আপনাকে একটা চাকরি পেতেই হবে
প্রেমিকার বাবা আপনার মতো বেকার ছেলের হাতে তাঁর মেয়েকে তুলে দেবেন না—শুধু এ জন্যই যে আপনাকে একটা চাকরি পেতে হবে, তা কিন্তু না। আরও নানাবিধ কারণে আপনাকে একটা চাকরি পেতেই হবে। বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার সবার ফোন পেলে যে আপনি খুশি হন, তা কিন্তু না। এমন অনেক পাবলিক আছে, যাদের ফোন পেলে ইচ্ছে হয় আছাড় মেরে সেট ভেঙে ফেলতে। তবু রিসিভ না করে উপায় থাকে না। তবে রিসিভ করলেও যেহেতু কথা বলার ইচ্ছে হয় না, তাই ফিসফিস করে একটা কমন কথা বলতে হয়। কথাটা হচ্ছে—আমি এখন মিটিংয়ে আছি। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ফোন রেখে দেয়। এই যে অজুহাত, যখন-তখন যদি এই অজুহাতটা দিতে চান, তাহলে আপনাকে একটা চাকরি পেতেই হবে। কারণ, কোনো বেকার যদি বলে আমি এখন মিটিংয়ে আছি, তাহলে হাসাহাসি করার লোকের অভাব হবে না। কে কত আনকমন কাজ পারে, এ নিয়ে বন্ধুদের মধ্যে মৌখিক প্রতিযোগিতা হয়। এ অবস্থায় আপনি যদি বলেন, আমি মশারি টানাতে পারি কিংবা মোবাইলে গেম খেলতে পারি—লাভ নেই। কারণ, এসব ঘোড়ার ডিমের কাজ সবাই পারে। এমন কিছু কাজ পারার কথা বলতে হবে, যা সাধারণত সবাই পারে না। যেমন আপনি যদি বলতে পারেন—আমি টাই বাঁধতে পারি, দেখবেন আপনার প্রতিদ্বন্দ্বী খুব একটা পাওয়া যাবে না। টাই বাঁধার পারদর্শিতার কথা গর্ব করে বলতে চাইলে একটা চাকরি আপনাকে পেতেই হবে। কারণ, করপোরেট অফিসে চাকরি করলে টাই বাঁধার সম্ভাবনা অনেক বেশি। এই যুগে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট না থাকে, তাহলে লোকজন আপনাকে খ্যাত বলে ডাকবে, এটাই স্বাভাবিক। শুধু অ্যাকাউন্ট থাকলেই যে ‘খ্যাত’ উপাধি থেকে মুক্তি পেয়ে যাবেন, তা কিন্তু না। কমপক্ষে হাজার দুয়েক ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ডদের সঙ্গে নিয়মিত হাই-হ্যালো করতে হবে। এসব শর্ত পূরণ করতে গেলে কিন্তু ভালোই অর্থ খরচ হবে। একটা কম্পিউটার কিনতে হবে, ইন্টারনেটের লাইন নিতে হবে। এত অর্থ খরচ করা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে একটা চাকরি আপনাকে পেতেই হবে। কারণ, অফিসে বসে ফেসবুকিং করলে কোনো অর্থই খরচ হয় না। সকালে রোদের তাপ কম থাকে। আবার বিকেলেও কম থাকে। রাতে তো থাকেই না। এই তিন সময়ে বাজার করা থেকে শুরু করে অন্য যেকোনো কাজের জন্যই বাইরে বের হওয়া যেতে পারে। কিন্তু দুপুরবেলায় কোনো কাজের জন্য বাইরে যেতে বললে চরম মেজাজ খারাপ হয়। ঠা-ঠা রোদ, তার ওপর গরম। দুপুরবেলায় আপনার বউ যাতে আপনাকে বাজারে পাঠাতে না পারে, আপনার প্রেমিকা যাতে ডেটিংয়ে যাওয়ার অফার করতে না পারে, সে জন্য একটা চাকরি আপনাকে পেতেই হবে। এতে তারা জানবে, দুপুরের সময়টায় আপনি অফিসে ব্যস্ত আছেন। উল্লেখ্য, এসি তো থাকছেই। শুধু একধরনের অভ্যাসে অভ্যস্ত হলে চলে না। জীবনে বহুবিধ অভ্যাস ও অভিজ্ঞতার দরকার আছে। ঘুমের ব্যাপারে আপনি বিশেষ একটা অভ্যাসে অভ্যস্ত। নিরিবিলি পরিবেশ না হলে আপনি ঘুমাতেই পারেন না। কিন্তু না, শুধু নিরিবিলি পরিবেশই নয়, দু-চার-দশজন লোক কথা বলছে, এই পরিবেশে ঘুমানোর অভ্যাস থাকাও জরুরি। কারণ, সব সময় নিরিবিলি পরিবেশ পাওয়া যাবে, এমন কোনো কথা নেই। আপনি যদি হালকা কোলাহলের মধ্যে ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে চান, তাহলে আপনাকে একটা চাকরি পেতেই হবে। তবে হ্যাঁ, চাকরিটা যদি কোনো সরকারি অফিসে হয়, তাহলে অতি উত্তম।