আপনার জিজ্ঞাসা
ভূগোল ও পরিবেশবিদ্যা
প্রশ্ন: ভূগোল ও পরিবেশবিদ্যায় পড়াশোনা করে কোথায় কোথায় চাকরি পাওয়া যাবে?
শাওন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উত্তর: ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ের বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করার অনেক সুযোগ থাকে। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এ বিভাগের শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে। দেশে এখন সরকারি-বেসরকারি মানচিত্র তৈরির অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া সরকারি-বেসরকারি জরিপকারী প্রতিষ্ঠানেও এই বিভাগের শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে। বিভিন্ন এনজিও, আবহাওয়া অধিদপ্তর, পরিসংখ্যান ব্যুরো, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিভিন্ন মুঠোফোন কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠানে ভূগোলের শিক্ষার্থীদের আলাদা করে নেওয়া হয়। দেশের বিভিন্ন বেসরকারি পরিবেশ সংস্থায় কাজ করে ভালো অর্থ উপার্জন সম্ভব।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক রকিব আহমদ।
আরবি
প্রশ্ন: আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে পড়াশোনা করছি। এ বিষয়ে পড়ে কোথায় চাকরির সুযোগ পাওয়া যাবে?
সুমি, রাজশাহী
উত্তর: আরবি বিষয়ে পড়াশোনা করে আগের তুলনায় এখন কাজ করার বেশ সুযোগ সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পড়াশোনা করে সবচেয়ে বেশি কাজ করার সুযোগ থাকে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। কারণ, আরবির শিক্ষকদের চাহিদা এখন আগের তুলনায় অনেক বেশি। এ বিষয়ে পড়াশোনা করে বিসিএস পরীক্ষায়ও ভালো করা যায়। এখন ম্যাজিস্ট্রেট, পুলিশের এসআই—এসব পদেও আরবি বিষয়ের শিক্ষার্থীরা চাকরি করছে। তাই বলা যায়, আগের তুলনায় এখন তাঁদের ভালো করার সম্ভাবনা বাড়ছে।
পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এস এম আবদুস সালাম।