আপনার প্রশ্ন, চিকিৎসকের পরামর্শ
স্ত্রীরোগ
l আমার বয়স ১৭ বছর। আমার বয়সী সব মেয়ের পিরিয়ডে অনেক ব্লিডিং হয়। আমার পাঁচ দিন হয়। কিন্তু আমার এত কম ব্লিডিং হয়, যা আমার বয়সী কারোরই হয় না। বয়স অনুপাতে আমার আরেকটু হওয়ার কথা ছিল। এতে কি আমার ভবিষ্যতে সন্তান ধারণে সমস্যা হবে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
পরামর্শ: অনেকের একটু কমই হয়, তাতে সমস্যা নেই। প্রতি মাসে আর সময়মতো হয় কি না, এটাই বড় কথা। সন্তান ধারণের সঙ্গে এর সম্পর্ক নেই। তবে ওজন বৃদ্ধি হলে এ বয়সে পিরিয়ড কমে যেতে পারে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা আছে কি না, তা দেখতে হবে। ওজন কমান।
পরামর্শ দিয়েছেন—ডা. শারমিন আব্বাসী
সহযোগী অধ্যাপক, গাইনি ও প্রসূতি বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
চর্মরোগ
তিন-চার বছর হলো, আমার মাথায় দাদ দেখা দিচ্ছে। কিছুতেই যাচ্ছে না। আমি অনেকবার মাথার চুল ফেলে দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছি, তবু ভালো ফল পাচ্ছি না। মাথার পেছনের অংশ খুব চুলকায়। রক্ত বের হয়। কী করব?
নাম প্রকাশ্যে অনিচ্ছুক, নীলফামারী
পরামর্শ: এটা একধরনের ছত্রাক। নিজোডার শ্যাম্পু সপ্তাহে দুদিন ব্যবহার করুন ৩ মাস। আর সঙ্গে ছত্রাকরোধী মলম চিকিৎসকের পরামর্শে ২ মাস (যেমন-ডিপ্রোসাল লোশন)। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক মো. আসিফুজ্জামান খান
চর্মরোগ বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
উচ্চ রক্তচাপ
আমার মায়ের বয়স ৫২ বছর। ওজন ৮০ কেজি। উচ্চ রক্তচাপ আছে এবং এর জন্য ওষুধ খান। এখন কয়েক মাস যাবৎ বাঁ হাতে ঝিনঝিন করছে। মাঝেমধ্যে অবশ লাগে। স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে। সমাধান কী?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: বয়স ও উচ্চ রক্তচাপের বিবেচনায় এই উপসর্গ হৃদ্রোগের হতে পারে। তাই আপনি ইসিজি করিয়ে একজন মেডিসিন বা হৃদ্রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
পরামর্শ দিয়েছেন—ডা. মো. রাশেদুল হাসান
মেডিসিন বিশেষজ্ঞ
ডায়াবেটিস
আমার বয়স ৪৫। ডায়াবেটিস আছে। অনেক দিন ধরে আমার পায়ের দুই আঙুলের মধ্যে জ্বালাপোড়া হয়, ব্যথা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যথায় হাঁটতেও পারি না। এর আগে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনে খানিক স্বস্তি এলেও পুরোপুরি নিরাময় হচ্ছে না। এখন আমি অন্য কোনো ওষুধ খেতে পারি, যাতে ব্যথা ভালো হয়?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: এটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন হয়। প্রথম কথা হলো, ডায়াবেটিস খুব ভালো করে নিয়ন্ত্রণে আনতে হবে। কিছু ব্যায়াম করতে হবে এবং পায়ের যত্ন নিতে হবে, যা আপনার ডায়াবেটিসের চিকিৎসক শেখাবেন। আর জ্বালা কমাতে প্রিগাবালিন বা গাবাপেনটিন জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শে খেতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. তানজিনা হোসেন
সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।
অ্যালার্জি
আমার বয়স ২০ বছর। দুই বছর ধরে আমার নাকে অ্যালার্জির (ধুলাবালিজনিত) সমস্যা বিদ্যমান। অ্যালার্জির জন্য একটানা হাঁচি হয়, তারপর সর্দি-মাথাব্যথা শুরু হয়। দুবার চিকিৎসকের কাছে গিয়েছি। ওষুধ ও স্প্রে দিয়েছিলেন। কিন্তু ওষুধ শেষ হওয়ার কিছুদিন পরেই আবার হাঁচির সমস্যা শুরু হয়। এই সমস্যার কি কোনো স্থায়ী সমাধান আছে? মাহবুব আলম, নেত্রকোনা
পরামর্শ: আপনার অ্যালার্জিক রাইনাইটিস ও সাইনুসাইটিস আছে। ধুলাবালি এড়িয়ে চলতে হবে। দীর্ঘ মেয়াদে বা বছরের বিশেষ সময়জুড়ে অ্যালার্জির ওষুধ খেতে হতে পারে।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: [email protected]
ফেসবুক পেজ: fb.com/ProShastho/
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