
মাসুদ রানা কি আছে ভেতরে? বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ সেই এজেন্ট? যে শুধু টানে কিন্তু বাঁধনে জড়ায় না? ইচ্ছে হলো জিজ্ঞেস করি কাউকে। কিন্তু জবাব দেবে কে? সবাই তো হাঁ হয়ে বিচিত্র এই গুপ্তচর জাদুঘরের জিনিসপত্র দেখায় ব্যস্ত।
ঘটনাস্থল পটসডামের প্লাটজ, বার্লিন, জার্মানি। চলচ্চিত্র উৎসবের আমেজ চারদিকে। বৃষ্টি-বাদলা উপেক্ষা করে মানুষ ছুটছে সিনেমার টানে। ১৮ ফেব্রুয়ারি স্টেশনের উল্টো দিক দিয়ে রাস্তা পার হচ্ছি, হঠাৎ মনে হলো ধারালো এক জোড়া চোখ আমাকে দেখছে। ভালোমতো চেয়ে দেখি, আদতে বার্লিন, স্পাই মিউজিয়ামের বিলবোর্ড ওটা।
গুপ্তচরের জাদুঘর? যত ব্যস্ততাই থাকুক ওটা তো দেখা চাই-ই চাই। চলচ্চিত্র উৎসবের ছোটাছুটি শেষ হতেই ২১ ফেব্রুয়ারি সরাসরি জাদুঘরে হাজির।
পটসডামের প্লাটজ স্টেশন থেকে মিনিট পাঁচেকের হাঁটা রাস্তা। ঢোকার পথেই গুপ্তচরবৃত্তির ডিজিটাল নিদর্শন। শত শত ভিডিও সার্ভেলেন্স ক্যামেরার ফুটেজ। নিচতলায় গুপ্তচরবৃত্তির ইতিহাস দিয়ে শুরু। ইতিহাস বলছে, সেই খ্রিষ্টপূর্ব ১৪১৯ সালে, মিসরে ফারাওদের আমলেও নজির আছে গুপ্তচরবৃত্তির।
ইতিহাস পেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠলে মূল প্রদর্শনী কক্ষ।
সবুজ আলোর ফাঁদ
প্রায় অন্ধকার করিডর ধরে সন্তর্পণে এগোচ্ছি। সামনে বিছিয়ে আছে সবুজ আলোর ফাঁদ। শরীরের স্পর্শ পেলেই বেজে উঠবে পাগলা ঘণ্টি। ধরা পড়ে যাব শত্রু বাহিনীর হাতে।
খুব সাবধানে এগোলাম এক কদম। সতর্ক চোখ দেয়াল ফুঁড়ে বেরিয়ে আসা সবুজ লেজারের ওপরে। মাথা নিচু করে কোনোমতে আরও এক পা। পারব তো শত্রুর চোখে ধুলো দিতে? তিন কি চার পা এগিয়েছি, কোন ফাঁকে যে অ্যালার্ম বেজে উঠল বুঝতেই পারলাম না। সঙ্গে সঙ্গে হইহই করে পেছন থেকে এগিয়ে এল আরেক দল তরুণ। ওরাও এই লেজার পার হওয়ার খেলা খেলার জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। থাক, গুপ্তচর হওয়া আমার কাজ নয়। স্পাই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ এই লেজার রশ্মির খেলা।
আপনার পাসওয়ার্ড চুরি করতে কতক্ষণ লাগবে?
একটা বড়সড় কম্পিউটার রাখা আছে জাদুঘরে। ওখানে আপনার পাসওয়ার্ড চাপুন, মেশিন আপনাকে মুহূর্তে বলে দেবে একজন হ্যাকারের কত সময় লাগবে এই পাসওয়ার্ড বের করতে। ভয়ে ভয়ে নিজের পাসওয়ার্ড চাপলাম। মুহূর্তেই ফলাফল এল, চার মাস! তার মানে চার মাস ধরে চেষ্টা করলে হ্যাক করা যাবে আমার জিমেইল অ্যাকাউন্ট! কার খেয়েদেয়ে কাজ নেই? কিন্তু যাঁরা ১২৩, অথবা আই লাভ ইউ মার্কা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন তাঁরা অবশ্যই সাবধান। চারপাশে ওত পেতে আছে গুপ্তচর।
ঘুরেফিরে মাসুদ রানার দেখা মিলল না। তবে সামনেই বন্দুক খাড়া করে দাঁড়িয়ে আছে রানার জাত ভাই বন্ড, জেমস বন্ড, ০০৭। জাদুঘরের বড়সড় একটা অংশ বিশ্বের সবচেয়ে খ্যাতিমান এই কাল্পনিক স্পাই বা এজেন্টকে নিয়ে।
গুপ্তচর জাদুঘরের ভিডিওটি দেখুন প্রথম আলো অনলাইনে: (www.prothom-alo.com)
তিন হাজার বর্গফুটের এই জাদুঘর খুব বড় নয়। কিন্তু প্রায় প্রতিটা সংগ্রহই আলাদা করে দাঁড়িয়ে দেখার মতো। জাদুঘরের কিছু অসাধারণ সংগ্রহ এখানে—

ডাকটিকিটের কেরামতি
ভাবছেন মামুলি খাম আর ডাকটিকিট? পেছনেই লুকানো আছে গোপন বার্তা।

গোপন বাদাম
কাজুবাদাম কি কাঠবাদামের ভেতরেও এভাবে লুকিয়ে থাকতে পারে গোপন বার্তা।

চশমা নাকি ক্যামেরা?
সাদাসিধে সুবোধ এক জোড়া চশমা মনে হতে পারে এটাকে। কিন্তু বুঝতেই পারছেন স্পাই মিউজিয়ামে জায়গা পাওয়া এই চশমাটি আসলে গুপ্তচরদের দারুণ পছন্দ ছিল একসময়। চশমার ছদ্মবেশে এটি আসলে ভিডিও মনিটর যন্ত্র। সঙ্গে জুড়ে দেওয়া আছে হার্ডড্রাইভের মতো দেখতে একটা রেকর্ডারও।

বোতাম
বোতামেও লুকানো আছে সংকেত অথবা গোপন বার্তা।

লিপস্টিক ভয়ংকর
এমন একটা লিপস্টিক যদি কারও ব্যাগে থাকে তাহলে কে সন্দেহ করবে? কিন্তু এই লিপস্টিক আসলে একটি পিস্তল। সোভিয়েত সিক্রেট সার্ভিস কেজিবির উদ্ভাবন এটি। ১৯৬৫ সালে বার্লিনে আটক হওয়া একজন গুপ্তচরের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল এ রকম একটি লিপস্টিক।

মামুলি জুতা নয়
ছবি দেখেই বুঝতে পারছেন এই জুতা মামুলি জুতা নয়। বিমানবন্দরে অনেক সময় কেন জুতার হিল পরীক্ষা করে দেখা হয়, এবার বুঝলেন তো?

গুপ্তচর পশুপাখি
মৌমাছি, হাঁস, এমনকি তেলাপোকা থেকেও সাবধান। স্পাই মিউজিয়াম বলছে, এদের প্রশিক্ষণ দিয়ে গুপ্তচরবৃত্তির কাজে লাগানো সম্ভব। অবিশ্বাস্য? তা তো বটেই।