আপনার জিজ্ঞাসা
সমাজকর্ম
প্রশ্ন
সমাজকর্ম বিষয়ে পড়লে কোন ধরনের পেশায় যোগদান করা যাবে? তা ছাড়া সমাজকর্মী হিসেবে এনজিও ও মানবাধিকারধর্মী প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না?
শারমিন আশরাফি, বনানী, ঢাকা
পরামর্শ
সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করে একজন শিক্ষার্থীকে বেকার থাকতে হয় না। দেশে এখন অনেক এনজিও আছে। এসব প্রতিষ্ঠানে কাজ করার বেশ সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর থেকেও অনেক লোক নেওয়া হয়। এ ক্ষেত্রে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। দেশের সরকারি-বেসরকারি কলেজে শিক্ষকতা ও একজন সমাজকর্মী হিসেবে কাজ করে ভালো করা সম্ভব হয় বলে জানান নুরুল ইসলাম। এ ছাড়া গবেষণাকাজে সমাজকর্মকে গুরুত্ব দেওয়া হয়।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. নুরুল ইসলাম
ইতিহাস
প্রশ্ন
আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স করছি। এই বিষয়ে পড়ে কোন কোন পেশায় যুক্ত হতে পারি?
শাহীন মাহফুজ, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যাল
পরামর্শ
বর্তমান চাকরির বাজারে ইতিহাসের শিক্ষার্থীদের অনেক চাহিদা রয়েছে। দেশে এখন প্রায় সব জেলা শহরেই জাদুঘর ও বিভিন্ন আর্কাইভ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান ইতিহাসের শিক্ষার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। ইতিহাস বিষয়ে ভালো জ্ঞান থাকলে বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হওয়া সহজ হয়। কারণ, ইতিহাস বিভাগ থেকে অনেক প্রশ্ন থাকে। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের শিক্ষকদের চাহিদা দিন দিন বাড়ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা করেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করে ভালো করার সুযোগ থাকে।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল