আপনার অবর্তমানেও সতেজ থাকবে ঘরের গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতেজ রাখতে ইনডোর প্ল্যান্টগুলো বাড়ির সবচেয়ে শীতল একটা জায়গায় রাখতে হবে। ছবি: প্রথম আলো
সতেজ রাখতে ইনডোর প্ল্যান্টগুলো বাড়ির সবচেয়ে শীতল একটা জায়গায় রাখতে হবে। ছবি: প্রথম আলো

বাসা থেকে কয়েক দিনের জন্য বাইরে যাচ্ছেন। ঘরের গাছগুলোর কী হবে? সাতটি কৌশল কাজে লাগিয়ে দেখতে পারেন। ঘরের গাছ সতেজ থাকবে আপনার অবর্তমানেও।


১. কোথাও বেড়াতে গেলে গাছের টব সূর্যের আলোর কাছাকাছি রেখে যান। এ ক্ষেত্রে জানালার কাছে রাখা অনেকটা নিরাপদ। সরাসরি সূর্যের আলো বেশি পেয়ে গাছ পুড়ে মরে যাওয়ার আশঙ্কা থাকলে পাতলা পর্দা দেওয়া জানালার পাশে রাখুন। ফিরে এসেও দেখবেন, গাছ সতেজ আছে।


২. গাছের পাত্রে ব্যবহার করতে পারেন আর্দ্রতা ধারণকারী পলিমার জেল, ক্রিস্টাল বা রাসায়নিকের মিশ্রণ। এই উপাদানগুলো অনেক দিন পর্যন্ত পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে পর্যাপ্ত সময় পর্যন্ত গাছের পরিচর্যা এই রাসায়নিক মিশ্রণই চালিয়ে নেবে।


৩. রোদের কারণে বা অন্য কোনো কারণে আপনার ঘরটা যদি খুব বেশি গরম থাকে, তাহলে ইনডোর প্ল্যান্টগুলো ঘরের সবচেয়ে শীতল একটা জায়গায় রাখুন। স্নানের ঘরেও রাখতে পারেন। ঠান্ডা তাপমাত্রা আপনার গাছকে দ্রুত শুকানোর হাত থেকে বাঁচিয়ে রাখবে অনেক দিন।


৪. গাছ যদি অনেক হয়, তাহলে কাছাকাছি রাখার চেষ্টা করুন। এতে এক গাছ অন্য গাছকে সহজে ছায়া ও আর্দ্রতা সরবরাহ করবে।


৫. আপনি কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলে ঘরের বাইরের অংশে থাকা গাছপালারও সুরক্ষা প্রয়োজন। শীতের সময়ে কাচ বা প্লাস্টিক কভার দিয়ে গাছ সুরক্ষিত রাখতে পারেন। আর গরমের সময়ে তাঁবুর মতো করে কাপড়ের ছায়া দিয়ে রাখতে পারেন। তবে এমন সুরক্ষার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা দরকার, ফাঙ্গাস থেকে বাঁচতে গাছ পর্যাপ্ত বাতাস পাচ্ছে কি না।


৬. বাইরে রাখা গাছের টবে পানি ধরে রাখতে টবের নিচে একটা পাতলা মাটি বা প্লাস্টিকের প্লেট রাখতে পারেন। বাতাস বা ঝোড়ো হাওয়ায় পড়ার আশঙ্কা থাকলে পাত্রগুলো নিরাপদ স্থানে সরিয়ে পাশাপাশি রাখুন।


৭. ঘরে রাখা গাছের গোড়া নারকেলের ছোবড়া দিয়ে ঢেকে দিন। এরপর বাইরে যাওয়ার আগে ছোবড়া পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এতে অনেক দিন ভেজা ভেজা ভাব থাকবে, ফলে গাছও সতেজ থাকবে।

সূত্র: রিডারস ডাইজেস্ট