কফি আনান। জাতিসংঘের সাবেক মহাসচিব। তাঁর জন্ম ১৯৩৮ সালের ৮ এপ্রিল ঘানায়। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ২০০১ সালে, যৌথভাবে জাতিসংঘের সঙ্গে। ১৯৭২ সালে এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। জাতিসংঘের মহাসচিব থাকাকালীন ১৯৯৭ সালের ৬ জুন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সমাবর্তনে তিনি এই বক্তব্য দেন। পরিচিত পরিবেশে জমকালো এই উৎসবে তোমাদের অভিনন্দন জানানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত। উচ্চশিক্ষার জন্য বোস্টনে বেশ ভালো কিছু প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু কোনোটাই এমআইটির মতো নয়। সম্মানিত প্রেসিডেন্ট, ট্রাস্টিজ ও সুধী, আসুন, এমআইটির সবচেয়ে মেধাবী ও উজ্জ্বল, নিবেদিতপ্রাণ ও স্বাপ্নিক শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দনে সিক্ত করি।কিন্তু হে গ্র্যাজুয়েটরা, শোনো, তোমরা নিশ্চয় খুব ভালো করেই জানো যে এটা তোমরা একলাই করোনি। তাই এসো, যারা সব সময় তোমাদের পাশে দাঁড়িয়েছে, তোমাদের মা-বাবা ও প্রিয় বন্ধুদের করতালির মাধ্যমে কৃতজ্ঞতা জানাই।তোমরা এখন মুক্ত, পরীক্ষার চাপ থেকে মুক্ত। তোমাদের সামনে এখন অবারিত জীবনের নতুন যাত্রাপথ। শিক্ষাজীবনের যত ঋণ, যত দায়, সেসব শোধার সময় এখন।আজ যেখানে তোমরা বসা, একদিন আমিও সেখানটায় বসেছিলাম। কিলান কোর্টে আজ তোমাদের এই আনন্দমাখা মুহূর্তে মনে পড়ে যায় ২৫ বছর আগের কথা। তখন আমি এই এমআইটিতে পড়তাম। এখানে স্লোন ফেলো (এমআইটিতে ম্যানেজমেন্টে মাস্টার্স) হিসেবে আমি ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেছিলাম। শিখেছিলাম আরও গুরুত্বপূর্ণ অনেক কিছুই।শুরুতে সহপাঠীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার রেশ ছিল। আমি বলব, সবার মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। সফল হওয়ার জন্য এবং নিজ নিজ নেতৃত্বগুণ প্রমাণের জন্য প্রত্যেকেই সমান সংকল্পবদ্ধ ছিল। আমাদের মধ্যে কোনো মেয়ে শিক্ষার্থী ছিল না। আমি অসম্ভব রকম খুশি যে সেটা আজ বদলেছে। প্রথম পর্বের মাঝামাঝি সময়ের কোনো একদিন চার্লস নদীর তীরে হাঁটছিলাম। হাঁটছিলাম আর ভাবছিলাম আমার উদ্বেগ আর সংশয় নিয়ে। এত মেধাবীর ভিড়ে কীভাবে টিকে থাকব, কীভাবে সফল হব? জবাবটা যেন ভেতর থেকেই পেলাম, ‘অন্যকে অনুকরণ কোরো না, আপন ইচ্ছার অনুচারী হও। হূদয়ের কথা শোনো।’ বাঁচতে হলে বাছতে হবে। কিন্তু বাছবিচারের আগে তোমাকে অবশ্যই জানতে হবে, তুমি কে? তোমার স্বপ্ন কী? তোমার গন্তব্য কোথায়? কেন সেথায় যেতে চাও তুমি? দেখলাম, ধীরে ধীরে আমার উদ্বেগ উবে গেল। এমআইটি থেকে ফল হিসেবে আমি শুধু যে একধরনের বিশ্লেষণী শক্তি অর্জন করেছিলাম তা-ই নয়, নতুন যেকোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া কিংবা যেকোনো চ্যালেঞ্জকে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টির সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা এবং কাজের বেলায় সহকর্মীর মতামত নিলেও শেষে নিজের কাজটা নিজের মতো করেই করা ইত্যাদি বিষয়ে বুদ্ধিবৃত্তিক আস্থা বা আত্মবিশ্বাসটাও অর্জন করেছিলাম এমআইটি থেকে। এমআইটির অ্যালামনাইদের কথা যখন কেউ ভাবে, দেখে এঁদের মধ্যে কেউ পদার্থবিজ্ঞানে, কেউ রসায়নে, কেউ বা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আবার কেউ হয়েছেন সফল ব্যবসায়ী, কেউ বা প্রকৌশলী, যাঁরা নানা উপায়ে আমাদের জীবনমান আরও উন্নত করে চলেছেন। কিন্তু কেউ কী ভেবেছে, জাতিসংঘের একজন মহাসচিব হবে এমআইটি থেকে? কোনো টিভি কুইজে চটপট এই প্রশ্নের জবাব দেওয়া একটু কঠিনই ছিল বটে। যা হোক, আমরা এমন এক জাতিসংঘের স্বপ্ন দেখি, যেটি আরও বেশি বন্ধুপ্রতিম হবে। এই পরিবর্তন তার নিজের জন্য নয়, যেন ভালো কিছু করার জন্য সবাই সুযোগ পায় সে জন্য। আরও স্বচ্ছ, সুনির্দিষ্ট লক্ষ্যসহ আরও বন্ধুত্বপূর্ণ এবং আরও বেশি দায়িত্বশীল জাতিসংঘের স্বপ্ন দেখি আমরা। আমরা সেই জাতিসংঘ চাই, যা শুধু তার সদস্য রাষ্ট্রগুলোর জনগণের জন্য নয়, বরং গুরুত্বের সঙ্গে কাজ করবে গোটা বিশ্বের সব মানুষের জন্য। আমরা নিজ নিজ আদর্শের জন্য সংগ্রাম করি। জীবনে সংগ্রাম করাটাই তো চিরসত্য। দরিদ্র দেশের ছোট্ট কোনো গাঁয়ে নাকি বেকন হিলে—কোথায় একটি শিশু জন্ম নিল সেটি মুখ্য বিষয় নয়। আমি বিশ্বাস করি সব মানুষের আত্মমর্যাদা ও মৌলিক সাম্যতায়। আমি বিশ্বাস করি, সব মানুষ শান্তি চায়। আমরা অসাধারণ সুন্দর এক পৃথিবীর বাসিন্দা। যদিও তা বিভক্ত বিভিন্ন দলে, তবু আমরা এক মানবসম্প্রদায়ের অংশ।মহৎ উদ্দেশ্য সাধনে তোমাদের সহযোগিতা দরকার। ১৯৯৭ সালের এই ব্যাচের তোমরা যে যেখানেই যাও, ভবিষ্যতে যে যা-ই করো না কেন, তোমরা সেই পৃথিবীতে যোগ দিতে যাচ্ছো, উত্তরোত্তর যার বিশ্বায়ন ঘটছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেখানে তোমরা সবাই এক হয়ে কাজ করবে।সবার কল্যাণ হোক। এমআইটির ওয়েবসাইট থেকে পাওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: জাহাঙ্গীর সুর