
‘ভাবি জানেন, আমার ছেলে তমাল সেই চার বছর বয়স থেকে কারাতে শিখছে! এখন ব্রাউন বেল্ট পেয়েছে...তমাল স্কুলে কুইজে সেকেন্ড হয়েছে, একটুর জন্য ফার্স্ট হতে পারেনি...তমাল না কিচ্ছু খেতে চায় না, এভাবে কি স্বাস্থ্য ঠিক থাকে...তমাল তো এখন বড় হচ্ছে, ওকে নিয়ে আমার যত চিন্তা, কাদের সঙ্গে মিশবে, কী করবে, ওর চিন্তায় চিন্তায় আমার ঘুমই আসে না...আচ্ছা, ভালো সাঁতার কোথায় শেখায় বলুন তো, তমালকে সাঁতারটা এবার শেখাতেই হবে...।’
এ ধরনের ‘তমালময়’ মা বা বাবার সঙ্গে অনেকেই পরিচিত। যাঁদের কথোপকথন, চিন্তা আর আচরণের একটা বড় অংশজুড়ে থাকে তাঁদের সন্তান। মা-বাবার মনোজগতে সন্তানের স্থান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবকিছু ছাপিয়ে কেবল সন্তানবিষয়ক ভাবনা যদি তাঁদের আচ্ছন্ন করে রাখে, তবে তা সবার জন্যই ক্ষতিকর। মা-বাবা যে কেউই এমনটা করতে পারেন, তবে মায়েদের মধ্যে এমন আচরণ বেশি দেখা যায়। তাঁরা তাঁদের সন্তানকে নিয়ে একধরনের বাধ্যতাধর্মী চিন্তায় (অবসেশন) বিভোর হয়ে থাকেন। তাঁদের চিন্তাগুলো প্রতিফলিত হয় তাঁদের কথায় আর আচরণে। এই চিন্তা, কথা বা আচরণজুড়ে থাকে সন্তানের প্রশংসা, সমালোচনা, সন্তানকে নিয়ে শঙ্কা কিংবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ছোট-বড় নানা পরিকল্পনা। হয়তো তাঁরা সব সময় ইচ্ছে করে সন্তানকে নিয়ে আলোচনা করেন তা নয়।
অনেক সময় তাঁরা সন্তানকে নিয়ে কথা না বলে থাকতে পারেন না, অন্য বিষয় নিয়ে ভাবতে গেলে বা কথা বলতে গেলে তাঁদের অস্বস্তি হয়, টেনশন বাড়তে থাকে। এটাকে বিভোরতা বা আচ্ছন্নতা যা-ই বলা হোক না কেন তা নানাভাবে আমাদের মনোসামাজিক সমস্যা তৈরি করতে পারে। আশপাশের মানুষজন, মা-বাবা নিজে এমনকি যে সন্তানটিকে নিয়ে আলোচনা হচ্ছে তারাও পড়তে পারে সমস্যায়। যেসব দিকে সমস্যা হতে পারে তা হলো—
*যাঁর কাছে সন্তান-বিষয়ক এতগুলো কথা বারবার বলছেন, তিনি বিরক্তবোধ করতে পারেন। ফলে আত্মব্যক্তিক সম্পর্কের অবনতি ঘটতে পারে।
*আশপাশের মানুষের কাছে এ ধরনের মা-বাবা গ্রহণযোগ্যতা হারান। অনেকেই তাঁদের এড়িয়ে যেতে পারেন। সামাজিক সমস্যা তৈরি হয়।
*বেশির ভাগ সময় নিজের সন্তান-বিষয়ক চিন্তা, কথা আর কাজে ব্যস্ত থাকার কারণে মা বা বাবার নিজস্ব কাজের ক্ষেত্রেÿ ক্ষতিগ্রস্ত হয়। দেখা যায় অনেকে অফিসের কাজে মন দিতে পারছেন না, কেউ ঘরের কাজটি ঠিকমতো করতে পারছেন না।
*সন্তানটি যদি কিশোর বয়সের হয়ে থাকে, তবে তারা বিব্রতবোধ করে। অতিথিদের সামনে আসতে চায় না, সামাজিকতা এড়িয়ে চলে। একসময় তারা নিজেদের গুটিয়ে রাখতে রাখতে সামাজিক দক্ষতা হারিয়ে ফেলে।
