আপনার জিজ্ঞাসা
অপরাধবিদ্যা বিভাগ
প্রশ্ন: অপরাধবিদ্যা বিভাগে পড়াশোনা করে কোথায় কোথায় চাকরি পাওয়া যাবে?
মো. ফরহাদ মিয়াজী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উত্তর: আগে এ বিভাগের শিক্ষার্থীদের তেমন একটা চাহিদা না থাকলেও এখন এ বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে দরকার পড়ছে। দিন দিন অপরাধের ধরন পাল্টাচ্ছে। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ক্যাডারে কয়েকটি ক্যাডার রয়েছে, যেখানে এ বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য রয়েছে। এ ছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের এসআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এ বিভাগ থেকে পাস করে শিক্ষার্থীরা কাজ করছে। অপরাধ দমনসংক্রান্ত বিভিন্ন এনজিওতে এখন ভালো বেতনে কাজ করার সুযোগ রয়েছে।
পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান।
|গার্হস্থ্য অর্থনীতি
প্রশ্ন: গার্হস্থ্য অর্থনীতি থেকে পড়ে কী কী সরকারি চাকরি পাওয়া যাবে? তা ছাড়া এ বিভাগ থেকে পড়ে আরও কোন ধরনের বেসরকারি চাকরি পাওয়া যাবে?
আফিফা, ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজ।
উত্তর: বর্তমান সময়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ছাত্রীদের চাহিদা রয়েছে অনেক। এ বিভাগ থেকে পাস করে পিএসসির বিভিন্ন পরীক্ষায় ভালো করা যায়। সরকারি-বেসরকারি হাসপাতাল, পুষ্টিবিষয়ক প্রতিষ্ঠানে পুষ্টিবিদ ও পথ্যবিদ হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন এনজিও, ডে কেয়ার সেন্টার, বিভিন্ন প্রতিবন্ধী সেন্টারে শিশুদের সহায়তা করার জন্য এ বিভাগের শিক্ষার্থীদের এখন কাজের অনেক সুযোগ তৈরি হচ্ছে। এ বিভাগের ছাত্রীরা নিজেরা উদ্যোক্তা হয়ে ব্যবসাও করছে। স্বাস্থ্য ও পুষ্টি গবেষণা প্রতিষ্ঠানগুলোতেও এ বিভাগের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকে।
পরামর্শ দিয়েছেন ঢাকা গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নিশাত পারভিন।