আপন শক্তিমত্ত্বায়
এবার পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আশপাশে যে নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, সেটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে দুটি গোষ্ঠী তৈরি হয়েছে। যাদের শুভবোধ রয়েছে, তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছে, নিন্দা জানাচ্ছে, দোষীদের শাস্তি জানাচ্ছে। আর প্রগতির বিপক্ষের শক্তিকে দেখা যাচ্ছে নারীদেরই দোষী সাব্যস্ত করতে। তাদের ভাষ্য, বরাবরের মতোই সব দোষ নারীর। সত্যি কী বিচিত্র তাদের চিন্তা! কাপুরুষের দল নারীদের লাঞ্ছিত করল, নববর্ষের প্রথম দিনটিকে কলুষিত করল, বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের ওপরে আঘাত হানল, তবু কিছু লোক ওই কাপুরুষদের পক্ষেই সাফাই গাইছে। কিছু লোক পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর তাদের নিজেদের চেহারা আমাদের কাছে স্পষ্ট করছে ফলে সচেতন মানুষ ওই সব কাপুরুষকে বিচারের দাবিতে নেমে আসছেন পথে।
পয়লা বৈশাখ সব মানুষের উত্সব। উত্সবে আনন্দে যোগ দেওয়ার অধিকার আছে সবার, সব ধর্মের, সব বর্ণের, সব শ্রেণিপেশার মানুষের। যারা মানুষের অধিকারের জায়গাটিকে সম্মান দিতে শেখেনি, এ উত্সব তাদের জন্য নয়। যারা ভালো-মন্দের বিচার করতে শেখেনি, শেখেনি মানুষের মনুষ্যত্ববোধকে শ্রদ্ধা করতে, তারা মানুষের সমাজে বসবাসের অযোগ্য।
নারীর পাশে সর্বদা রয়েছে দেশের সচেতন সব মানুষ। আহ্বান জানাচ্ছি নারীদের তাদের আপন শক্তিমত্তার প্রতি বিশ্বাস রাখতে এবং শক্তিমত্তায় বলীয়ান হয়ে ওঠার জন্য।
রাজশাহী বন্ধুসভা