*ছোট বয়স থেকেই যদি শিশু দেখতে থাকে আর শুনতে থাকে যে তার মা বা বাবা বা উভয়েই সারাক্ষণ তাকে নিয়ে কথা বলছেন, চিন্তা করছেন, তখন সে নিজে থেকে নিজের জন্য চিন্তা করা থামিয়ে দেয়। সে দেখে আমাকে নিয়ে চিন্তা করার জন্য অনেকে রয়েছে। তার স্বতন্ত্রভাবে চিন্তা করার সক্ষমতা নষ্ট হয়, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি হয় না, সে আত্মনির্ভরশীল হতে পারে না।
*বাবা বা মায়ের এই দিনভর সন্তান-বিষয়ক কথামালা আর চিন্তার উপাদানের ওপর সন্তানের মনোসামাজিক বিকাশ পরিবর্তিত হতে পারে। সব সময় যদি সন্তানের অপ্রয়োজনীয়-অযৌক্তিক প্রশংসাই করা হয়, তবে সন্তানের মধ্যে আত্মম্ভরিতা তৈরি হতে পারে। আবার যদি সারাক্ষণ তার সমালোচনা করা হয়, ত্রুটি বের করা হয়, তবে তার মধ্যে হীনম্মন্যতা জন্ম নেয়। সন্তানকে নিয়ে তাঁদের শঙ্কার প্রকাশ ঘটান। তবে সন্তানের মধ্যে আত্মবিশ্বাস নষ্ট হয়, সামাজিক দক্ষতা সৃষ্টি হয় না।
এ অবস্থা থেকে উত্তরণের জন্য মা-বাবার নিজেদের সচেতন হতে হবে, দায়িত্ব রয়েছে আশপাশের স্বজন, বন্ধুদেরও, এমনকি সন্তান নিজেও এ বিষয়ে বাবা-মাকে সাহায্য করতে পারেন। এ জন্য যা করা যেতে পারে—
*আশপাশে কোনো বাবা-মা এ ধরনের সন্তান বিষয়ে আচ্ছন্ন থাকলে তাঁকে অন্য বিষয়ে কথা বলতে উৎসাহিত করুন, সামাজিক অনুষ্ঠানে তাঁদের সম্পৃক্ত করুন।
*প্রয়োজনে তাঁদের বুঝিয়ে বলতে পারেন যে সন্তান-বিষয়ক তাঁদের এই বিভোরতা সন্তানের মনোসামাজিক বিকাশের অন্তরায়।
*কিশোর-কিশোরীরা তাদের বাবা-মাকে সুন্দর মুহূর্তে (যেমন একসঙ্গে বেড়াতে যাওয়ার সময়, একসঙ্গে খাওয়ার সময়) বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারে। তাকে নিয়ে সব সময় কথা বলা আর চিন্তা করা তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে বাবা-মায়ের সঙ্গে কখনোই রূঢ় আচরণ করা যাবে না।
*বাবা-মায়ের মধ্যে একজনের যদি এই সন্তান-বিষয়ক অবসেশন থাকে, তবে অপরজন বিষয়টি বুঝিয়ে তাঁকে নিবৃত্ত করতে পারেন, অন্য বিষয়ে কথা বলা আর চিন্তা করার জন্য উৎসাহিত করতে পারেন।
*অনেক সময় বিষয়টি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার জাতীয় মানসিক সমস্যার কারণে বা নিরাপত্তাহীনতার বোধ থেকে বা মা বা বাবার ছোটবেলার নিজস্ব কোনো মনোসামাজিক পীড়নের ফলেও হতে পারে। সে ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যেতে পারে।
আহমেদ হেলাল
সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা