আপনার অতি ধনী হওয়ার সম্ভাবনা কতটুকু?
>অতি ধনীর হার বৃদ্ধিতে বাংলাদেশ অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে আছে। তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার-আমার অতি ধনী হওয়ার সম্ভাবনা কতটুকু? নিচের জরিপটিতে অংশগ্রহণ করে পরীক্ষা করে নিন। জরিপ পরিচালনা করছেন আশফাকুর রহমান
১. পরীক্ষা দিতে গিয়ে দেখলেন কলম আনেননি। সেই মুহূর্তে কী করবেন?
ক. কলম না আনার প্রশ্নই আসে না। পরীক্ষা দিতে গেলে আমার পোশাক এবং ব্যাগের বিভিন্ন জায়গায় অতিরিক্ত কলম থাকবেই।
খ. না আনলে কী আর করা যাবে! অন্য কারও কাছ থেকে চেয়ে নেব।
গ. পাশের জনের কলমটা টান দিয়ে নিয়ে নেব। তারপর তার লেখার ব্যবস্থা সে নিজে করে নেবে।
২. ছেঁড়া টাকা পেলে কী করেন?
ক. যে দিয়েছে, তার কাছ থেকে নোটটি বদলে নিই।
খ. কাউকে ধমক দিয়ে নোটটি চালিয়ে নিই।
গ. টাকাটা দান করে দিই।
৩. পত্রিকা পাওয়ার পর যা করেন—
ক. টিস্যু পেপার কিংবা গামছা হিসেবে ব্যবহার করি।
খ. শিরোনাম দেখে যেটা পছন্দ হয়, সেই খবরটা পড়ি।
গ. মূল পত্রিকা বাদ দিয়ে শুধু রস+আলো পড়ি।
৪. ক্লাস চলাকালীন যা করেন—
ক. পাশের জনের সঙ্গে গল্প করি।
খ. ক্লাসেই যাওয়া হয় না। গেলেও স্যারের কথা শোনা যায় না—এ রকম দূরত্বে বসার চেষ্টা করি।
গ. মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনি এবং খাতায় নোট করি।
৫. লোকে আপনাকে—
ক. পছন্দ করার কথা। অপছন্দ করার কিছু নেই।
খ. পছন্দ করতে পারে, আবার অপছন্দও করতে পারে। সামনাসামনি কেউ কিছু বলেনি।
গ. কেউ কেউ পছন্দ করে, কেউ কেউ অপছন্দ।
৬. আপনি কি ভাগ্যে বিশ্বাস করেন?
ক. অবশ্যই, এই যে দেখুন হাতের আংটি...
খ. ভাগ্য বলতে কিছু নেই। পরিশ্রমই শেষ কথা।
গ. ভাগ্য ব্যাপারটা সত্যি, তবে আমার ভাগ্যটা খারাপ।
৭. বন্ধুর সঙ্গে বনে ঘুরতে গেছেন। হঠাৎ দেখলেন একটা ভালুক। আপনার বন্ধু আপনাকে ফেলে গাছে উঠে গেল। আপনি গাছে উঠতে জানেন না। এমন সময়ে কী করবেন?
ক. ঝেড়ে দৌড় দেব।
খ. মরার ভান করে শুয়ে থাকব।
গ. ভালুকটিকে আটকে বুনো পশু চোরাচালানকারীদের কাছে বেচে দেব।
৮. আপনার কোনো কাজ করে দেওয়ার জন্য একজন কর্মকর্তা বিরাট অঙ্কের ঘুষ চেয়ে বসলেন। কী করবেন তখন?
ক. দর-কষাকষি করে ঘুষের পরিমাণ কমানোর চেষ্টা করব।
খ. দেশের দুরবস্থা এবং দুর্নীতির কথা বর্ণনা করে ফেসবুকে একটা জ্বালাময়ী স্ট্যাটাস দেব।
গ. ওপর মহলকে তার চেয়ে কম টাকা ঘুষ দিয়ে ওই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করব।
মানবণ্টন
১. ক-২, খ-৫, গ-১০
২. ক-৫, খ-১০, গ-২
৩. ক-১০, খ-২, গ-৫
৪. ক-৫, খ-১০, গ-২
৫. ক-২, খ-১০, গ-৫
৬. ক-১০, খ-২, গ-৫
৭. ক-৫, খ-২, গ-১০
৮. ক-২, খ-৫, গ-১০
স্কোর ১৬-২৯
অতি ধনী হওয়ার কোনো সম্ভাবনা আপনার নেই। আপনি বড়জোর বিসিএস ক্যাডার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারেন। তবে মন খারাপের কিছু নেই। কারণ, এসব পেশার মানুষের সাধারণত নিজের প্রেমিকাকে বিয়ে করার সৌভাগ্য হয়ে থাকে।
স্কোর ৩০-৫৯
অতি ধনী নয়, আপনি হতে যাচ্ছেন একজন অতি সাধারণ মানুষ। মনকে শক্ত করুন। জানেনই তো, সাধারণ মানুষের কপালে থাকে সীমাহীন দুর্ভোগ। সঙ্গে মাথাটাও শক্ত করুন, কারণ এখানে অনেকেই কাঁঠাল ভেঙে খাবে।
স্কোর ৬০-৮০
জনাব, আপনি তো অতি ধনী হওয়ার পথেই এগোচ্ছেন! এখন আপনার কাজ শুধু এই ধারাবাহিকতাটুকু বজায় রাখা। সঙ্গে একটা জিনিস মাথায় রাখবেন, ওপরের ক্যাটাগরির মানুষদের অবহেলা করবেন না। আপনার এগিয়ে যাওয়ার পথে তাদের প্রয়োজন অপরিসীম।