আপন গাঁওয়ের আপন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যটা ঠিক মাথার ওপর। গাছের পাতায় পাতায় সোনালি আলোর ছটা। পুকুরে ঘাই দিচ্ছে মাছ। একটু পর পর ডেকে যাচ্ছে নাম না জানা অসংখ্য পাখি। বুঝলাম, পেছনে ফেলে এসেছি শহরের সীমানা। ভাঙাচোরা মাটির পথ। গন্তব্যের দিকে যেতে যেতে হাজারো বিপত্তি। রিকশা, গাড়ি এদিকে তেমন একটা নেই। কাদার পাহাড় ডিঙিয়ে ছোটখাটো ঝুটঝামেলার পর এলাম সঠিক ঠিকানায়। গ্রামটির নাম আপন গাঁও। চেহারা-সুরতে আর দশটি গ্রামের মতোই। তবে এখানেই আছে আপন আসক্তি পুনর্বাসন নিবাস। এর নির্বাহী পরিচালকের নাম ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। তাঁর কথা জিজ্ঞেস করতেই কেউ একজন বলল, ‘মিস্টার আপনেরে খুঁজেন। সমান সমান তাক কইরা গ্যালেই পাইবেন।’ সমান সমানের পর আরও সামান্য ডানে-বাঁয়ে গিয়ে পাওয়া গেল পুনর্বাসন কেন্দ্রটি। চারপাশে শুধু সবুজ আর সবুজ। নিঃসন্দেহে দারুণ একটা জায়গা। ফটক পেরিয়ে ঢুকতেই চোখে পড়ল, দলবেঁধে ফুটবল খেলছে কিছু ছেলে। খেলার চেয়ে গায়ে কাদা মেখে মাঠে গড়াগড়ি খাওয়ার দিকেই নজর বেশি তাদের। অবশেষে দেখা পেলাম গাঁয়ের মানুষের কাছে মিস্টার আপনখ্যাত ব্রাদার রোনাল্ডের। গেস্টরুমে এসে জিরিয়ে নিতে নিতে শুনলাম আপনের পেছনের গল্পটা।কেন্দ্রটি গড়ে ওঠে ব্রাদার রোনাল্ডের হাত ধরে। সময়টা আশির দশক। নিজ দেশ যুক্তরাষ্ট্র থেকে ব্রাদার আসেন শিক্ষকতা করার জন্য। মোহাম্মদপুর, তেজগাঁও এলাকা তখন মাদকাসক্তদের আখড়া। অসংখ্য যুবক হাঁটছে সর্বনাশা অন্ধকারের পথে। তাদের ফেরানোর কেউ নেই। নেই কোনো ভালো পুনর্বাসন কেন্দ্র। মাদকাসক্তদের সাহায্যে এগিয়ে আসার সিদ্ধান্ত নিলেন ব্রাদার। ১৯৯৪ সাল থেকে নিজেদের কার্যক্রম শুরু করল আপন। ‘বিপদ কম ছিল না। শুরুতে মাত্র একজন মাদকাসক্তকে নিয়ে কাজ শুরু করি। এখন এ সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। ওরা সবাই আমার সন্তান।’ বলছিলেন ব্রাদার রোনাল্ড। সব ভালো কাজেই বিপদ থাকবে, এ আর নতুন কি। তাই বলে থেমে থাকে না কোনো কিছু। কথা বলতে বলতে ঘুরে দেখলাম পুরো জায়গাটা। পরিচয় হলো কিছু যুবকের সঙ্গে। মাদকের করাল গ্রাস থেকে মুক্ত এখন এসব মানুষ। চোখে সফলতার দীপ্তি। চলুন, তাদের মুখেই শোনা যাক ফেলে আসা করুণ অতীতের গল্পগুলো।যে জীবন যন্ত্রণার চৈত্র মাস। ভয়াবহ গরমে তেতে উঠেছে ঘরের চালের টিন। ছোট্ট একটা ঘর। চলাচলের জন্য নেই পর্যাপ্ত জায়গা। জানালার ঠিক সামনেই উঁচু দেয়াল। হাওয়া ঢোকার প্রশ্নই ওঠে না। গরমে ঘেমে-নেয়ে একাকার আমি। কোনো পাখার ব্যবস্থা নেই। খিদে পেলে নেই খাবার। ঘুমের সময়ও হানা দেয় দুঃস্বপ্ন। শান্তি নেই কোথাও। জঘন্য এক জীবন। কান্না পায় খুব। ইচ্ছে করে চিৎকার দিয়ে কাঁদি। কিন্তু এই অহেতুক কান্না শোনারও নেই কেউ। একজন মাদক নেওয়া যুবক সবার ঘৃণার পাত্র। তাই বলে জীবনটা কিন্তু এমন ছিল না আমার। শৈশবটা কেটেছে কুষ্টিয়ায়। জন্মের দুই মাসের মাথায় হারাই বাবাকে। তার পর থেকে থাকি নানুর বাড়িতে। মা ঢাকায় চাকরি করেন। আমাদের দুই ভাইকে নিয়ে তাঁর কতই না স্বপ্ন। আমার অবশ্য এসব স্বপ্ন নিয়ে মাথাব্যথা নেই। সারা দিন ঘুরে বেড়াই। লাটিম আর ঘুড়ি নিয়ে থাকি। আঁকাআঁকির বড্ড শখ। রং পেলেই বসে যাই আঁকতে। গাছ, নৌকা, পাখি আরও কত কী-ই না ঠাঁই পায় আঁকার খাতায়। বড় ভাইটা বড্ড শান্ত। ওর সঙ্গে জমে না আমার। তাই নিত্যনতুন বন্ধু হয়। তাদের নিয়ে ব্যস্ত অনেক। পড়াশোনা করার সময়ই বের করতে পারি না। মা একদিন বাড়িতে এসে আচ্ছামতো পেটালেন। বললেন, ‘সারা দিন শুধু ঘোরাঘুরি আর পড়াশোনায় লবডঙ্কা। এখন থেকে তোমরা ঢাকায় পড়বে। থাকবে আমার সঙ্গে।’ ঢাকার মিরপুরে শুরু হলো নতুন এক জীবন। মা বের হন সকালে। আসতে আসতে রাত হয়ে যায়। আমি পেয়ে গেলাম অবাধ স্বাধীনতার স্বাদ। এটা আসলে স্বাধীনতা ছিল না। ছিল সর্বনাশা ডাক। পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ই কৌতূহলবশত সিগারেট খাওয়া শুরু হয়। পরিবারটা ছিল রক্ষণশীল। মায়ের কাছে লুকোতাম সব কথা। ধীরে ধীরে ধরলাম গাঁজা। পড়াশোনার অবস্থা সঙিন। স্কুল পালাই প্রায় প্রতিদিনই। আমাকে দেখে মা কাঁদেন। প্রথমে বুঝিয়ে ঠিক পথে আনার চেষ্টা করলেন। তারপর শুরু হলো মারধর। এতে লাভ তো হলোই না, উল্টো বেড়ে গেল জেদ। পাঠানো হলো কুষ্টিয়ায়। নানুর বাড়িতে বন্ধুদের থেকে দূরে থেকে কিছুটা হলেও বদলাব—এই আশা মায়ের। সে আশায় গুড়ে বালি। এখানে মাদক সহজলভ্য। বাধা দেওয়ার জন্য পাশে নেই মা। ব্যস, শুরু করলাম হেরোইন খাওয়া। খেতে খেতে একটা সময় বুঝলাম, তলিয়ে যাচ্ছি আমি। যাচ্ছি পচে-গলে। খুব ইচ্ছে হতো ভালো হয়ে যাই। মুছে দিই মায়ের চোখের জল। কিন্তু হতো না। হেরোইন ছাড়া থাকতেই পারতাম না। চিকিৎসার জন্য আমাকে নিয়ে মা ছুটলেন নানান জায়গায়। আটকে রাখা হলো বদ্ধ ঘরে। অবশেষে খালা খোঁজ পেলেন আপনের। মা জোর করে দিয়ে গেলেন এই জায়গায়। জায়গাটা সত্যি অন্য রকম। নিমেষেই আমাকে আপন করে নিল সবাই। সবার সাহচর্যে আমি এখন সুস্থ। এখন ভেতরে আমার সুস্থ জীবন নিয়ে বাঁচার আত্মবিশ্বাস। সত্যি বলছি, ভয় নেই আর কোনো। এখান থেকে বের হয়েই ছুটে যেতে চাই মায়ের কাছে। ভুলিয়ে দেব সব কষ্ট। এখন আমি ঘুমাতে পারব। শান্তির ঘুম। যে ঘুমে দুঃস্বপ্নরা হানা দেবে না কখনো আর। কখনো না।কৌতূহলেই সর্বনাশ আমার বেড়ে ওঠা ঢাকায়ই। পড়াশোনা করেছি নামকরা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। পরিবারে ছিল আর্থিক সচ্ছলতা। মা-বাবা আদর করেন খুব। বাবা তো কখনো বকেনই না আমাকে। চাচা বাক্স ভর্তি করে চকলেট নিয়ে আসেন। প্রায়ই চকলেটের জন্য আবদার করি আমি। ছোট বলে টাকা থাকত না কাছে। চাচা এনে দিত চকলেট। সবচেয়ে বেশি ভালোবাসি চাচাকে। কোনো কিছুরই কমতি ছিল না আমার জীবনে। শুধু মনটা ঘরে থাকতে চায় না। নিষিদ্ধ জিনিসের প্রতি দারুণ কৌতূহল। বন্ধুদের নিয়ে চলে যাই নানান জায়গায়। কখনো কখনো মা-বাবাকে না জানিয়েই বের হই। বাড়িতে কেউ থাকে না। ভোর হলেই সবাই বের হয় নিজ নিজ কাজে। আমাকে তখন একাকিত্ব চেপে ধরে। বের হয়ে যাই বাইরে। ঘুরে বেড়াই দিগ্বিদিক। এভাবেই বড় হতে থাকি। কৌতূহলবশত একদিন বন্ধুদের নিয়ে সিগারেট খেলাম। ভালো লাগল। অর্থের সমস্যা ছিল না। বাসা থেকে ভালো হাতখরচ পেতাম। তাই খাওয়ার পরিমাণটা বাড়তে লাগল ধীরে ধীরে। নেশা শুধু সিগারেটেই আটকে থাকল না। নতুন নতুন জিনিস দিয়ে নেশা শুরু করলাম আমি। শরীরটা ভেঙেচুরে একশেষ। পড়াশোনাও হচ্ছে না ঠিকমতো। প্রায়ই হ্যালুসিনেশন হতো। কোনো কিছু পারতাম না মনে রাখতে। একদিন নেশা করে ভাঙচুর শুরু করলাম ঘরে। আমার মাদকের প্রতি আসক্তির কথা জেনে গেল পরিবারের সবাই। চাচা নিয়ে গেলেন রক্ত পরীক্ষা করানোর জন্য। রিপোর্ট দেখে ভেঙে পড়লেন মা। কাঁদতে লাগলেন দিনভর। জানি না, কেন জানি হঠাৎ মনে হলো আমার ভালো হওয়া উচিত। এমন জীবন নইলে বেশি দিন বইতে পারব না আমি। চাচা আপন পুনর্বাসন কেন্দ্রের কথা জানতেন। তাঁকে বললাম চিকিৎসার জন্য আমাকে সেখানে রেখে আসতে। নিজের আগ্রহেই আমি এসেছিলাম এখানে। এখানের জীবনটা ভিন্ন। প্রথম প্রথম কষ্ট হতো খুব, তবে পালানোর চিন্তা করিনি। এখন আমি স্বপ্ন দেখতে শিখেছি। জানি স্বপ্ন পূরণ করতে। চিরতরে মাদককে ঠেলে দিয়েছি জীবন থেকে দূরে। বাইরের দুনিয়ায় গিয়ে মাদকের প্রতি একটু দুর্বলতা অনুভব করলেই ফিরে আসি আমি আবার এখানে। কাটিয়ে যাই কয়েকটা দিন। বাড়াই নিজের আত্মবিশ্বাস। মা বড্ড খুশি এখন। শেষ করেছি ‘এ’ লেভেল। এখন আমি সমাজবিজ্ঞান নিয়ে পড়ছি। কারণ, আমার স্বপ্ন মাদকাসক্তদের