আপনার জিজ্ঞাসা
ফুড টেকনোলজি অ্যান্ডনিউট্রিশন সায়েন্স
প্রশ্ন: আমি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিষয়ে স্নাতক পড়ছি। এই বিষয়ে পড়ে আমি কোথায় বা কী ধরনের চাকরি পেতে পারি?
মাসুদ পারভেজ সবুজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উত্তর: এই বিভাগের ছাত্রছাত্রীদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশের বড় বড় হাসপাতালে এ বিভাগের ছাত্রছাত্রীদের ডায়েটেশিয়ান হিসেবে নেওয়া হচ্ছে। এ ছাড়া দেশে যত ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি আছে সেখানে এই বিভাগের ছেলেমেয়েরা অগ্রাধিকার পেয়ে থাকেন। বর্তমানে বিভিন্ন এনজিওতে এই বিভাগের ছাত্রছাত্রীদের নিউট্রিশন এক্সপার্ট হিসেবে ভালো বেতনে নেওয়া হচ্ছে। বিশেষ করে এনজিওগুলোতে চর এলাকাগুলোতে কাজ করার জন্য এই বিভাগের ডিগ্রিধারীরা সুযোগ পেয়ে থাকেন। দেশের বাইরেও তাঁদের চাহিদা আছে।
পরামর্শ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান মেহেদী মাহমুদুল হাসান।
পরিসংখ্যান
প্রশ্ন: আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান নিয়ে পড়ছি। এই বিষয়ে পড়ে আমি কী কী ধরনের চাকরি পেতে পারি?
হাসান, কুমিল্লা।
উত্তর: বর্তমানে পরিসংখ্যান বিভাগ থেকে পাস করে চাকরি পাওয়ার অবাধ সুবিধা রয়েছে। এই বিভাগের ছাত্রছাত্রীদের চাকরির ক্ষেত্রটাও দিন দিন বিস্তৃত হচ্ছে। আমাদের দেশে যত সরকারি-বেসরকারি ব্যাংক-বিমা প্রতিষ্ঠান আছে সেখানে তাঁরা সহজেই চাকরি পেয়ে থাকেন। সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় দেশের সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে। এখানে তাঁরা গবেষক হিসেবে কাজ করার ভালো সুযোগ পান। এ ছাড়া বিভিন্ন এনজিওতেও এই বিভাগের ডিগ্রিধারীরা ভালো বেতনে চাকরি পাচ্ছেন। অনেকে আবার সরকারি বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা পেশাতেও যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিভাগের ছাত্রছাত্রীরা ভালো বেতনে কাজ করছেন।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।