আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ
২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমি তো উৎসবের আমেজে আছি। আপনি? আশা করি উৎসবের হাওয়া আপনার মধ্যেও সংক্রমিত হয়েছে। আপনার রাশিতে চলতি সপ্তাহে আমি অঢেল আনন্দ দেখতে পাই। এটা একটা গড়পড়তা হিসাব। তাহলেও আমার কথা যাবে না বৃথা। পরীক্ষা প্রার্থনীয়।
বৃষ
২১ এপ্রিল-২১ মে। ভর # ১
একদল কণ্ঠ সংগীতশিল্পী আছেন যাঁরা অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বেসুরো গান করেন। তাঁদের মুখ খিঁচানো বিকৃত গান শোনাটা একটা তিক্ত অভিজ্ঞতার জন্ম দেয়। রুচিশীল বৃষ, চলতি সপ্তাহে এ ধরনের গান শুনলে আপনার বিরক্ত ভাবটা একটু সরিয়ে রাখবেন। এর অর্থ, আজ এবং আগামী সাত দিনে বিকৃত, বেসুরো গান আপনাকে অনেক শুনতে হবে, সহ্য করতে হবে। শুভ হোক।

মিথুন
২২ মে-২১ জুন। ভর # ৬
চলতি সপ্তাহটি মিথুনের একটি সোনামাখা সপ্তাহ হতে যাচ্ছে। আমাদের দেশের একদল মিথুন আছেন যাঁরা নিজের এবং অন্যের মনের মেঘ উড়িয়ে দিতে দক্ষ। এদের আমি এক্সপোর্ট কোয়ালিটির মানুষ বলে চিহ্নিত করতে চাই। কোনো কোনো মিথুনকে চলতি সপ্তাহে আমি মনের আনন্দে সামাজিককতা ও ভ্রমণ করতে দেখি। আপনার জীবন ফুলে ফুলে রঙিন হয়ে উঠুক।
কর্কট
২২ জুন-২২ জুলাই। ভর # ২
অপরাধ নেবেন না, এ সপ্তাহে কেউ আপনাকে ভটাশ করে লাথি মেরে বসতে পারে। প্রিয় কর্কট, হাসিমুখে ব্যথা সইতে পারা একটা বিশাল গুণ। এ কথাটুকু মনে রেখে সপ্তাহ শুরু করুন। মনের কষ্টকে কষ্ট বলেই মনে করবেন না।
সিংহ
২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আনন্দিত মন নিয়ে এগিয়ে চলুন। আনন্দের শক্তি দিয়ে নিরানন্দকে জয় করে নিন। ঘন আনন্দে দিন কাটান, অন্তত চলতি সাত দিন। আমি জানি, আপনার সিংহভাগ ধন্যবাদ আমার কপালে জুটবে।
কন্যা
২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে সামান্য মন খারাপও যেন আপনার হৃদয়কে স্পর্শ করতে না পারে। ওগো নারী কিংবা পুং কন্যা, অযথা মুখটা প্যাঁচার মতো করে রাখবেন না। আপনার সেই মিষ্টি হাসিটা হাসুন। শুভ হোক আপনার।
তুলা
২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার প্রতি আমার বক্তব্য এই যে আপনি যথারীতি হাসিমুখে আসর জমিয়ে রাখবেন। আমি কী করব, এই সাত দিন আপনাকে যে আমি অনুজ্জ্বল অবস্থার মধ্যে দেখতে পাই না। রবীন্দ্রনাথের ভাষায় আপনাকে বলি: তোমারই হোক জয়!
বৃশ্চিক
২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ কী, খুশিতে যে আপনার একদম গদগদ অবস্থা! নাহ, এত বেশি আহ্লাদে গলে যাওয়া আপনাকে মানায় না। চেহারায় একটু সিরিয়াস ভাব জাগিয়ে রাখুন। রাগ করবেন না, দোহাই লাগে!
ধনু
২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু হলেই যে আপনি অঢেল মালকড়ি কামাবেন এমন নয়। তাহলেও বলি, চলতি সপ্তাহে আপনি প্রচুর ‘টাকানন্দে’ দিন কাটাবেন। প্রিয় নাং-পুং (নারী-পুরুষ) ধন্য, জোর করে হলেও হাজার ওয়াটের হাসি নিয়ে সময় অতিক্রম করুন। মনোবিজ্ঞান আমাদের জানায়: অ্যাকশন ফলোজ মাইন্ড, মাইন্ড ফলোজ অ্যাকশন। আয়নার সামনে দাঁড়িয়ে বিনা কারণেই হাসতে থাকলে দেখবেন, এমনিতেই আপনার হাসি পাচ্ছে। বলা বাহুল্য, মুখ পাতিলের মতো করে রাখলে মনটাও ওই রকম হয়ে যাবে। এই প্রক্রিয়াটি সারা জীবন ধরে চালিয়ে যান। সব সময় হাসিখুশি থাকুন।
মকর
২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
টিভিতে দেখি, কলকাতার বাবুদের প্রায় সবারই নাকের নিচে ঝুলছে একখানা গোঁফ। যেকোনোভাবেই হোক এ সংস্কৃতি ওখানে জনপ্রিয়। আপনি যদি পুরুষ হন আর আপনার যদি একখানা মোচ থাকে, তাহলে চলতি সপ্তাহজুড়ে আপনি মুচকি হাসি হাসতে থাকবেন।
কুম্ভ
২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
জীবন চিরদিন কারও একভাবে যায় না: কাভি খুশি কাভি গাম। জোর করে হলেও হাসুন, আনন্দকে টেনে আনুন। এ সপ্তাহে ধনু রাশির খোপটা একবার পড়ে নিন। সবাইকে পড়তে বলুন।
মীন
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
স্কুলজীবনে আমার এক বন্ধু ছিল, অনেক সময় অকারণেই খিলখিল করে হাসত। এক শিক্ষক তার নাম দিয়েছিলেন স্বামী হাস্যানন্দ। মাই ডিয়ার মীন, এ সপ্তাহে আপনার হাসি অন্যের মুখে ছড়িয়ে পড়তে পারে। এই সংক্রামক হাসি দিয়ে চলতি সপ্তাহে আপনি সবাইকে হাসিমুখেই রাখুন। আর খামোখা আমার ওপর রাগ দেখাবেন না। আমি যা বলি আপনাকে আনন্দে রাখার জন্যই বলি।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী