজের অসুস্থতার কথা পর্যন্ত আমাদের জানতে দেন না। পাছে আমরা ব্যাধিগ্রস্ত হই। কোনো কিছুর জন্য বাহানা এবং তালগোল পাকাতে হয়নি আমাদের কাউকে কোনো দিন। মাকে বলতেই সব পেয়ে যেতাম। যেন মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো।

বাবা গত ঈদে শারীরিক অসুস্থতার কারণে দেশে আসেন। একজন প্রফেসর বাবাকে সেবা দেন। বাবার পর্যাপ্ত দেখভাল করেন। একদিন প্রফেসরকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাবার মূলত কী প্রবলেম? আঙ্কেল বলেন, ‘ভাতিজা, বাবা একটা পেয়েছ। এমন বাবা সবার হয় না। তোমাদের এ ছায়া যেন দীর্ঘ হয়।’

পৃথিবীর সব বাবা তাঁর সন্তানের কাছে হীরকতুল্য। তারপরও আমাদের বাবার রং স্বাদ সবই ব্যতিক্রম। আমরা কী করছি, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি—এটাই যেন বাবার নিত্য রুটিন। আমরা চার ভাই আজ চার দেশে। বাবা বলেন, মনটা চার জায়গায় সব সময় পড়ে থাকে। আমার কিছুতে মন বসে না, শুধু সন্তানদের কথা মনে পড়ে।

বাবার ভালোবাসায় আমরা এতটাই সিক্ত, যা বর্ণনাতীত। উপমাহীন। আমাদের নির্ভয় ও নির্ভরতার আশ্রয় বাবা। আমাদের যতনে রাখার প্রতিষ্ঠান বাবা। তবে সেই ছেলেবেলায় ইশকুলে যাবার পর থেকে আজ কতটা দিন হলো, তোমার হাত ধরে ইশকুলে যাওয়া হয় না, বাবা। তোমার ক্রোড়ে মাথা রেখে ঘুমানো হয় না।