আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
তুমি মেষ। তুমি মচকাও, তবু ভাঙো না। মচকে গিয়ে শপাং করে তীব্র বেগে পুনরায় খাড়া হয়ে ওঠো সব সময়। ‘চির উন্নত মম শির!’ এ শুধু চলতি সপ্তাহের গল্প নয়, সারা জীবনের কাহিনি। তাই মনে রেখো, ‘স্ট্যান্ডআপ রাইট অ্যান্ড স্পিক দ্য ট্রুথ! সোজা হয়ে দাঁড়াও, সত্য কথা বলো।’ (কবি মুহাম্মদ ইকবাল)।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আবার বলছি কবির সুমনের স্বরে-সুরে-উচ্চারণে—‘হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে …।’ আর মহান বৃষ রবিঠাকুরের গানে—‘… রাত্রি এসে যেথায় মেশে/ দিনের পারাবারে/ তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে।’
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন অনেকেই আছেন, তবে নজরুল, চে গুয়েভারা, হেমন্ত মুখোপাধ্যায় কিংবা আপনার মতো মিথুন খুব কমই পাওয়া যাবে। ব্যক্তিগত বেদনার চেয়েও বোধ হয় গভীর ছিল তাঁদের বেদনার বোধ। তাই তাঁদের কাজে ও কণ্ঠে সর্বদা প্রতিধ্বনিত হয়েছে দুঃখ-কষ্ট-যন্ত্রণা। প্রিয় মিথুন, এ সপ্তাহে আপনার কথায় উচ্চারিত হবে অন্যের ব্যথা। আবার সেই কবিগুরুর সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলুন—‘যদি জানতেম আমার কিসের ব্যথা/ তোমায় জানাতাম…’
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
শুনুন প্রিয় তরুণ বয়সী কর্কট-কর্কটিকা, ধরে নিন আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত সাতটি দিন আমি উপহার করেছি আপনাকে। একদম নয়, এক্কেবারে দুইদম গ্যারান্টি দিচ্ছি—পুরো সপ্তাহটা কাটবে আপনার প্যাঁচামুখ নয়, কলকল ঝলমল হাসিমুখ নিয়ে। সপ্তাহান্তে আমাকে এর জন্য ধন্যবাদ দিন কিংবা গালমন্দই করুন, কিস্যু যায়-আসে না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বিশ্বাস করুন, প্রায় ১০ বছর ধরে আমাকে ফোন করেন জনৈক সিংহ রাশির যুবক—সিলেটের কোনো এক গ্রাম থেকে। গোড়া থেকেই তিনি নিজেকে সিংহ রাশির জাতক বলে পরিচয় দেন। গড়গড় করে এক নিশ্বাসে বলেন, আব্বা, আমি ‘সিংগো’ রাশি! চিনছেন তো? আমি তো আবার মেষ রাশির খোপটাও কিইন্না রাখছি। নগদ তিন হাজার দিরহাম শুদ (শোধ) কইরা—হেই ৫০ বছর আগে। আব্বা আফনে বালা আসেন তো? নিজের যত্ন নিবেন। খাওয়াদাওয়ার ‘খষ্ট’ (কষ্ট) হইলে কমলাপুরে আমার তিনটা রেস্টুরেন্ট আছে, ইত্যাদি।… বিশ্বাস করুন মহান সিংহ নারী-পুরুষ, আপনাকে নিয়ে এ আমার সাপ্তাহিক তামাশা নয়। প্লিজ! আপনাকে অপমান করার মতো দুঃসাহস আমার নেই।… শুভ হবে আপনার আজ এবং আগামী।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহটি আমি যুগ্মভাবে কন্যা এবং কর্কট শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, নবীন-প্রবীণ—সব্বাইকে উপহার দিচ্ছি। আজ থেকে আগামী সাতটি দিন আপনার সামনে পাখা মেলে থাকবে এক চলন্ত আনন্দের উড়ন্ত পাখি। যদি তা না ঘটে, তাহলে আমার দুই গালে ঠাস ঠাস লাগাবেন…ইচ্ছামতো। আর যদি আমার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে যায়, তাহলে তো কথাই নেই।