আপনার পাশেই সিআইডি
হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, জালিয়াতির মতো কোনো অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসছে ‘ক্রাইম সিন ভ্যান’ বা অপরাধ সম্পর্কিত আলামত সংগ্রহের গাড়ি। গাড়ি থেকে ঝটপট নামলেন প্রশিক্ষিত একদল পুলিশ কর্মকর্তা। এঁদের হাতে গ্লাভস, নাক-মুখ ঢাকা মাস্কে। এঁদের কেউ ডিজিটাল ক্যামেরায় ছবি তুলছেন, আর কেউ লেগে গেলেন পালিয়ে যাওয়া অপরাধীর হাতের আঙুল, পায়ের ছাপ কিংবা অসাবধানতায় রেখে যাওয়া কোনো আলামতের চিহ্ন শনাক্ত করার কাজে। অবার কেউ খুন হওয়া ব্যক্তি কিংবা ধর্ষিতার শরীর থেকে নানা আলামত সংগ্রহ করে পুরে রাখলেন রাসায়নিক পদার্থভর্তি জার অথবা টিউবে। কাজ শেষ করে তাঁরা আবার উঠে গেলেন সেই গাড়িতে। একটি সুসজ্জিত পরীক্ষাগারে চুলচেরা বিশ্লেষণ করে দ্রুত শুরু করা হবে অপরাধীকে শনাক্ত করা ও গ্রেপ্তারের কাজ।এটা পাশের দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ধারাবাহিক সিআইডির কোনো দৃশ্যের বর্ণনা নয়। এ রকম দৃশ্য এখন দেখা যাবে আপনার চারপাশে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রশিক্ষিত কর্মীরা কোনো অপরাধ সংঘটনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ছুটে যাবেন আপনার আঙিনায়। পুলিশ সূত্র জানায়, সিআইডির সংগ্রহ করা যাবতীয় আলামত ও নমুনা পরীক্ষা করে দেখার জন্য নগরের দামপাড়া এলাকায় তৈরি করা হয়েছে একটি অত্যাধুনিক পরীক্ষাগার। জাপানি সংস্থা জাইকার ২০ কোটি টাকার আর্থিক ও কারিগরি সহায়তায় এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় একটি পাঁচতলা ভবন নির্মাণ, চারটি ক্রাইম সিনভ্যান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ও রাসায়নিক সামগ্রী সংগ্রহ করা হয়েছে। আগামী ৭ জুলাই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ।জানা গেছে, সিআইডির এই পরীক্ষাগারে যাবতীয় রাসায়নিক পরীক্ষা, হাত-পায়ের ছাপ শনাক্ত করা, অপরাধে ব্যবহূত অস্ত্র ও গুলি চিহ্নিত করার কাজ (ব্যালেস্টিক), মানুষের মৃত্যু-অপমৃত্যুর কারণ, শত্রুতাবশত পুকুরের মাছ মারতে ব্যবহূত বিষের ধরন নির্ধারণের সুবিধা আছে। এ ছাড়া আছে জায়গা-জমি, আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত দলিলপত্র, সব ধরনের যানবাহনের ইঞ্জিন-চেসিস জালিয়াতি এবং তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত অপরাধ (সাইবার ক্রাইম) শনাক্ত করার উন্নত মানের প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ সব ধরনের মাদকদ্রব্য এলেই তা আদৌ মাদক কি না তা-ও দ্রুত সময়ের মধ্যে শতভাগ নিশ্চিত হওয়া যাবে এই পরীক্ষাগারে। সিআইডির কর্মকর্তারা স্বীকার করেন, আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পরীক্ষাগার ব্যবহার এবং আলামত ও নমুনা সংগ্রহের অনানুষ্ঠানিক কাজ শুরু হয়েছে প্রায় চার মাস আগে। এরই মধ্যে এই পরীক্ষাগার থেকে সরবরাহ করা হয়েছে দেড় হাজারের বেশি নমুনা ও আলামতের পরীক্ষার ফলাফল। ফলে স্বল্প সময়ের মধ্যে অনেক চাঞ্চল্যকর অপরাধ এবং এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ কাজ করার জন্য ২০-২৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডে। সর্বশেষ ৬ থেকে ১৭ জুন ২২ জনের একটি দল প্রশিক্ষণ নেন মালয়েশিয়ায়। এ প্রসঙ্গে নগর পুলিশের একজন উপকমিশনার (ডিসি) বলেন, ‘আগে অপরাধের আলামত ও ভিসেরা পরীক্ষার জন্য তা ঢাকার মহাখালীতে পাঠাতে হতো। এখন চট্টগ্রামের সিআইডি কার্যালয় থেকে দু-তিন সপ্তাহেই বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা যাচ্ছে। এতে অপরাধ শনাক্ত এবং অপরাধীদের গ্রেপ্তারের কাজ অনেক সহজ হয়ে গেছে।সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম প্রথম আলোকে জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলা এবং দুটি মহানগরের যেকোনো অপরাধসংক্রান্ত প্রাসঙ্গিক সব পরীক্ষা-নিরীক্ষা চট্টগ্রাম নগরের এই সিআইডি পরীক্ষাগারে করা সম্ভব হবে।