নিয়ে কাজ করা। তাদের সুস্থ করে তোলা। এ জীবন বড় কষ্টের। সবার উচিত মাদককে ‘না’ বলা। আরেকটা স্বপ্ন অবশ্য আমার আছে। পূরণ হবে হয়তো খুব শিগগির। নিজের প্রথম উপার্জনের টাকা দিয়ে বাক্সভর্তি চকলেট কিনে নিয়ে যাব চাচার কাছে। হাতে তুলে দিয়ে মজা করে বলব, ‘দেখো, সেই ছোট্ট ছেলেটা বড় হয়েছে অনেক। নিজের টাকায়ই এখন সে কিনতে পারে চকলেট।’ চাচা না জানি কত খুশি হবেন। জানি সেদিন কাঁদবেন তিনি। ঠিক ঠিক কাঁদবেন।মাদকেই মৃত্যু খেলার জায়গাটা ছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। খেলাধুলায় খুব আগ্রহ আমার। চৌপর দিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা নিয়ে মেতে থাকতাম। পাড়ায় পাড়ায় মারামারি হতো। বন্ধুদের সঙ্গে নিয়ে মারামারি করতাম। আনন্দ পেতাম খুব। নিজেকে অনেক বড় মনে হতো। আমরা তিন ভাই। অন্য দুই ভাই ছিল মাদকাসক্ত। তাদের কাছ থেকে ভালো কিছু শেখার উৎসাহ পাইনি আমি। মা-বাবা শাসন করতেন না তেমন একটা। তাই হয়ে গেলাম লাগামছাড়া। একদিন দেখলাম, গাঁজা খাচ্ছে বন্ধুরা। তাদের সঙ্গে যোগ দিলাম আমিও। গাঁজার সঙ্গে নিয়মিত চলছিল সিগারেট। টাকার অভাব হলেই চুরি করতাম বাড়িতে। জড়িয়ে গেলাম আরও নানা অপরাধমূলক কাজে। হেরোইন ধরতেও সময় লাগল না বেশি দিন। বাড়ি থেকে বাবার একটা দামি জিনিস চুরি করে ১০ গ্রাম হেরোইন কিনলাম। মা দেখে পুড়িয়ে ফেললেন সব। রাগ হলো অনেক। ভাঙচুর করলাম বাড়িতে। বিভিন্ন এলাকায় গিয়ে বড় ভাইদের কথামতো টাকার জন্য মারামারি করতে লাগলাম। বন্ধ হলো পড়াশোনা। দশম শ্রেণীর পর আর পড়াশোনা করতে পারলাম না। এতক্ষণে টনক নড়ল মা-বাবার। তাঁরা বোঝানোর চেষ্টা করতেন। আমি শুনলাম না কিছুই। নেশা করতে করতে পাগলের মতো অবস্থা। পরিস্থিতি যখন খুব খারাপ, তখন বাবা দিয়ে গেলেন আপন পুনর্বাসন কেন্দ্রে। এখানে এসে নিজের জীবনে পরিবর্তন আনলাম আমি। ভালো কিছু বন্ধু হলো আমার, যারা আমাকে সুস্থ জীবনে নিয়ে এল। ব্রাদার একজন অসাধারণ মানুষ। সবকিছুই মন খুলে বলতে পারি আমরা তাঁকে। আমার এক ভাইও এখানে এসে সুস্থ হয়ে উঠেছে। আপন থেকে বের হয়ে কিছুদিন চাকরি করি। কিন্তু মন বসেনি তেমন একটা। এখন তাই চাকরি করছি এখানেই। মাদকাসক্তদের চেষ্টা করি নতুন জীবন দিতে। মাদককে না বলা উচিত সবার। আমার মতো কষ্টের জীবন যেন কারও না হয়। আমাকে নিয়ে পরিবারে আর কোনো ঝামেলা নেই। ক্ষমা চাই মা-বাবার কাছে। অনেক দুঃখ দিয়েছি তাঁদের। তাঁরা যাতে সুখে থাকেন, এটাই এখন আমার একমাত্র চাওয়া।