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জয় হবে, হবে জয়/ জয় করো সব ভয়। জয় হোক, হোক জয়/ হও তুমি নির্ভয়, একেবারে নির্ভয়, দুর্জয়। বজ্রকঠিন শুভ্র-কোমল তুলা, তোমার জন্য দুয়ার রয়েছে খোলা। এর চেয়ে সহজ করে/ যায় না তো আর বলা। বুঝলে বোঝো, না বুঝিলে তাকিয়ে দ্যাখো দরজা রেখেছি খোলা।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে থেকে নতুনভাবে আপনি হবেন এক দূরের অভিযাত্রী। বুদ্ধিমান বৃশ্চিক, ‘দূরের যাত্রী’ বললাম বলে কাইন্ডলি ধরে নেবেন না যে টিকিট কেটে আপনি উঠে পড়বেন বাস-ট্রেন-স্টিমার কিংবা প্লেনে। সেটা হতেও পারে, আবার নতুন সাফল্যের পথে সামনে এগিয়ে যাওয়া—তা-ও হতে পারে। আমার কথাটা শুনেই আনন্দে-উত্তেজনায় কাঁপতে শুরু করে দেবেন না যেন। প্লিজ।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আমার স্কাউটিংজীবনে গোলাম মোসাব্বের নামে আমাদের এক সিনিয়র স্কাউট ছিলেন দলের অন্যতম উপনেতা। একদিকে পাকিস্তানি নৌবাহিনী-ফেরত নিষ্ঠুর দলনেতা পতন ভাইয়ের মনোদৈহিক নিপীড়ন, অন্যদিকে হাশমত, নাসির, আসদ্দর প্রমুখ উপনেতার ব্লেন্ডার-পেষা মেন্টাল নির্যাতন। মোসাব্বের ছিলেন দলের একমাত্র হারমোনিয়াম বাজিয়ে গানেওয়ালা। আমাদের সব বয়সী স্কাউট ছেলেদের খালি গলায় গান শেখানোর দায়িত্ব ছিল ওর সুপুরুষ কাঁধে। … ‘বহু যুগের ওপার হতে’, মাত্র কদিন আগে ‘আষাঢ় এলো মনে’।… বন্ধুটির ছিল এবং আছে—দুটি সত্তা: বহির্মুখী ও অন্তর্মুখী। হাসে, হাসায়, কাঁদে, কাঁদায়। আর গম্ভীর হলো তো যেন দূরে কোথায় হারিয়ে গেল। যাক গে, স্কাউট ক্যাম্প-ফায়ার হচ্ছে স্কুলের মাঠে, তারাজ্বলা খোলা আকাশের নিচে। আগুন ঘিরে বসেছি আমরা, বসেছেন শহরের ভিআইপিরা, জোড়ায় জোড়ায়। প্রধান অতিথি সস্ত্রীক জেলা প্রশাসক। ‘ভয়ংকর’ শিক্ষক অমরেন্দ্র শ্যাম সবাইকে চমকে দিয়ে গাইছেন—জবাকুসুম তৈল দিলাম…। এরপর পেট্রল লিডার গোলাম মোসাব্বেরের নেতৃত্বে আমাদের কোরাস গান—তোমার বিরহ চোখে আনে জল/ তবু যে মধুর লাগে ইত্যাদি। চেয়ে দেখি জেলা প্রশাসক মহোদয়ের স্ত্রী, পুলিশ সুপারের স্ত্রীসহ অনেক মহিলা হাসতে হাসতে তাঁদের আসন থেকে প্রায় পড়ে যাচ্ছেন।… প্রিয় ধনু, কারণ ছাড়া কি কিছু হয়? চলতি সপ্তাহে আপনাকে নিয়ে কেউ যদি কমপক্ষে মুচকি হাসি হাসে তাইলে আমারে কেউ গালমন্দ কইরেন না। লাভ হবে না।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
খবরদার, আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা না করে আমার উদ্দেশে হুংকার ছাড়বেন না! সপ্তাহের শুরুতেই হাউখাউ করলে আপনার হয়তো আরাম হবে, কিন্তু বাদবাকিদের জান যাবে। তাই প্রিয় এবং অপ্রিয় মকর, আবার বলছি—চোপ!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
ডিয়ার কু-কু-কুম্ভ ম্যা-ম্যা-ম্যাডাম অ্যান্ড মহোদয়, চলতি সাত দিন আপনি রাত-দিন ঘু-ঘু-ঘুমের মধ্যে দু-দু-দুঃস্বপ্ন দেখবেন না। এর দরকার তো নেই। আপনার সাপ্তাহিক লাইফ সাফল্যে আনন্দে ভরে থাকবে, কমপক্ষে শতকরা ৭০ ভাগ।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
অবাক হোন, রাগ করুন, আমাকে গালমন্দ করুন আর যা-ই করুন, আমার একফোঁটাও আপত্তি নেই, তবে চলতি সাতটি দিন আপনাকে চলতে হবে ক্লান্তিবিহীন। শুভ!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী