আপনার জিজ্ঞাসা
সংস্কৃত
প্রশ্ন: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ে পড়াশোনা করছি। এই বিষয়ে পড়ে কোথায় চাকরির সুযোগ পাওয়া যাবে?
অনিতা, ঢাকা।
উত্তর: দেশে এখন প্রতিটি স্কুল-কলেজে এই বিষয়টি চালু রয়েছে। তাই এসব স্কুল বা কলেজে সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীদের চাহিদা আছে। এ ছাড়া বিভিন্ন প্রত্নতত্ত্ব প্রতিষ্ঠানে ও জাদুঘরে গবেষণার কাজ করে ভালো করার সম্ভাবনা থাকে। বর্তমান সময়ে ব্যাংকিং খাতেও এ বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে। তা ছাড়া বিসিএস ও পিএসসির যেকোনো পরীক্ষায় এ বিভাগ থেকে ভালো করা যায়।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক
অসীম সরকার
প্রাণিবিদ্যা
প্রশ্ন: আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রাণিবিদ্যা বিষয় নিয়ে স্নাতক পড়ছি। এই বিষয়ে পড়াশোনা শেষ করে কোথায় কোথায় চাকরি করা যাবে?
সাব্বির আহমেদ, রাজশাহী
উত্তর: বর্তমান সময়ে প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের অনেক চাহিদা রয়েছে। কেননা দেশের প্রায় সব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তাদের বিশেষ প্রয়োজন হয়। এই বিভাগ থেকে পাস করে কোনো শিক্ষার্থীকে আর বসে থাকতে হয় না। তারা শিক্ষকতার মাধ্যমেও ভালো উপার্জন করতে পারে। এ ছাড়া ফিশারিং, কৃষি, ফরেস্ট্রি ইত্যাদি সেক্টরেও অগ্রাধিকার পেয়ে থাকে। মৎস্য অধিদপ্তর ও বন মন্ত্রণালয়ের অধীনে যত নিয়োগ পরীক্ষা হয়, সেখানেও তারা ভালো করতে পারে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও এই বিভাগের শিক্ষার্থীদের কাজের ভালো সুযোগ রয়েছে।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মোকসেদ আলী হাওলাদার