আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
যাঁরা সংগীতের সঙ্গে যুক্ত কিংবা সংগীত ভালোবাসেন, তাঁরা দীর্ঘজীবী হন বলে মনে হয়। আমি তো ভাবলে তা-ই দেখি। ...প্রিয় মেষ, আপনার সপ্তাহ কাটবে সংগীতের আবহে। ভালো থাকুন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে একটি সাফল্য এসে আপনাকে ভরিয়ে দেবে। এই হচ্ছে আপনার সাপ্তাহিক রাশির অঙ্কের ফল। খুশি থাকুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মানসিক কিংবা জাগতিক যুদ্ধে মিথুন বেশির ভাগ সময়ই জয়ী হয়ে থাকেন। আশা রাখি, চলতি সপ্তাহেও মিথুনের জয় হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আশা থাকলে আশা ভঙ্গের ঘটনাও থাকবে। তবে, চলতি সপ্তাহে কর্কটের আশা ভঙ্গ হওয়ার মতো কিছু দেখা যায় না।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সাহস মানুষের দুর্গম যাত্রার প্রধান সহায়ক। প্রিয় সিংহ, এ সপ্তাহে নিজ সাহসের ওপর নির্ভর করুন। সমস্যা কাটিয়ে আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমি সব সময় বলি, অতীতের মধ্যে বাস করবেন না। বর্তমানের মধ্যে থাকুন আর অতীত মনে রেখে ভবিষ্যতের দিকে অগ্রসর হোন। কথাটা ভালোভাবে বুঝে সপ্তাহ শুরু করুন। আপনার সিদ্ধিলাভ হবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
সমস্যা যত কঠিন হয়, ততই আপনার সর্বোচ্চ শক্তি প্রয়োগের প্রয়োজন হবে। এ সপ্তাহে ওই সর্বোচ্চ শক্তি নিয়ে তৈরি থাকুন। অনেক সাফল্য যখন একসঙ্গে আসে তখন তা অনেক সময় একধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। চলতি সপ্তাহে আপনার এ সমস্যা হতে পারে। কোন সাফল্যের দিকে বেশি মনোযোগ দেবেন... ভেবে নিন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
সতীনাথ মুখোপাধ্যায়ের একটা অসাধারণ গান শুনি: যেমন করে গ্রহণ লাগে চাঁদে, তেমনি তুমি আমায় গ্রহণ করো। জানি না, মহৎ গীতিকারেরা এসব অনবদ্য কথা কোথায় খুঁজে পান। ...প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে একটু কবিতা ও গানের দিকে নজর দিন, লাভ হবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয়কে জয় করুন, সব কাজে আপনি সফল হবেন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
প্রবল ধৈর্য মকরের একটি রাশিগত বৈশিষ্ট্য। প্রিয় মকর, এ সপ্তাহে আপনি একটু ধৈর্য ধরলে অনেক বেশি সাফল্য পাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
পৃথিবীতে মানুষের সব কাজেরই একটি প্রস্তুতি থাকার দরকার হয়। প্রিয় কুম্ভ, চলতি সপ্তাহে একটা বড় কাজের জন্য নিজেকে প্রস্তুত করুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এ সপ্তাহে আপনি মানুষের ভালোবাসায় অভিষিক্ত হবেন। আপনার জন্য আমার কাছে এর চেয়ে ভালো বক্তব্য আর নেই। শুভ হোক।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী