আপনার জিজ্ঞাসা
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
প্রশ্ন: আমি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শ্রেণিতে পড়ছি। এই বিষয়ে পড়াশোনা শেষ করে কোথায় কোথায় চাকরি করা যাবে?
ফিরোজ্জামান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
উত্তর: আমাদের দেশে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান আছে সেখানে এই বিভাগের ছেলেমেয়েরা গবেষণা করার কাজে অগ্রাধিকার পেয়ে থাকেন। এই বিভাগের ছেলেমেয়েদের বর্তমানে দেশের চেয়ে বিদেশে চাকরির ক্ষেত্র অনেক বিস্তৃত হচ্ছে। আমাদের দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন: পাট, ধান, কৃষি ইত্যাদি প্রতিষ্ঠানে তাঁরা গবেষক হিসেবে কাজ করছেন। এ ছাড়া সায়েন্স ল্যাবরেটরি, আইসিডিডিআরবি, বিএসটিআই, বিভিন্ন ওষুধ কোম্পানিতে যেখানে বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন হয় সেখানেও তাঁরা ভালো বেতনে চাকরি পাচ্ছেন। যেসব প্রতিষ্ঠানে বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ইত্যাদি বিভাগ আছে সেখানেও তাঁরা কাজ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশাতেও যুক্ত হচ্ছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা।
পরামর্শ দিয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রেজওয়ানুল ইসলাম।
সমাজকর্ম
প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্ম বিষয়ে অনার্স পড়ছি। এই বিষয়ে পড়ে আমি কী কী ধরনের চাকরি পেতে পারি?
উজ্জ্বল মণ্ডল, সাতক্ষীরা।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্র বর্তমানে অনেক সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে বিভিন্ন এনজিও, উন্নয়ন সংস্থাগুলোতে এই বিভাগের ছেলেমেয়েদের চাহিদা বেশি। ফলে এই বিভাগের ছাত্রছাত্রীরা পাস করার সঙ্গে সঙ্গেই কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছেন। তাঁদের বসে থাকতে হচ্ছে না। এ ছাড়া সরকারিভাবে যেমন: সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং সরকারি আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডে এ বিভাগের ডিগ্রিধারীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।
ইংরেজি ভাষা ও সাহিত্য
প্রশ্ন: আমি ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মান ও স্নাতকোত্তর করেছি। এই বিষয়ে আমি কোথায় বা কী ধরনের চাকরি পেতে পারি?
প্রদীপ, ঢাকা।
উত্তর: এই বিভাগের ছাত্রছাত্রীদের চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে ও বাড়ছে। দেশে ও বিদেশে এখন ইংরেজি বিভাগের ছেলেমেয়েরা খুব সফলতার সঙ্গে কাজ করছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের ছাত্রছাত্রীদের ভালো বেতনে নেওয়া হচ্ছে। এনজিও, ব্যাংক, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা সরকারি চাকরিতে পেশা গড়ার সুযোগ পাচ্ছেন।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ।
উদ্ভিদবিদ্যা
প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্ভিদবিদ্যা বিষয়ে পড়ছি। এই বিষয়ে পড়ে আমি কী কী ধরনের চাকরি পেতে পারি?
তিথি সাহা, বগুড়া।
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের যত কৃষিভিত্তিক উদ্ভিদ গবেষণা প্রতিষ্ঠান আছে যেমন: ধান গবেষণা, পাট গবেষণা ইত্যাদি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করার জন্য প্রচুর লোকবল এ বিভাগ থেকে নেওয়া হয়। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজে এবং যেসব শিক্ষার্থী ভালো ফল করেন তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত হচ্ছেন। দেশের বাইরেও এ বিভাগের ছেলেমেয়েদের চাহিদা আছে। বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশের গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে কাজ করে ভালো অর্থ উপার্জন করা যায়। আর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেকোনো ক্যাডারে চাকরির সুযোগ তো আছেই।
পরামর্শ দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নুরুল আমিন।