আপনার দরজায় আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আইনি সেবা শহরকেন্দ্রিক। আইনি অনেক বিষয় নিয়ে সচেতনতার অভাব রয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে। ফলে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এমন ভাবনা থেকেই ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প’ উদ্যোগটির শুরু

তরুণ আইনজীবীরা গ্রামের মানুষকে আইনি পরামর্শ দেন এভাবেই। ছবি: সংগৃহীত
তরুণ আইনজীবীরা গ্রামের মানুষকে আইনি পরামর্শ দেন এভাবেই। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামে মাইকিং হয় হরহামেশাই। কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাইকে যে ঘোষণা শুরু হলো, তা শুনে অবাক গ্রামবাসী। ঢাকা থেকে একদল আইনজীবী এসে আইনি পরামর্শ দেবেন মানুষকে। তা–ও আবার বিনা মূল্যে!
বিনা মূল্যে স্বাস্থ্যসেবার সঙ্গে পরিচিত গ্রামের মানুষ। কিন্তু বিনা মূল্যে আইনি সেবার ব্যাপারটা নতুন তাঁদের কাছে। প্রত্যন্ত গ্রাম কোদালপুর। জমিজমা কিংবা পারিবারিক সমস্যা নিয়ে আইনি জটিলতাও আছে অনেক। আইন নিয়ে ভয় যেমন আছে, তেমনি আছে নানা জিজ্ঞাসা। কিন্তু চাইলেই তো আর আইনি সেবা পাওয়া যায় না এখানে। মাইকের ঘোষণা অনুযায়ী মনে মনে তৈরি হয়ে নিলেন আগ্রহী গ্রামবাসী। ‘ঢাকা থেকে উকিল আসছেন’—স্থানীয় ব্যক্তিদের কাছে এর গুরুত্বই অন্য রকম।
১৪ জুলাই দুপুর থেকেই কোদালপুর গ্রামের বাজারে আসতে শুরু করলেন আগ্রহী ব্যক্তিরা। আগে থেকে জানা থাকায় একদম কাগজপত্র মানে দলিল-পরচা নিয়ে যেমন এসেছেন মানুষ, তেমনি এসেছেন বিভিন্ন জিজ্ঞাসা নিয়েও। অনেকে আবার এসেছেন কেবলই দর্শক হয়ে। তাঁদের ভাবনা অনেকটা ‘দেখি না ব্যাপারটা কী’র মতো।
ঢাকা থেকে আসা আইনজীবীরাও তৈরি হয়ে এসেছেন। একেবারে তাঁদের পেশাগত পোশাকেই। ভ্রমণক্লান্তি ভুলে তাঁরা মনোযোগ দিয়ে শুনলেন স্থানীয় ব্যক্তিদের নানা সমস্যার কথা। তিনটি ছোট দলে ভাগ হয়ে পরামর্শ দেওয়া শুরু করলেন ১২ জন আইনজীবী; যাঁদের অধিকাংশই তরুণ। সাধারণ টেবিল-চেয়ার পরিণত হলো ‘আইন পরামর্শকেন্দ্রে’। সন্ধ্যা সাতটা পর্যন্ত একটানা চলল পরামর্শ, আলোচনা।
তরুণ আইনজীবীদের জন্য এই অভিজ্ঞতাটা অবশ্য নতুন নয়। নিজেদের আইনি সেবাবিষয়ক সংগঠন ‘এইচটিপি (হেল্প দ্য পুওর) ফাউন্ডেশন’-এর হয়ে আগেও এভাবে বিনা মূল্যে আইনি সহায়তা বা ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প’ কার্যক্রম পরিচালনা করেছেন তাঁরা। এটি তাঁদের তৃতীয় আয়োজন। প্রথম আয়োজন ছিল রাজধানীর মিরপুরে, সেখানে পোশাককর্মীদের তাঁরা আইনি সহায়তা দিয়েছিলেন।
বাংলাদেশে আইনি সেবা শহরকেন্দ্রিক। আইনি অনেক বিষয় নিয়ে সচেতনতার অভাব রয়েছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে। ফলে নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এমন ভাবনা থেকেই ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প উদ্যোগটির শুরু। তরুণ আইনজীবী ও এইচটিপি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাখাওয়াত শামীমের মাথায় আসে ভাবনাটা। সঙ্গীদের সঙ্গে আলোচনা করতেই একবাক্যে রাজি সবাই।
ঠিক কোন ব্যাপারটা এমন কাজে উত্সাহী করল তাঁদের? শামীম বলেন, ‘একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৪২ শতাংশ জনগোষ্ঠী অর্থাভাবে আইনের আশ্রয় নিতে পারে না। অথচ এটাও একটি মৌলিক অধিকার। প্রত্যন্ত গ্রামে অন্তত ডাক্তার বা নিদেনপক্ষে জ্বর হলে প্যারাসিটামল কেনার দোকান পাবেন, পাবেন পল্লিচিকিৎসক। কিন্তু গ্রামে আইনি পরামর্শের জন্য একজন আইনজীবী পাবেন না। প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।’
তরুণ এই আইনজীবীদের পর্যবেক্ষণ—আইনি সমস্যা নিয়ে মানুষ বেশ অসহায়। যদিও সরকারিভাবে বিনা মূল্যে আইনি সেবা পাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু কম মানুষই জানেন সেটা। আর সেই সেবা পেতেও যেতে হয় শহরে।

ঢাকার আশুলিয়ায় এক আয়োজনে হাজির আইনজীবীরা
ঢাকার আশুলিয়ায় এক আয়োজনে হাজির আইনজীবীরা

এলাকা নির্বাচনের ক্ষেত্রে তাই উপজেলা শহর থেকেও দূরবর্তী ইউনিয়ন পর্যায়ের হাট এলাকাকে প্রাধান্য দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই নির্ধারিত দিনের আগে করা হয় মাইকিংসহ অন্যান্য প্রচারণা।
এই আয়োজনের নিয়মিত স্বেচ্ছাসেবক আইনজীবী তৌসিফ মাহবুব বলেন, ‘সাধারণত জমিজমা আর পারিবারিক মামলা নিয়েই আসে অধিকাংশ মানুষ।’
আইনজীবীদের সম্পর্কেও নেতিবাচক ধারণা আছে গ্রামের মানুষের। অনেকের ধারণা, আইনজীবীদের সঙ্গে কথা বলতেও বুঝি অনেক টাকা লাগে। তাই প্রতিটি ফ্রি ক্যাম্পেই সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকে। ভবিষ্যতে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে আশা করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
স্বেচ্ছাসেবক নাজমুস সাকিব বললেন, ‘আমরা সাধারণত শুক্র বা শনিবার ক্যাম্প করি। ছুটির দিনে এই ক্যাম্প যদি মানুষকে একটু সেবা দেয়, তবে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
বিনা মূল্যে আইনি সেবা পেয়ে দারুণ খুশি গ্রামের মানুষও। কৃষক কাঞ্চন ব্যাপারী বলেন, ‘এমন উদ্যোগ আগে দেখিনি। আমার মনে হয় নানা রকম আইনবিষয়ক পরামর্শ পেয়ে গ্রামের মানুষ উপকৃত হবে।’
মানুষের উপকারই করতে চান তরুণ এই আইনজীবীরা। দেশের যেকোনো প্রান্ত থেকে সহযোগিতার আশ্বাস পেলেই ছুটে যাবে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম এবং নিজেদের অর্থায়নে পরিচালিত সংগঠনটি। পর্যায়ক্রমে সারা দেশে আইনি সেবা প্রতিষ্ঠা করাই সংগঠনটির লক্ষ্য। সে লক্ষ্যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও পাচ্ছেন স্বেচ্ছাসেবকেরা। পরামর্শ পেয়ে গ্রামবাসী যখন আনন্দে জড়িয়ে ধরেন, কিংবা মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন সুন্দর ভবিষ্যতের, তখন সহজেই ক্লান্তি ভুলে যান তাঁরা। সেই প্রেরণা নিয়েই এগোচ্ছেন তাঁরা। শিগগিরই আবার কোনো এক গ্রামে হয়তো মাইকিং হবে, ‘প্রিয় গ্রামবাসী, বিনা মূল্যে সঠিক আইনি পরামর্শ দিতে আইনজীবীরা আপনার দরজায়...।’