আপন ঠিকানায় ফিরল বিরল প্রজাতির শকুনটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর চর খোয়াজ গ্রামে সন্ধান মিলেছে বিরল প্রজাতির ‘ইজিপশিয়ান ভালচার’ শকুনের। গ্রামের ওয়ালি ভূঞা নামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার সময় ডালে বসা শকুনটি মাটিতে পড়ে আহত হয়। স্থানীয় কয়েকজন সচেতন যুবকের চেষ্টায় ও বন কর্মকর্তাদের সহায়তায় আহত শকুনটি সুস্থ হয়ে ফিরে গেছে নিজ ঠিকানায়। সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের বাসিন্দা ইমাম হোসেন জানান, ৪ জানুয়ারি সন্ধ্যার ঠিক আগমুহূর্তে তাঁদের বাড়ির পুকুরপাড়ে একটি রেইনট্রি কাটা হচ্ছিল। গাছের ডালে বসা শকুনটি এ সময় মাটিতে পড়ে আহত হয়। গাছ কাটার কাজে নিয়োজিত লোকজন অতিথি পাখি ভেবে শকুনটি জবাইয়ের প্রস্তুতি নেন। কিন্তু আশপাশের কয়েকজন শকুন বলে চিহ্নিত করলে জবাইয়ের হাত থেকে রক্ষা পায় পাখিটি। শকুনটির দুর্ভাগ্যের পরিসমাপ্তি তখনো ঘটেনি। গলায় ও ডানায় দড়ি বেঁধে বাড়ির ছোট ছেলেমেয়েরা খেলাধুলা শুরু করলে আরও অসুস্থ হয়ে পড়ে পাখিটি। খবর পেয়ে মো. সাহেদসহ স্থানীয় কয়েকজন যুবক ওই বাড়িতে উপস্থিত হয়ে অসুস্থ শকুনটি উদ্ধার করেন। তাঁরা সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। পরদিন সকালে তাঁরা ফেনী বন বিভাগে খবর দেন। জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোল্লা রেজাউল করিম সোনাগাজী থেকে শকুনটি ফেনী নিয়ে আসেন এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় চিকিৎসার ব্যবস্থা করেন। শকুনটি সুস্থ হয়ে উঠলে ৫ জানুয়ারি সন্ধ্যায় আবার সেটি ধরা পড়ার স্থানে নিয়ে ছেড়ে দেওয়া হয়। বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম প্রথম আলোকে জানান, ‘শকুনটি বিরল প্রজাতির। বাংলাদেশে এ প্রজাতির শকুন সচরাচর দেখা যায় না। এটি পুরুষ জাতের ইজিপশিয়ান ভালচার শকুন।’