আপনার জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিজ্ঞান
প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ছি। এ বিষয়ে পড়লে আমি কোন ধরনের চাকরি পেতে পারি?
আলম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
উত্তর: বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানের চাহিদা দিন দিন বাড়ছে। এখন রাষ্ট্রবিজ্ঞান ও বিসিএসের কারিকুলামে অনেকটাই মিল পাওয়া যায়। তাই এ বিষয়ে পড়াশোনা করলে একজন শিক্ষার্থীর জন্য বিসিএস পরীক্ষায় ভালো করা সম্ভব হয়। এতে করে বিভিন্ন সরকারি কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা বেশ সহজ হয়। রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থীকে তৃতীয় ও চতুর্থ বর্ষে গবেষণা বিষয়ে দুটি বিষয় পড়তে হয়। ফলে দেশের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানেও তাদের ব্যাপক চাহিদা থাকে। এ ছাড়া দেশের বাইরেও এখন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের কাজ করার ভালো সুযোগ তৈরি হচ্ছে।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন।

মনোবিজ্ঞান
প্রশ্ন: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে পড়ছি। এ বিষয়ে পড়ে আমি কোন কোন চাকরি পেতে পারি?
আইরিন সুলতানা, রাজশাহী।
উত্তর: আগে মনোবিজ্ঞান বিষয়ে তেমন একটা চাহিদা বা গুরুত্ব ছিল না। কিন্তু বর্তমান সময়ে এর চাহিদা বাড়ছে।
আসলে আগে আমাদের দেশের মানুষ মনোবিজ্ঞান বিষয়ে খুব একটা জানত না। এখন মানুষ এ বিষয়ে আস্তে আস্তে জানতে পারছে। ফলে এখন মানুষ বিভিন্ন পরামর্শের জন্য মনোবিজ্ঞানীদের কাছে ছুটছে। দেশে এখন প্রায় প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে মনোবিজ্ঞানীদের নিয়োগ করা হচ্ছে। তাই এসব হাসপাতাল বা ক্লিনিকে রোগীদের মনোরোগের বিভিন্ন পরামর্শ দিয়ে ভালো অর্থ উপার্জন সম্ভব।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নজরুল ইসলাম।