আপনার জিজ্ঞাসা
উদ্ভিদবিদ্যা
প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্ভিদবিদ্যা বিষয়ে পড়ছি। এ বিষয়ে পড়ে আমি কী কী ধরনের চাকরি পেতে পারি?
মলয় সাহা, বগুড়া।
উত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের যত কৃষিভিত্তিক উদ্ভিদ গবেষণাপ্রতিষ্ঠান আছে যেমন: ধান গবেষণা, পাট গবেষণা ইত্যাদি প্রতিষ্ঠানে গবেষক হিসেবে কাজ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী এ বিভাগ থেকে নেওয়া হয়। এ ছাড়া দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় এ বিভাগের ছেলেমেয়েরা যুক্ত হচ্ছে। দেশের বাইরেও এ বিভাগের ছেলেমেয়েদের চাহিদা আছে। বিশেষ করে চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া ইত্যাদি দেশের গবেষণাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা করে ভালো অর্থ উপার্জন করা যায়। আর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেকোনো ক্যাডারে চাকরি পেতে পারে এ বিভাগের ছাত্রছাত্রীরা।
পরামর্শ দিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নুরুল আমিন
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স
প্রশ্ন: আমি ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিষয়ে স্নাতক পড়ছি। আমার ভবিষ্যৎ কী?
মাসুদ পারভেজ সবুজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উত্তর: এ বিভাগের ছাত্রছাত্রীদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশের বড় বড় হাসপাতালগুলোতে এ বিভাগের ছাত্রছাত্রীদের ডায়েটেশিয়ান হিসেবে নেওয়া হচ্ছে। এ ছাড়া দেশে যত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, সেখানে এই বিভাগের ছেলেমেয়েরা অগ্রাধিকার পেয়ে থাকে। বর্তমানে বিভিন্ন এনজিওতে এ বিভাগের ছাত্রছাত্রীদের নিউট্রিশন এক্সপার্ট হিসেবে ভালো বেতনে নেওয়া হচ্ছে। বিশেষ করে এনজিওগুলো চর এলাকায় কাজ করার জন্য এ বিভাগের শিক্ষার্থীদের কাজের সুযোগ দিয়ে থাকে। দেশের বাইরেও এদের চাহিদা আছে।
পরামর্শ দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান
মেহেদি মাহমুদুল হাসান।